[1] হে ঈশ্বর, জাতিগণ তোমার অধিকারে হানা দিয়েছে; তারা তোমার পবিত্র মন্দিরকে অশুচি করেছে, তারা জেরুশালেমকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
[2] তারা তোমার দাসদের মৃতদেহ আকাশের পাখিদের খাবার জন্য ফেলে দিয়েছে, তোমার লোকেদের মাংস বন্যপশুদের জন্য দিয়েছে।
[3] জেরুশালেমের সর্বত্র তারা জলের মতো রক্ত ছড়িয়েছে, এবং মৃতদেহ সৎকারের জন্য কেউ নেই।
[4] আমরা আমাদের প্রতিবেশীদের মাঝে ঘৃণ্য হয়েছি, চারপাশে লোকেদের কাছে অবজ্ঞা আর উপহাসের পাত্র হয়েছি।
[5] হে সদাপ্রভু, আর কত কাল? তুমি কি চিরকাল ক্রুদ্ধ থাকবে? কত কাল তোমার ঈর্ষা আগুনের মতো জ্বলবে?
[6] যারা তোমার নাম স্বীকার করে না, সেইসব লোকেদের উপর তোমার ক্রোধ ঢেলে দাও, সেইসব জাতির উপর যারা তোমার নাম ধরে ডাকে না,
[7] কারণ তারা যাকোবের কুলকে গ্রাস করেছে এবং তাদের আবাসভূমি বিধ্বস্ত করেছে।
[8] আমাদের পিতৃপুরুষের পাপ আমাদের উপর আরোপ কোরো না; তোমার দয়া শীঘ্রই এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করুক, কারণ আমরা মরিয়া হয়ে আছি।
[9] হে ঈশ্বর আমাদের পরিত্রাতা, তোমার নামের গৌরবার্থে আমাদের সাহায্য করো, তোমার নামের গুণে আমাদের উদ্ধার করো ও আমাদের পাপ ক্ষমা করো।
[10] পরজাতীয়রা উপহাস করে কেন বলবে, “তাদের ঈশ্বর কোথায়?” আমাদের চোখের সম্মুখে, জাতিগণের মাঝে, সকলকে জ্ঞাত করো যে তুমি তোমার ভক্তদাসদের রক্তের প্রতিশোধ নিয়ে থাকো।
[11] বন্দিদের আর্তনাদ তোমার কাছে পৌঁছাক, তোমার বলবান বাহু দিয়ে তাদের বাঁচিয়ে রাখো যাদের মৃত্যুদণ্ড হয়েছে।
[12] হে প্রভু, আমাদের প্রতিবেশীরা, যারা উপহাসে তোমার প্রতি বিদ্রুপ করেছে তার সাতগুণ তুমি তাদের কোলে ফিরিয়ে দাও।
[13] তখন আমরা, তোমার ভক্তজন ও তোমার চারণভূমির মেষপাল চিরকাল তোমার প্রশংসা করব; যুগে যুগে আমরা তোমার স্তবগান করব।