[1] হে সদাপ্রভু, সাহায্য করো, কারণ কেউ আর বিশ্বস্ত নয়; যারা অনুগত তারা মানুষের মধ্য থেকে হারিয়ে গেছে।
[2] সবাই প্রতিবেশীদের কাছে মিথ্যা কথা বলে; তাদের মুখ দিয়ে তারা তোষামোদ করে কিন্তু হৃদয়ে প্রতারণা ধারণ করে।
[3] সদাপ্রভু সব তোষামোদকারীদের মুখ নীরব করেন এবং সব অহংকারী জিভ—
[4] যারা বলে, “আমাদের জিভ দিয়েই আমাদের জয় হবে; আমাদের মুখ আমাদের রক্ষা করবে—কে আমাদের উপর প্রভু হবে?”
[5] “দীনহীনদের লুটপাট করা হচ্ছে ও দরিদ্ররা আর্তনাদ করছে, সেই কারণে আমি এবার জাগ্রত হব,” সদাপ্রভু বলেন। “অনিষ্টকারীদের হাত থেকে আমি তাদের রক্ষা করব।”
[6] সদাপ্রভুর বাক্যসকল নিখুঁত, ধাতু গলাবার পাত্রে পরিষ্কৃত রুপোর মতো, সাতবার শোধিত সোনার মতো।
[7] হে সদাপ্রভু, তুমি দরিদ্রদের নিরাপদে রাখবে এবং দুষ্টদের হাত থেকে চিরকাল আমাদের রক্ষা করবে,
[8] যদিও দুষ্টরা অবাধে ঘুরে বেড়ায় এবং মানবজাতির মধ্যে অধর্মের প্রশংসা করা হয়।