Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:36

[1] যখন আমরা সিয়োনের কথা মনে করতাম ব্যাবিলনের নদীতীরে বসে আমরা কাঁদতাম।

[2] আমরা সেখানে চিনার গাছে বীণা ঝুলিয়ে রাখতাম,

[3] কারণ সেখানে আমাদের বন্দিকারীরা গান শুনতে চাইত, আমাদের অত্যাচারীরা আনন্দের গানের দাবি করত; তারা বলত “সিয়োনের গান, একটি গান আমাদের শোনাও!”

[4] কিন্তু কীভাবে আমরা সদাপ্রভুর গান করব যখন আমরা বিদেশে বাস করি?

[5] হে জেরুশালেম, আমি যদি তোমাকে ভুলে যাই, তবে যেন আমার ডান হাত তার দক্ষতা হারিয়ে ফেলে।

[6] যদি আমি তোমাকে ভুলে যাই, আর যদি আমি জেরুশালেমকে আমার সর্বাধিক আনন্দ বলে গণ্য না করি, তবে যেন আমার জিভ মুখের তালুতে আটকে যায়।

[7] হে সদাপ্রভু, মনে রেখো, যেদিন জেরুশালেমকে বন্দি করা হয়েছিল সেদিন ইদোমীয়রা যা করেছিল। তারা উচ্চকণ্ঠে বলেছিল, “উৎপাটন করো, সমূলে উৎপাটন করো!”

[8] হে ব্যাবিলনের কন্যা, তুমি ধ্বংস হবে, ধন্য সেই যে তোমাকে সেইরূপ প্রতিফল দেবে যেইরূপ তুমি আমাদের প্রতি করেছিলে।

[9] ধন্য সেই যে তোমাদের শিশুদের ধরে আর পাথরের উপরে আছড়ায়।

গীত — Chapters