[1] আমার সমস্ত অন্তর দিয়ে, হে সদাপ্রভু, আমি তোমার স্তব করব; আমি তোমার আশ্চর্য কাজসকল ঘোষণা করব।
[2] আমি আনন্দ করব ও তোমাতে উল্লাস করব; হে পরাৎপর, আমি তোমার নামের প্রশংসাগান করব।
[3] আমার শত্রুরা পরাজয়ে ফিরে যায়; তোমার সম্মুখে তারা হোঁচট খায় ও বিনষ্ট হয়।
[4] কারণ তুমি আমার অধিকার ও বিচার নিষ্পন্ন করেছ, সিংহাসনে বসে তুমি ন্যায্যবিচার করেছ।
[5] জাতিগণকে তুমি তিরস্কার করেছ ও দুষ্টদের বিনষ্ট করেছ; তুমি তাদের নাম চিরতরে নিশ্চিহ্ন করেছ।
[6] অন্তহীন ধ্বংস আমার শত্রুদের উপরে এসেছে, তুমি তাদের নগর ধূলিসাৎ করেছ; এমনকি তাদের সমস্ত স্মৃতিও মুছে ফেলেছ।
[7] সদাপ্রভু যুগে যুগে শাসন করেন; তিনি বিচার করার জন্য তাঁর সিংহাসন প্রতিষ্ঠা করেছেন।
[8] ধার্মিকতায় তিনি জগৎ শাসন করেন এবং মানুষের ন্যায়বিচার করেন।
[9] সদাপ্রভু পীড়িতদের আশ্রয়, সঙ্কটকালে তিনি নিরাপদ আশ্রয় দুর্গ।
[10] যারা তোমার নাম জানে তারা তোমাতেই আস্থা রাখে, কারণ, হে সদাপ্রভু, যারা তোমার অন্বেষণ করে, তাদের তুমি কখনও পরিত্যাগ করোনি।
[11] সিয়োন পর্বতে অধিষ্ঠিত সদাপ্রভুর প্রশংসা করো, সকল জাতির মাঝে তাঁর কাজসকল ঘোষণা করো।
[12] কারণ যিনি হত্যার প্রতিশোধ নেন, তিনি মনে রাখেন, তিনি পীড়িতদের আর্তনাদ অবহেলা করেন না।
[13] দেখো, হে সদাপ্রভু, আমার শত্রুরা কেমন আমাকে অত্যাচার করে! আমাকে দয়া করো ও মৃত্যুর দ্বার থেকে আমাকে উত্তোলন করো,
[14] যেন সিয়োন-কন্যার দুয়ারে আমি তোমার প্রশংসা ঘোষণা করতে পারি, এবং সেখানে তোমার পরিত্রাণে উল্লাস করতে পারি।
[15] জাতিগণ নিজেদের তৈরি গর্তে নিজেরাই পড়েছে; নিজেদের ছড়ানো গোপন জালে তাদের পা আটকে গেছে।
[16] সদাপ্রভু ন্যায়বিচার স্থাপন করতে খ্যাত; দুষ্টরা নিজেদের কাজের ফাঁদে ধরা পড়েছে।
[17] দুষ্টরা পাতালের গর্ভে যায়, যেসব জাতি ঈশ্বরকে ভুলেছে তারাও যায়।
[18] কিন্তু, ঈশ্বর দরিদ্রদের কখনও ভুলবেন না; পীড়িতদের আশা কখনও বিফল হবে না।
[19] জাগ্রত হও, হে সদাপ্রভু, মর্ত্য যেন বিজয়ী না হয়; তোমার সম্মুখে সমস্ত জাতিগণের বিচার হোক।
[20] হে সদাপ্রভু, ভয়ে তাদের কম্পিত করো; সমস্ত লোক জানুক যে তারা কেবল মরণশীল।