Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:14

[1] আমার প্রতি কৃপা করো, হে আমার ঈশ্বর, আমার প্রতি কৃপা করো, কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত বিপদ কেটে যায় আমি তোমার ডানার ছায়ায় আশ্রয় নেবো।

[2] আমি পরাৎপর ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বরের কাছে যিনি আমার প্রতি তাঁর সঙ্কল্প পূর্ণ করেন।

[3] যারা আমার পশ্চাদ্ধাবন করে তাদের তিরস্কার করে তিনি স্বর্গ থেকে সাহায্য পাঠিয়ে আমাকে রক্ষা করেন; ঈশ্বর তাঁর অবিচল প্রেম ও বিশ্বস্ততা প্রেরণ করেন।

[4] আমি সিংহদের মধ্যে রয়েছি; ক্ষুধার্ত বন্যপশুদের মাঝে বাস করতে আমি বাধ্য হয়েছি— মানুষ যাদের দাঁত বর্শা ও তির, যাদের জিভ ধারালো তরোয়াল।

[5] হে ঈশ্বর, আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত হও; তোমার মহিমা সারা পৃথিবীতে ব্যাপ্ত হোক।

[6] আমার শত্রুরা আমার জন্য এক ফাঁদ পেতেছে— আমি হতাশায় নত হয়েছিলাম। আমার চলার পথে তারা এক গর্ত খুঁড়েছিল— কিন্তু সেই গর্তে তারা নিজেরাই পড়ে গেল।

[7] হে ঈশ্বর, আমার হৃদয় তোমাতে অবিচল রয়েছে, আমার হৃদয় অবিচল; আমি গান ও সঙ্গীত রচনা করব।

[8] জেগে ওঠো, হে আমার প্রাণ! জেগে ওঠো, বীণা ও সুরবাহার! আমি প্রত্যুষকে জাগিয়ে তুলব।

[9] হে সদাপ্রভু, জাতিগণের মাঝে আমি তোমার প্রশংসা করব; লোকেদের মাঝে আমি তোমার স্তব করব।

[10] কারণ তোমার অবিচল প্রেম আকাশমণ্ডল ছোঁয়া; তোমার বিশ্বস্ততা আকাশচুম্বী।

[11] হে ঈশ্বর, আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত হও; তোমার মহিমা সারা পৃথিবীতে ব্যাপ্ত হোক।

গীত — Chapters