[1] সদাপ্রভু সঙ্কটের দিনে তোমাকে উত্তর দেবেন; যাকোবের ঈশ্বরের নাম তোমাকে রক্ষা করবেন।
[2] তিনি পবিত্রস্থান থেকে তোমাকে সাহায্য করবেন, আর সিয়োন থেকে তোমাকে শক্তি যোগাবেন।
[3] তিনি তোমার সকল বলি স্মরণে রাখবেন ও তোমার হোমবলি গ্রহণ করবেন।
[4] তিনি তোমার হৃদয়ের সকল অভিলাষ পূর্ণ করবেন, এবং তোমার সকল পরিকল্পনা সার্থক করবেন।
[5] তোমার জয়ে আমরা আনন্দগান করব আর আমাদের ঈশ্বরের নামে আমরা বিজয় পতাকা উড়াব। সদাপ্রভু তোমার সকল নিবেদন মঞ্জুর করুন।
[6] এখন আমি জানি: যে, সদাপ্রভু তাঁর অভিষিক্ত ব্যক্তিকে বিজয় প্রদান করেন। তিনি আপন ডান হাতের বিজয়ী শক্তিতে স্বর্গীয় পবিত্রস্থান থেকে তাকে উত্তর দেন।
[7] কেউ রথে এবং কেউ ঘোড়ায় আস্থা রাখে, কিন্তু আমরা সদাপ্রভু আমাদের ঈশ্বরের নামে আস্থা রাখি।
[8] তাদের নতজানু করা হবে ও পতন ঘটবে; কিন্তু আমরা উঠে দাঁড়াব ও দৃঢ়ভাবে দাঁড়াব।
[9] হে সদাপ্রভু, রাজাকে বিজয় প্রদান করো! যখন আমরা সাহায্যের জন্য আর্তনাদ করি, আমাদের উত্তর দিও!