Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:33

[1] আমাদিগকে নয়, হে সদাপ্রভু, আমাদিগকে নয়, কিন্তু তোমারই নাম গৌরবান্বিত করো, তোমার প্রেম ও বিশ্বস্ততার কারণে।

[2] জাতিগণ কেন বলে, “তাদের ঈশ্বর কোথায়?”

[3] আমাদের ঈশ্বর স্বর্গে আছেন; তিনি তাঁর ইচ্ছামতই কাজ করেন।

[4] কিন্তু তাদের প্রতিমা সকল রুপো ও সোনা, মানুষের হাতে গড়া।

[5] তাদের মুখ আছে, কিন্তু কথা বলতে পারে না, চোখ আছে, কিন্তু দেখতে পায় না।

[6] তাদের কান আছে, কিন্তু শুনতে পায় না, নাক আছে, কিন্তু গন্ধ পায় না।

[7] হাত আছে, কিন্তু অনুভব করতে পারে না, পা আছে, কিন্তু চলতে পারে না, এমনকি তারা মুখ দিয়ে একটি শব্দ উচ্চারণ করতে পারে না।

[8] যারা প্রতিমা তৈরি করে তারা তাদের মতোই হবে, আর যারা সেগুলির উপর আস্থা রাখে তারা তেমনই হবে।

[9] হে ইস্রায়েল, সদাপ্রভুর উপর আস্থা রাখো— তিনি তাদের সহায় ও ঢাল।

[10] হে হারোণের কুল, সদাপ্রভুর উপর আস্থা রাখো— তিনি তাদের সহায় ও ঢাল।

[11] তোমরা যারা তাঁকে সম্ভ্রম করো, সদাপ্রভুর উপর আস্থা রাখো— তিনি তাদের সহায় ও ঢাল।

[12] সদাপ্রভু আমাদের মনে রাখেন আর আমাদের আশীর্বাদ করবেন: তিনি তাঁর ইস্রায়েল কুলকে আশীর্বাদ করবেন, তিনি হারোণের কুলকে আশীর্বাদ করবেন,

[13] তিনি তাদের আশীর্বাদ করবেন যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে— ক্ষুদ্র কি মহান সকলকে করবেন।

[14] সদাপ্রভু তোমাদের সমৃদ্ধি করুন, তোমাদের ও তোমাদের ছেলেমেয়েদের প্রতি।

[15] তোমরা সদাপ্রভুর আশীর্বাদপ্রাপ্ত, তিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা।

[16] সর্বোচ্চ আকাশমণ্ডল সদাপ্রভুর, কিন্তু তিনি এই পৃথিবী মানুষের হাতে তুলে দিয়েছেন।

[17] যারা মৃত, যারা নীরবতার স্থানে নেমেছে তারা সদাপ্রভুর প্রশংসা করে না।

[18] কিন্তু আমরা সদাপ্রভুর উচ্চপ্রশংসা করব, এখন ও অনন্তকাল পর্যন্ত। সদাপ্রভুর প্রশংসা করো।

গীত — Chapters