Skip to content
Opens in a new window
Listen to this chapter • 8:46

[1] একদিন ইসা উগ্যুয়া শইস্যখেতর মইধ্য দিয়েনে যাইতো আছিল্। য়েই দিনগান জিরাইবার দিন আছিল্। তেঁইর উম্যতঅক্যলর ভুগ লাইগ্যেল্ বুলি য়িতারা ছরা ছিরি ছিরি হ্যাইতো লাগিল্।

[2] য়েগিন দেকিয়েনে ফরিশিঅক্যলে তেঁইরে হইল্, “শরিয়ত মতন জিরাইবার দিনত যেগিন গরন উচিত নঅ, সঅন, অনর উম্যতঅক্যলে য়েগিনই গরের।”

[3] ইসা য়িতারারে হইল্, “দাউদ আর য়িবার উঁয়াইজ্যাঅক্যলর যহন ভোগ লাইগ্যেল্ তহন তেঁই কি গইজ্যেল্ য়িয়ান অনরা ফইজ্যন দে নঅ না? তেঁই তঅ আল্লাহ্‌র ঘরত ঢুকিয়েনে ফবিত্র রুটি হ্যাইয়্যেল্।

[4] নবি দাউদ আর য়িবার উঁয়াইজ্যাঅক্যলর নিচ্যয়ই য়েগিন হ্যঅন উচিত নঅ আছিল্‌, হ্যালি ইমামঅক্যলেই য়েগিন হ্যাইত্ ফাইত্যো।

[5] এগিনবাদে অনরা তোরাত কিতাবত ফইজ্যোন দে নঅ না, জিরাইবার দিনত বায়তুল মোকাদ্যসর ইমামঅক্যলে জিরাইবার দিনর নিয়ম ভাঁগিলেঅ য়িতারার দোষ নঅ অঅ?

[6] আঁই অনরারে হইর, বায়তুল মোকাদ্যসর ত্যুনঅ ডঁর একজন এডে আছে।

[7] ‘আঁই দয়া দেইক্‌তাম চাই, ফশু-হোরবানি নঅ’ - কিতাবর এই হতার অত্য যুদি অনরা জাইন্‌তান তইলে নির্দুষিঅক্যলরে দুষি নঅ গইত্যান।

[8] জানি রাকন, ইব্‌নে–আদমই জিরাইবার দিনর মালিক।”

[9] ফরদি য়েই জাগা ছারিয়েনে ইসা য়েই ফরিশিঅক্যলর মজলিস-হ্যানাত গেল্।

[10] য়েডে একজন মানুষ আছিল্ যিবার উগ্যুয়া আত উয়াই গেইয়্যেল্‌। ইসারে দুষি গরিবার উদ্যেশ্যে ফরিশিঅক্যলে তেঁইরে ফুছার গরিল্, “শরিয়ত মতন জিরাইবার দিনত কি কেউঅরে ভালা গরন উচিত না?”

[11] ইসা য়িতারারে হইল্, “ধরন, অনরার মইধ্যে কেউঅর উগ্যুয়া ভেরা আছে। য়েই ভেরাউয়া যুদি জিরাইবার দিনত গাঁতাত ফরি যাআ তইলে কি তেঁই য়িয়ানরে ধরিয়েনে নঅ তুলিবো না?”

[12] আর ভেরার ত্যুন মানুষর দাম তঅ বউত বেশি। তইলে দেহ্যা যাআ, জিরাইবার দিনত ভালা হাম গরন উচিত।

[13] তারবাদে তেঁই মানুষ্যারে হইল্, “তোঁয়ার আত বারাই দঅ।” য়িবা য়িবার আতগান বারাই দিলে ফর য়িয়ান ভালা অইয়েনে অইন্য আতগানর মতন অই গেল্।

[14] তহন ফরিশিঅক্যলে বাইরে গেল্ আর ইসারে মারি ফেলিবার লাই তেঁইর বিরুদ্যে ফরামশ্য গইত্যো লাগিল্।

[15] য়েই ফরামশ্যর বিষয় জানিত্ ফারিয়েনে ইসা য়েডের ত্যুন গেল্‌গই। তহন বউত মানুষ তেঁইর ফিছদি ফিছদি গেল্।

[16] য়িতারার মইধ্যে যারা বেরাইম্যা আছিল্ তেঁই য়িতারা বেক্যিনরে ভালা গরিল্ আর সাবধান গরি দিল্ যেন্ তেঁইর বিষয়ে য়িতারা হোয়াহই নঅ গরে।

[17] ইয়ান অইল্ যেন্ নবি ইশাইয়ার মইধ্য দিয়েনে এই দে হতা হোয়া অইয়্যেল্ য়িয়ান ফুরন অঅ:

[18] চঅ, আঁর গোলাম যিবারে আঁই বাছি লইয়্যি। ইবাই আঁর মহব্যতর মানুষ যিবার উঅর আঁই খুশি। আঁই তেঁইর উঅরদি আঁর রুহ্ দিয়োম, আর তেঁই অ-ইহুদিঅক্যলর হাছে নিয়াইবিচার ফচার গরিবো।

[19] তেঁই হইজ্যা বা চিল্যাচিল্যি গইত্যো নঅ; তেঁই রাস্তায় রাস্তায় তেঁইর গলার আবাজ উনাইতো নঅ।

[20] নিয়াইবিচাররে বিজয়ি নঅ গরন ফইয্যন্ত তেঁই থেত্‌লাই যঅইন্যা নল ভাইংতো নঅ আর মিটমিটাইয়েনে জলইন্যা সইল্‌তা নিফাইতো নঅ।

[21] তেঁইরই উঅর অ-ইহুদিঅক্যলে আশা রাকিবো।

[22] ফরদি মানুষঅক্যলে ভুতে ফঅইন্যা একজন মানুষরে ইসার হাছে আনিল্। মানুষ্যুয়া আঁধা আর বোবা আছিল্। ইসা য়িবারে ভালা গরিল্।

[23] য়িয়ানে মানুষ্যুয়া হতা হইতো লাগিল্ আর দেকিত্ ফাইল্। তহন বেক মানুষঅক্যলে তাইজ্যব অইয়েনে হইল্, “ইবা কি দাউদর য়েই বংশধর না?”

[24] ফরিশিঅক্যলে এই হতা উনিয়েনে হইল্, “য়িবা তঅ হ্যালি ভুতগিনর বাদশা বেল্‌সবুলর সাইয্যে ভুত ছারাআ।”

[25] ফরিশিঅক্যলর মনর চিন্তা বুঝিত্ ফারিয়েনে ইসা য়িতারারে হইল্, “যে রাইজ্য নিজর মইধ্যে ভাগ অই যাআ য়েই রাইজ্য তচনচ অঅ। আর যে শঅর বা ফরিবার নিজর মইধ্যে ভাগ অই যাআ য়েই শঅর বা ফরিবার নঅ টিগে।”

[26] ইবিলিস যুদি ইবিলিসরেই বাইর গরি দেএ তইলে য়িবা তঅ নিজর মইধ্যেই ভাগ অই গেল্। তইলে তার রাইজ্য টিগিবো কেন্ গরিয়েনে?

[27] আঁই যুদি বেল্‌সবুলর সাইয্যেই ভুত ছারাই তইলে অনরার মানুষঅক্যলে হার সাইয্যে য়েগিনরে ছারাআ? অনরা ঠিগ হতা হইতা লাইগ্যোন কিনা, অনরার মানুষঅক্যলেই য়িয়ান বিচার গরিবো।

[28] কিন্তু আঁই যুদি আল্লাহ্‌র রুহ্‌র সাইয্যে ভুত ছারাই তইলে আল্লাহ্‌র রাইজ্য তঅ অনরার হাছে আই গেইয়্যে।

[29] “যে মানুষর গাআত বল আছে য়িবারে ফইল্যা বাঁধি নঅ রাকিলে কেউ কি য়িবার ঘরত ঢুকিয়েনে জিনিসফত্র লুট গরিত্ ফারে না? বাঁধিলে ফরেই য়িবা য়েইল্যা গরিত্ ফারিবো।

[30] “যুদি কেউ আঁর ফক্যে নঅ থাকে তইলে য়িবা আঁর বিফক্যে আছে। যিবা আঁর লগে নঅ টোআ য়িবা ছিঁডাআ।

[31] ইয়ানর লাই আঁই অনরারে হইর,, মানুষর বেক গুনাহ্ আর কুফরি মাফ গরা অইবো, কিন্তু ফাক-রুহ্‌র বিরুদ্যে কুফরি মাফ গরা অইতো নঅ।

[32] ইব্‌নে আদমর বিরুদ্যে কেউ হনঅ হতা হইলে য়িবারে মাফ গরা অইবো, কিন্তু ফাক-রুহ্‌র বিরুদ্যে হতা হইলে য়িবারে মাফ গরা অইতো নঅ - এই যুগতঅ নঅ, সাম্‌নর যুগতঅ নঅ।

[33] “এই হতা সিকার গরন দে, গাছ ভালা অইলে য়িয়ানর ফলঅ ভালা অইবো, আবার গাছ হ্যারাফ অইলে য়িয়ানর ফলঅ হ্যারাফ অইবো; হারন ফল দিয়েনেই গাছ চিনা যাআ।

[34] আঁফর বংশধরঅক্যল! নিজরা হ্যারাফ অইয়েনে কেন্ গরি অনরা ভালা হতা হইত্ ফারন? মানুষর দিল্ যেগিন দিয়েনে ভরা থাকে মুক তঅ য়েই হতাই হঅ।

[35] ভালা মানুষ য়িবার দিল্ ভরা ভালার ত্যুন ভালা হতা বাইর গরে, আর হ্যারাফ মানুষ য়িবার দিল্ ভরা হ্যারাফির ত্যুন হ্যারাফ হতা বাইর গরে।

[36] কিন্তু আঁই অনরারে হইর, মানুষে যেতাক্যিন বাজো হতা হঅ, রোজ আঁশরত য়িবার ফত্যিউয়া হতার ইসাব য়িতারার ত্যুন দঅন ফরিবো।

[37] অনর হতা দিয়েনেই অনরে নিদ্যোষ হোয়া অইবো আর অনর হতা দিয়েনেই অনরে দুষি হোয়া অইবো।”

[38] ইয়ার ফরদি হয়েকজন আলেম আর ফরিশি ইসারে হইল্, “উজুর, আঁরা অনর হাছর ত্যুন উগ্যুয়া চিন্য দেইক্‌তাম চাই।”

[39] ইসা য়িতারারে হইল্, “এই হালর দুষ্ট আর বেইমান মানুষঅক্যলে চিন্যর তালাইশ গরে, কিন্তু ইউনুস নবির চিন্য বাদে আর হনঅ চিন্যই য়িতারারে দেহ্যানো অইতো নঅ।

[40] ইউনুস যেইল্যা য়েই মাছর ফেডত তিন দিন আর তিন রাইত আছিল্ ইব্‌নে আদমঅ য়েইল্যা তিন দিন আর তিন রাইত মেডির নিচে থাকিবো।

[41] রোজ আঁশরত নিনেভে শঅরর মানুষঅক্যলে উঢিয়েনে এই হালর মানুষঅক্যলর দোষ দেহ্যাই দিবো, হারন নিনেভের মানুষঅক্যলে ইউনুসর তবলিগর হারনে তঅবা গইজ্যেল্। আর সঅন, এডে ইউনুসর ত্যুন আরও বিরাট একজন আছে।

[42] রোজ আঁশরত সাবা দেশর রানি উঢিয়েনে এই হালর মানুষঅক্যলর দোষ দেহ্যাই দিবো, হারন বাদশা সোলায়মানর গেয়ানর হতাবাত্যা উনিবার লাই তেঁই দুনিয়ার শেষ সিমানার ত্যুন আইস্যেল্। আর সঅন, এডে সোলায়মানর ত্যুন আরও বিরাট একজন আছে।

[43] “যহন হনঅ ভুত হনঅ মানুষর মইধ্যর ত্যুন বাইর অই যাআ তহন য়িবা জিরাইবার তালাইশে উয়ানা জাগার মইধ্য দিয়েনে ঘুরাফিরা গইত্যো থাকে।

[44] কিন্তু য়েগিন নঅ ফাইয়েনে য়িবা হঅ, ‘যেডের ত্যুন বাইর অইয়েনে আস্যি আঁর য়েই ঘরতই আঁই ফিরি যাইয়োম।’ য়িবা ফিরি আইয়েনে য়েই ঘর হ্যালি, ফরিষ্কার ও সাজাইন্যা দেকিত্ ফাআ।

[45] ফরদি য়েই ভুত যাইয়েনে নিজর ত্যুনঅ হ্যারাফ আরো সাত্যুয়া ভুত লগে লই আইয়্যে আর য়েডে ঢুকিয়েনে বসবাস গইত্যো থাকে। য়িয়ানত য়েই মানুষ্যার ফইল্যা দশার ত্যুন শেষ দশা আরো হ্যারাফ অই উঢে। এই হালর দুষ্ট মানুষঅক্যলর অবস্তাঅ য়েইল্যাই অইবো।”

[46] ইসা যহন মানুষঅক্যলর লগে হতা হইতো আছিল্ তহন তেঁইর মা আর ভাইঅক্যলে তেঁইর লগে হতা হইবার লাই বাইরে থিয়াই আছিল্।

[47] হনঅ একজন মানুষ য়িবারে হইল্, “সঅন, অনর মা আর ভাইঅক্যলে অনর লগে হতা হইবার লাই বাইরে থিয়াই থাইক্যে।”

[48] তহন ইসা য়িবারে হইল্, “হঅন আঁর মা, আর আঁর ভাইঅক্যলই বা হারা?”

[49] ফরদি তেঁই তেঁইর উম্যতঅক্যলরে দেহ্যাইয়েনে হইল্, “এই চঅ, আঁর মা আর আঁর ভাইঅক্যল;

[50] হারন যারা আঁর বেহেস্‌তি বাবার ইছ্যা ফালন গরে য়িতারাই আঁর ভাই, বোইন আর মা।”

ফইল্যা লম্বর সিফারা: মতি — Chapters