Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:15

[1] সদাপ্রভুর প্রশংসা করো। আকাশমণ্ডল থেকে সদাপ্রভুর প্রশংসা করো; ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।

[2] হে তাঁর সমস্ত স্বর্গদূত, তাঁর প্রশংসা করো; হে তাঁর সমস্ত স্বর্গের বাহিনী, তাঁর প্রশংসা করো।

[3] হে সূর্য ও চন্দ্র, তাঁর প্রশংসা করো; হে উজ্জ্বল সব তারা, তাঁর প্রশংসা করো।

[4] হে ঊর্ধ্বতম স্বর্গলোক, তাঁর প্রশংসা করো হে আকাশের ঊর্ধ্বে জলরাশি, তোমরাও করো।

[5] সকল সৃষ্টবস্তু সদাপ্রভুর নামের প্রশংসা করুক, কারণ তিনি আদেশ করেছিলেন, আর সেইসব সৃষ্টি হয়েছিল,

[6] এবং তিনি তাদের চিরকালের জন্য স্থাপন করেছেন, তিনি এক বিধি দিয়েছেন, যা কখনও লুপ্ত হবে না।

[7] পৃথিবী থেকে সদাপ্রভুর প্রশংসা হোক, হে বিশাল সব সামুদ্রিক জীব এবং অতল মহাসাগর,

[8] বিদ্যুৎ ও শিলাবৃষ্টি, তুষার ও মেঘরাশি, বায়ু ও আবহাওয়া, যারা তাঁকে মান্য করে,

[9] পর্বত ও সকল পাহাড়, ফলের গাছ আর সকল দেবদারু গাছ,

[10] বন্যপশু আর গবাদি পশু, ক্ষুদ্র প্রাণী এবং উড়ন্ত পাখি,

[11] পৃথিবীর রাজাগণ আর সকল জাতি, অধিপতিগণ আর পৃথিবীর সকল শাসক,

[12] যুবকগণ আর যুবতী সকল, প্রবীণ লোকসকল আর সব ছেলেমেয়েরা।

[13] তারা সকলেই সদাপ্রভুর নামের প্রশংসা করুক, কারণ শুধু তাঁরই নাম মহিমান্বিত; তাঁর প্রতিপত্তি পৃথিবী ও আকাশমণ্ডলের ঊর্ধ্বে।

[14] তিনি তাঁর প্রজাদের শক্তিশালী করেছেন, তাঁর বিশ্বস্ত লোকেদের সম্মান প্রদান করেছেন, সকল ইস্রায়েল, যারা তাঁর হৃদয়ের খুব কাছের। সদাপ্রভুর প্রশংসা করো।

গীত — Chapters