[1] হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমাতেই আস্থা রাখি।
[2] আমি তোমাতে আস্থা রাখি; আমাকে লজ্জিত হতে দিয়ো না। আমার শত্রুদের আমার উপর জয়লাভ করতে দিয়ো না।
[3] যারা তোমার উপর আশা রাখে, তারা কখনও লজ্জিত হবে না, কিন্তু যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে তারা লজ্জার পাত্র হবে।
[4] হে সদাপ্রভু, তোমার পথসকল আমাকে দেখাও, তোমার পন্থাসকল আমায় শেখাও।
[5] তোমার সত্যের পথে আমাকে চালাও ও শিক্ষা দাও, কারণ তুমিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা, এবং সারাদিন আমি তোমারই প্রত্যাশায় থাকি।
[6] হে সদাপ্রভু, তোমার মহান দয়া ও প্রেম স্মরণ করো, যা অনাদিকাল থেকে অবিচল।
[7] আমার যৌবনের পাপসকল স্মরণে রেখো না, মনে রেখো না আমার বিদ্রোহী আচরণ; তোমার অবিচল প্রেমের গুণে আমায় মনে রেখো; কারণ, হে সদাপ্রভু, তুমি উত্তম।
[8] সদাপ্রভু উত্তম ও ন্যায়পরায়ণ; তাই তিনি পাপীদের তাঁর পথে চলার উপদেশ দেন।
[9] যারা নম্র তাদের তিনি সঠিক পথে চালনা করেন; এবং তাঁর পথ তাদের তিনি শিক্ষা দেন।
[10] যারা তাঁর নিয়মের শর্তসকল পালন করে তাদের প্রতি সদাপ্রভুর সকল পথ প্রেমময় ও বিশ্বস্ত।
[11] তোমার নামের গুণে, হে সদাপ্রভু, আমার অপরাধ ক্ষমা করো, যদিও সেসব গুরুতর।
[12] তাহলে কে তারা, যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে? তাদের যে পথে চলা উচিত সেই পথ সদাপ্রভু তাদের দেখাবেন।
[13] তারা স্বাচ্ছন্দে তাদের জীবন কাটাবে, এবং তাদের উত্তরপুরুষ দেশের অধিকার পাবে।
[14] যারা তাঁকে সম্ভ্রম করে সদাপ্রভু গুপ্ত বিষয় তাদের কাছে ব্যক্ত করেন; তিনি তাঁর নিয়ম তাদের কাছে প্রকাশ করেন।
[15] আমার চোখ সর্বদা সদাপ্রভুর দিকে স্থির, কারণ তিনিই কেবল শত্রুদের ফাঁদ থেকে আমায় উদ্ধার করবেন।
[16] আমার প্রতি ফিরে চাও ও আমায় কৃপা করো, কারণ আমি একাকী ও পীড়িত।
[17] আমার হৃদয়ের কষ্ট মোচন করো ও মনের যন্ত্রণা থেকে মুক্ত করো।
[18] আমার দুর্দশা ও বেদনার প্রতি দৃষ্টিপাত করো এবং আমার সকল পাপ দূর করো।
[19] দেখো আমার শত্রুরা কত অসংখ্য এবং কি উগ্রভাবে তারা আমায় ঘৃণা করে।
[20] আমার জীবন সুরক্ষিত করো ও উদ্ধার করো; আমাকে লজ্জায় পড়তে দিয়ো না, কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছি।
[21] সততা ও ন্যায়পরায়ণতা আমায় রক্ষা করুক, কারণ, হে সদাপ্রভু, আমি তোমাতেই আশা রাখি।
[22] হে ঈশ্বর, ইস্রায়েলকে মুক্ত করো, তাদের সকল সঙ্কট থেকে!