[1] সদাপ্রভুর প্রশংসা করো। ন্যায়পরায়ণ লোকেদের সমাবেশে ও মণ্ডলীতে সমস্ত হৃদয় দিয়ে আমি তোমার স্তব করব।
[2] সদাপ্রভুর ক্রিয়াসকল মহান; যারা সেই সবে আমোদ করে তারা সেগুলি বিবেচনা করে।
[3] তাঁর ক্রিয়াকলাপ কত গৌরব ও মহিমাময়, আর তাঁর ধার্মিকতা চিরস্থায়ী।
[4] তিনি তাঁর আশ্চর্য কার্যসকল স্মরণীয় করেছেন; সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল।
[5] যারা তাঁকে সম্ভ্রম করে তিনি তাদের আহার দেন; তিনি তাঁর নিয়ম চিরকাল স্মরণে রাখেন।
[6] অন্যান্য জাতিগণের দেশ তাদের দান করে তিনি তাঁর কর্মের পরাক্রম তাঁর প্রজাদের কাছে প্রকাশ করেছেন।
[7] তাঁর হাতের ক্রিয়াসকল বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ; তাঁর সকল অনুশাসন নির্ভরযোগ্য।
[8] সেগুলি চিরকালের জন্য প্রতিষ্ঠিত, যা বিশ্বস্ততায় ও ন্যায়পরায়ণতায় রচিত হয়েছে।
[9] তিনি তাঁর লোকেদের মুক্তি দিয়েছেন; তিনি চিরতরে আপন নিয়ম স্থির করেছেন, তাঁর নাম পবিত্র ও ভয়াবহ।
[10] সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ; যারা তাঁর অনুশাসন মান্য করে, তাদের উত্তম বোধশক্তি আছে। তাঁর প্রশংসা নিত্যস্থায়ী।