Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:23

[1] হে আমার ঈশ্বর, আমার রাজা, আমি তোমাকে মহিমান্বিত করব; চিরকাল আমি তোমার নামের প্রশংসা করব।

[2] প্রতিদিন আমি প্রশংসা করব আর চিরকাল তোমার নামের উচ্চপ্রশংসা করব।

[3] সদাপ্রভু মহান ও অতীব প্রশংসার যোগ্য; কেউ তাঁর মহানতার পরিমাপ করতে পারে না।

[4] এক প্রজন্ম তাদের সন্তানসন্ততিদের কাছে তোমার কাজের প্রশংসা করবে; আর তোমার পরাক্রমী কার্যাবলি বর্ণনা করবে।

[5] তারা তোমার মহিমার গৌরব ও প্রভা ঘোষণা করবে আর আমি তোমার আশ্চর্য কাজে ধ্যান করব।

[6] আর লোকে তোমার ভয়াবহ কাজের কথা বলবে, আর আমি তোমার মহিমার বর্ণনা করব।

[7] তারা তোমার অজস্র ধার্মিকতা প্রচার করবে, আর মহানন্দে তোমার ন্যায়পরায়ণতার বিষয়ে গান করবে।

[8] সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান।

[9] সদাপ্রভু সকলের প্রতি মঙ্গলময়; আপন সব সৃষ্টির প্রতি তাঁর করুণা অপার।

[10] হে সদাপ্রভু, তোমার সব ক্রিয়াসকল তোমার প্রশংসা করে; তোমার বিশ্বস্ত লোকেরা তোমার উচ্চপ্রশংসা করে।

[11] তোমার রাজ্যের মহিমা তারা প্রচার করে, আর তোমার পরাক্রমের কথা বলে,

[12] যেন সকল মানুষ তোমার পরাক্রমী কার্যাবলি সকল জানতে পারে আর তোমার রাজ্যের অপরূপ প্রতাপের কথা।

[13] তোমার রাজত্ব অনন্তকালস্থায়ী রাজত্ব, আর তোমার আধিপত্য বংশের পর বংশ স্থায়ী। সদাপ্রভু তাঁর সকল প্রতিশ্রুতিতে অবিচল, এবং তিনি যা করেন সবকিছুতেই নির্ভরযোগ্য।

[14] যারা পতনের মুখে, সদাপ্রভু তাদের সকলকে ধরে রাখেন আর যারা অবনত তাদের সকলকে তিনি তুলে ধরেন।

[15] সকলের চোখ তোমার দিকে তাকিয়ে থাকে, আর যথাসময়ে তুমি তাদের খাবার যোগাও।

[16] তুমি তোমার হাত উন্মুক্ত করো, আর সব জীবন্ত প্রাণীর অভিলাষ পূর্ণ করো।

[17] সদাপ্রভু তাঁর সকল কাজে ন্যায়পরায়ণ আর যা করেন সবকিছুতেই বিশ্বস্ত।

[18] সদাপ্রভু সকলের কাছে আছেন যারা তাঁকে ডাকে, সকলের কাছে যারা তাঁকে সত্যে আহ্বান করে।

[19] যারা তাঁকে সম্ভ্রম করে তিনি তাদের আকাঙ্খা পূর্ণ করেন; তিনি তাদের কান্না শোনেন আর তাদের রক্ষা করেন।

[20] যারা তাঁকে ভালোবাসে, তিনি তাদের প্রতি দৃষ্টি রাখেন, কিন্তু সকল দুষ্টদের তিনি ধ্বংস করবেন।

[21] আমার মুখ সদাপ্রভুর প্রশংসা করবে, আর সকল প্রাণী যুগে যুগে ও চিরকাল তাঁর পবিত্র নামের প্রশংসা করবে।

গীত — Chapters