Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:58

[1] তোমার প্রতি, হে সদাপ্রভু, আমি প্রার্থনা করি; তুমি আমার শৈল, তুমি আমার প্রতি বধির হোয়ো না। কারণ তুমি যদি নীরব থাকো, আমার দশা তাদের মতো হবে যাদের মৃত্যু হয় ও গর্তে পতিত হয়।

[2] যখন আমি সাহায্যের আশায় তোমাকে ডাকি, যখন তোমার মহাপবিত্র আবাসের দিকে আমি হাত তুলি তুমি আমার বিনতি শ্রবণ করো।

[3] দুষ্টদের ও অধর্মাচারীদের সঙ্গে, আমাকে টেনে নিয়ো না, ওরা প্রতিবেশীদের সঙ্গে বন্ধুর মতো কথা বলে অথচ অন্তরে তারা পরহিংসা পোষণ করে।

[4] তুমি তাদের কাজের ফল প্রদান করো তাদের দুষ্কর্মের প্রতিফল তাদের দাও; তাদের হাতের কাজের প্রতিদান তাদের দাও এবং তাদের যা প্রাপ্য সেইসব তাদের উপর নিয়ে এসো।

[5] সদাপ্রভুর কার্যসকল আর তাঁর হাত যা সাধন করেছে সেইসব তারা সমাদর করে না, তাই তিনি তাদের ধ্বংস করবেন এবং পুনরায় তাদের গড়ে তুলবেন না।

[6] সদাপ্রভুর প্রশংসা হোক, কারণ তিনি আমার বিনতি শুনেছেন।

[7] সদাপ্রভু আমার শক্তি ও আমার ঢাল; আমার হৃদয় তাঁর উপর আস্থা রাখে এবং তিনি আমাকে সাহায্য করেন। আমার হৃদয় আনন্দে উৎফুল্ল এবং গানের মাধ্যমে আমি তাঁর প্রশংসা করি।

[8] সদাপ্রভু তাঁর লোকেদের শক্তি, তাঁর অভিষিক্ত-জনের মুক্তিদুর্গ।

[9] তোমার লোকেদের রক্ষা করো ও তোমার অধিকার আশীর্বাদ করো; তুমি তাদের পালক হও এবং তাদের চিরকাল বহন করো।

গীত — Chapters