Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:59

[1] সমস্ত পৃথিবী, ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দধ্বনি করো!

[2] তাঁর নামের গৌরব কীর্তন করো; তাঁর প্রশংসা গৌরবান্বিত করো।

[3] ঈশ্বরকে বলো, “কী অসাধারণ তোমার কার্যসকল! এমন তোমার পরাক্রম যে তোমার শত্রুরা তোমার সামনে কুঁকড়ে যায়।

[4] সমস্ত পৃথিবী তোমার সম্মুখে অবনত হয়; তারা তোমার প্রশংসাগান গায়, তারা তোমার নামের প্রশংসাগান গায়।”

[5] এসো আর দেখো ঈশ্বর কী করেছেন, মানুষের জন্য তাঁর অসাধারণ কীর্তি!

[6] তিনি সমুদ্র শুষ্ক জমিতে পরিণত করেন, তারা পায়ে হেঁটে জলের মধ্যে দিয়ে গিয়েছিল— এসো, আমরা ঈশ্বরে আনন্দ করি।

[7] তিনি তাঁর পরাক্রমে চিরকাল শাসন করেন, তাঁর চোখ সব লোকেদের লক্ষ্য করে; বিদ্রোহীরা যেন তাঁর বিরুদ্ধে মাথা তুলে না দাঁড়ায়।

[8] সমস্ত লোক, তোমরা আমাদের ঈশ্বরের প্রশংসা করো, তাঁর প্রশংসার ধ্বনি শোনা যাক;

[9] তিনি আমাদের জীবন সুরক্ষিত করেছেন আর আমাদের পা পিছলে যাওয়া থেকে আমাদের আগলে রেখেছেন।

[10] কারণ তুমি ঈশ্বর, আমাদের পরীক্ষা করেছ; তুমি আমাদের রুপোর মতো পরীক্ষাসিদ্ধ করেছ।

[11] তুমি আমাদের কারাগারে বন্দি করেছ আর আমাদের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছ।

[12] লোকেদের দ্বারা আমাদের মাথা তুমি পিষে ফেলতে দিয়েছ; আমরা আগুন ও জলের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু তুমি আমাদের প্রাচুর্যের স্থানে নিয়ে এসেছ।

[13] হোমবলি নিয়ে আমি তোমার মন্দিরে প্রবেশ করব আর আমার শপথ পূর্ণ করব—

[14] আমার বিপদের কালে যে শপথ আমার ঠোঁট অঙ্গীকার করেছিল আর আমার মুখ উচ্চারণ করেছিল।

[15] আমি তোমার উদ্দেশে হৃষ্টপুষ্ট পশুবলি দেব, আর পুরুষ মেষের নৈবেদ্য; আমি বলদ ও ছাগল উৎসর্গ করব।

[16] তোমরা যারা ঈশ্বরকে সম্ভ্রম করো, এসো আর শোনো; তিনি আমার জন্য কী করেছেন তা আমি তোমাদের বলছি।

[17] আমি তাঁর প্রতি কেঁদেছিলাম আর মুখ দিয়ে প্রার্থনা করেছিলাম; তাঁর প্রশংসা আমার জিভে ছিল।

[18] যদি আমি আমার হৃদয়ে পাপ পুষে রাখতাম, সদাপ্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করতেন না;

[19] কিন্তু ঈশ্বর নিশ্চয় শুনেছেন আর আমার প্রার্থনায় কর্ণপাত করেছেন।

[20] ঈশ্বরের প্রশংসা হোক, যিনি আমার প্রার্থনা অস্বীকার করেননি এবং তাঁর অবিচল প্রেম থেকে আমাকে বঞ্চিত করেননি।

গীত — Chapters