[1] আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষায় রয়েছে; আমার পরিত্রাণ তাঁর কাছ থেকেই আসে।
[2] সত্যিই তিনি আমার শৈল ও আমার পরিত্রাণ; তিনি আমার আশ্রয় দুর্গ, আমি কখনও বিচলিত হব না।
[3] আর কত কাল শত্রুরা আমাকে লাঞ্ছনা করবে? তোমরা সকলে কি আমাকে নিচে ছুঁড়ে ফেলে দেবে? তাদের কাছে আমি এক ভগ্ন প্রাচীর ও নড়বড়ে বেড়ার মতো!
[4] তারা নিশ্চয় আমাকে আমার উচ্চ স্থান থেকে বিচ্যুত করতে চায়; তারা মিথ্যা কথায় আমোদ করে। তারা মুখ দিয়ে আশীর্বাদ করে, কিন্তু অন্তরে অভিশাপ দেয়।
[5] হে আমার প্রাণ, ঈশ্বরে বিশ্রাম খুঁজে নাও; কারণ তাতেই আমি আশা রেখেছি।
[6] সত্যিই তিনি আমার শৈল ও আমার পরিত্রাণ; তিনি আমার আশ্রয় দুর্গ, আমি কখনও বিচলিত হব না।
[7] আমার পরিত্রাণ ও আমার সম্মান ঈশ্বরের কাছ থেকে আসে; তিনি আমার শক্তিশালী শৈল, আমার আশ্রয়।
[8] হে আমার ভক্তগণ, তাঁর উপর নিয়ত আস্থা রাখো; তাঁরই কাছে তোমাদের হৃদয় ঢেলে দাও, কারণ ঈশ্বর আমাদের আশ্রয়।
[9] সাধারণ মানুষ নিঃশ্বাসমাত্র, সম্ভ্রান্ত মানুষ মিথ্যাতুল্য। যদি দাঁড়িপাল্লায় মাপা যায়, তারা কিছুই নয়; একত্রে তারা সামান্য নিঃশ্বাস।
[10] তোমরা শোষণে নির্ভর কোরো না, অথবা লুন্ঠিত দ্রব্যে ব্যর্থ আশা রেখো না; তোমার ধনসম্পদ বৃদ্ধি পেলেও, তোমার হৃদয় যেন তাতে আসক্ত না হয়।
[11] ঈশ্বর একবার বলেছেন, আমি দুইবার এই কথা শুনেছি: “হে ঈশ্বর, পরাক্রম তোমারই,
[12] আর, হে সদাপ্রভু, অবিচল প্রেম তোমারই” এবং, “তুমি প্রত্যেক মানুষকে তাদের কাজ অনুসারে পুরস্কার দাও।”