[1] সদাপ্রভুর প্রশংসা করো। সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও, তাঁর বিশ্বস্ত ভক্তজনের সমাবেশে তাঁর প্রশংসা করো।
[2] ইস্রায়েল তার সৃষ্টিকর্তায় আনন্দ করুক; সিয়োনের লোকসকল তাদের রাজাতে উল্লাস করুক।
[3] তারা নৃত্যসহকারে তাঁর নামের প্রশংসা করুক আর খঞ্জনি ও বীণা দিয়ে তাঁর উদ্দেশে সঙ্গীত করুক।
[4] কারণ সদাপ্রভু আপন প্রজাগণের প্রতি প্রসন্ন; তিনি নম্রচিত্তদের বিজয় মুকুটে ভূষিত করেন।
[5] তাঁর বিশ্বস্ত ভক্তবৃন্দ তাঁর সম্মানে উল্লাস করুক তারা যখন আপন বিছানায় শুয়ে থাকে তখনও যেন আনন্দগান করে।
[6] ঈশ্বরের প্রশংসা তাদের মুখে ধ্বনিত হোক আর তাদের হাতে উভয় দিকে ধারবিশিষ্ট তরোয়াল,
[7] জাতিগণের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আর লোকেদের শাস্তি দিতে,
[8] তাদের রাজাদের শিকল দিয়ে বাঁধতে, তাদের বিশিষ্ট ব্যক্তিদের লোহার শিকল দিয়ে বাঁধতে,
[9] তাদের বিরুদ্ধে লিখিত বিচার নিষ্পন্ন করতে— এসব তাঁর সমস্ত বিশ্বস্ত ব্যক্তিদের গৌরব। সদাপ্রভুর প্রশংসা করো।