[1] তহন অননিয় নামর একজন মানুষ আর য়িবার বউ সাফিরা এক্যান সম্বত্যি বেচি ফেলিল্।
[2] য়িবার বউঅর জানামতেই বেচার টিঁয়ার কিছু অংশ য়িবা নিজর লাই রাকিয়েনে বাকি টিঁয়া সাআবিঅক্যলরে দিল।
[3] তহন ফিতর হইল্, “অননিয়, কেন্ গরিয়েনে ইবিলিস তোঁয়ার মন এন্ গরিয়েনে অধিকার গরিল্ দে, তুঁই ফাক-রুহ্র হাছে মিছা হতা হইলা আর জমি বেচার টিঁয়ার ত্যুন কিছু টিঁয়া নিজর লাই রাকি দিলা?
[4] বেচিবার আগদি জমিগান কি তোঁয়ারই নঅ আছিল্ না? আর বেচিবার ফরদিঅ কি টিঁয়াগিন তোঁয়ার আতত্ই নঅ আছিল্ না? তইলে তুঁই কিল্যাই এন্ হাম গরিবা বুলিয়েনে ঠিগ গইল্যা? তুঁই মানুষর হাছে মিছা নঅঅ হঅ, কিন্তু আল্লাহ্র হাছে মিছা হতা হইয়্যো।”
[5] এই হতা উনন্মাত্র অননিয় মেডিত ফরি মারা গেল্। এই ঘটনার হতা যারা উনিল্ য়িতারা বেক্যিনে বঅর বেশি ডরাইল্।
[6] ফরদি জোয়ান ফোয়াঅক্যলে উঢিয়েনে য়িবার গাআত হাফন দিয়েনে ফেঁসাইল্ আর বাইরদি লই যাইয়েনে য়িবারে দাফন গরিল্।
[7] ইয়ার অনুমান তিন ঘন্টা ফরদি অননিয়র বউ য়েডে আইল্, কিন্তু কি ঘইট্যে য়িয়ান য়িবা নঅ জাইন্তো।
[8] তহন ফিতর য়িবারে ফুছার গরিল্, “হঅ চাই, তুঁই আর অননিয় য়েই জমিগান কি এত টিঁয়া দি বেচ্যিলা না?” য়িবা হইল্, “জি, এত টিঁয়া দি।”
[9] তহন ফিতর য়িবারে হইল্, “মাবুদর রুহ্রে ফরিক্যা গরিবার লাই কিল্যাই তোঁয়ারা একমত অইলা? চঅ, যে মানুষঅক্যলে তোঁয়ার জামাইরে দাফন গইজ্যে য়িতারা দরজার হাছে আইয়েনে ফোঁইছ্যে, আর য়িতারা তোঁয়ারেঅ বাইরদি লই যাইবো।”
[10] সাফিরা তহনই ফিতরর ঠেংগর হাছে ফরি মারা গেল্। আর য়েই জোয়ান ফোয়াঅক্যলে ভিতরে আইয়েনে য়িবারে মরা অবস্তাত্ দেকিল্ আর য়িবারে বাইরদি লই যাইয়েনে য়িবার জামাইর ফাশদি দাফন গরিল্।
[11] তহন জামাতর বেক মানুষঅক্যলে আর অইন্য যারা য়েই হতা উনিল্ বেক্যিনে বঅর ডরাইল্।
[12] সাআবিঅক্যলে মানুষঅক্যলর মাঝে বউত কেরামতি আর চিন্য-হাম গইত্যো; আর ইমানদারঅক্যল বেক্যিনে বায়তুল-মোকাদ্যসর সোলায়মানর বারান্দাত একলগে মিলিত অইতো।
[13] যুদিঅ মানুষঅক্যলে য়িতারারে বউত সম্যান গইত্যো তঅঅ আর কেউ য়িতারার লগে যোগ দিতো সঅস নঅ গরিল।
[14] তইলেঅ বউত মরতফোয়া আর মাইয়্যাফোয়া ফভুর উঅর ইমান আনিল্ আর ইমানদার দলর লগে যুক্ত অইল্।
[15] সাআবিঅক্যলে যেগিন গইত্যো আছিল্ য়েগিন দেকিয়েনে মানুষঅক্যলে হ্যাটর উঅরদি আর চাডাইর উঅরদি গরিয়েনে বেরাইম্যাঅক্যলরে আনিয়েনে রাস্তাত রাস্তাত রাইকতো লাগিল্, যেন্ রাস্তা দিয়েনে যাইবার সমত ফিতরর ছায়াগান অন্তত য়িতারার কেউঅর কেউঅর উঅরদি ফরে।
[16] জেরুজালেমর আশফাশর গেরামিগনর ত্যুন বউত মানুষ য়িতারার বেরাইম্যাঅক্যলরে আর ভুতর আতত্ হষ্ট-ফঅইন্যা মানুষঅক্যলরে আনিয়েনে ভিড় গইত্যো লাগিল্, আর য়িতারা বেক্যিনে বেরামর ত্যুন ভালা অইল্।
[17] তহন মআ-ইমাম আর তেঁইর লগর সদ্যুকি দলর মানুষঅক্যলে ইংসাত জলি উঢিল্।
[18] য়িতারা সাআবিঅক্যলরে ধরিয়েনে সরকারি জেলহ্যানাত দিল্।
[19] কিন্তু রাতিয়া মাবুদর একজন ফেরেস্তা জেলহ্যানার দরজাগিন খুলি য়িতারারে বাইরদি আনিয়েনে হইল্,
[20] “যঅ, বায়তুল-মোকাদ্যসত থিয়াই মানুষঅক্যলর হাছে আখেরি জিবন সম্যন্দে বেক হতা হঅ।”
[21] য়িতারা য়েই হতামতন বেইন্যা ফজরত বায়তুল-মোকাদ্যসত ঢুকিয়েনে মানুষঅক্যলরে শিক্যা দিতো লাগিল্। ইক্যাদি মআ-ইমাম আর তেঁইর লগর সদ্যুকিঅক্যলে ডঁর মিটিং ডাকিল্, মানি ইসরাইলিয় বুরা নেতাঅক্যলর গোডা দলগানরে ডাকিল্। তারফর য়িতারা সাআবিঅক্যলরে লই আইবার লাই হয়েকজন হর্মচারি ফাটাইল্,
[22] কিন্তু য়েই হর্মচারিঅক্যলে জেলহ্যানাত যাইয়েনে য়েডে য়িতারারে নঅ ফাইল্।
[23] তহন য়িতারা ফিরি যাইয়েনে এই হ্যবর দিল্, “আঁরা দেকিলাম জেলর দরজাত্ শক্ত গরিয়েনে তালা দেয়া আছে আর দরজাত্ দরজাত্ ফাআরাদার থিয়াই আছে, কিন্তু দরজা খুলি কেউরেই ভিতরে দেকিত্ নঅ ফাইলাম।”
[24] এই হতা উনিয়েনে বায়তুল-মোকাদ্যসর মেইন হর্মচারি আর মেইন ইমামঅক্যলে বুদ্যিআরা অইয়েনে ভাইব্তো লাগিল্ ইয়ানর ফল কি অইবো।
[25] তহন একজন মানুষ আইয়েনে হইল্, “সঅন, যে মানুষঅক্যলরে অনরা জেলহ্যানাত দিয়্যিলান য়িতারা বায়তুল-মোকাদ্যসত থিয়াইয়েনে মানুষঅক্যলরে শিক্যা দেএর।”
[26] তহন মেইন হর্মচারি তেঁইর অধিন হর্মচারিঅক্যলরে লই যাইয়েনে সাআবিঅক্যলরে ধরি আনিল্। কিন্তু মানুষঅক্যলে য়েই হর্মচারিঅক্যলরে ফাত্যোর মারিত্ ফারে য়েই ডরে য়িতারা সাআবিঅক্যলর উঅর হনঅ জবরদস্তি নঅঅ গরে।
[27] সাআবিঅক্যলরে আনিয়েনে য়িতারা ডঁর মিটিংগর সাম্নদি থিয়া গরাইল্। তহন মআ-ইমাম সাআবিঅক্যলরে হইল্,
[28] “য়েই মানুষর বিষয় শিক্যা নঅ দিবার লাই আঁরা তোঁয়ারারে হরা উকুম দিয়্যিলাম, কিন্তু তোঁয়ারা তোঁয়ারার শিক্যাত জেরুজালেম ভরাই ফেইল্যো আর য়েই মানুষর মরনর লাই আঁরারে দায়ি গইত্যা চাইতা লাইগ্যো।”
[29] তহন ফিতর আর অইন্য সাআবিঅক্যলে জোয়াব দিল্, “মানুষর উকুম ফালন গরিবার ত্যুন বরং আল্লাহ্র উকুমই আঁরার ফালন গরন উচিত।
[30] যিবারে অনরা কুরুশত টাংগাইয়েনে মারি ফেল্যিলান আঁরার ফুর্বফুরুষঅক্যলর আল্লাহ্ য়েই ইসারেই মরনর ত্যুন জিন্দা গরি তুইল্যে।
[31] আল্লাহ্ তেঁইরেই বাদশা আর নাজাতদাতা ইসাবে নিজর ডাইন ফাশদি বোইবার গোরব দান গইজ্যে, যেন্ তেঁই বনি-ইসরাইলঅক্যলরে তঅবা গরিবার সুযোগ দিয়েনে গুনাহ্র মাফ দান গরিত্ ফারে।
[32] আঁরা এগিন বেক্যিনর সাক্যি আর যারা আল্লাহ্র বাইধ্য অঅ, আল্লাহ্ য়িতারারে যে ফাক-রুহ্ দিয়্যে য়েই ফাক-রুহ্অ য়েগিনর সাক্যি।”
[33] এই হতা উনিয়েনে য়েই নেতাঅক্যলে গোস্যায় আগুন অই গেল্ আর সাআবিঅক্যলরে মারি ফেইল্তো চাইল্,
[34] কিন্তু গমলিয়েল নামর ফরিশি দলর একজন মানুষ ডঁর মিটিংগর মাঝে উঢিয়েনে থিয়াইল্। তেঁই একজন আলেম আছিল্ আর বেক্যিনে তেঁইরে সম্যান গইত্যো। তেঁই সাআবিঅক্যলরে কিছুক্যনর লাই বাইরদি রাইক্তো উকুম দিল্।
[35] তারফরদি তেঁই ডঁর মিটিংগর মানুষঅক্যলরে হইল্, “বনি-ইসরাইলঅক্যল, এই মানুষঅক্যলর উঅরদি তোঁয়ারা যেগিন গইত্যা যাইতা লাইগ্যো য়েই বিষয়ে সাবধান অঅ।
[36] এই তঅ কিছু দিন আগদি থুদা নামর একজন মানুষ আইয়েনে নিজরে বিশেষ একজন বুলিয়েনে দাবি গইজ্যেল্, আর হমবেশ চাইরশ মানুষ য়িবার লগে যোগ দিয়্যেল্। য়িবারে মারি ফেলা অইয়্যে আর য়িবার বেক উঁয়াইজ্যাঅক্যলে ছরাই-ছিঁডাই ফইজ্যে। ইয়ানত য়িবার বেক কিছুই বিফল অইয়্যে।
[37] তারফর আদমশুমারির সমত গালিলর এহুদা আইয়েনে এক দল মানুষরে বিদ্রোয়ি গরি তুইল্যেল্। য়িবাঅ মারা গেইয়্যে, আর য়িবার উঁয়াইজ্যাঅক্যলঅ বেক্যিনে ছরাই-ছিঁডাই ফইজ্যে।
[38] য়িয়ানর লাই এই অবস্তাত্ আঁই তোঁয়ারারে হইর, তোঁয়ারা এই মানুষঅক্যলর উঅর কিছু নঅ গইজ্যো। ইতারারে ছারি দঅ, হারন ইতারার উদ্যেশ্য আর হামহরজ যুদি মানুষর ত্যুন অই থাকে তইলে য়িয়ান তচনচ অইবো।
[39] কিন্তু যুদি আল্লাহ্র ত্যুন অই থাকে তইলে তোঁয়ারা ইতারারে থামাইত্ ফাইত্যা নঅ। অঅত দেকিবা তোঁয়ারা আল্লাহ্র বিরুদ্যেই যুদ্য গইত্যা লাইগ্যো।”
[40] তহন গমলিয়েলর হতাত নেতাঅক্যলে একমত অইল্। য়িতারা সাআবিঅক্যলরে ভিতরে ডাকি আনিয়েনে বেত মাইত্যো উকুম দিল্। তারফরদি য়িতারা তারারে ছারি দিল্ আর উকুম দিল্ যেন্ য়িতারা ইসার বিষয়ে হনঅ হতা নঅ হঅ।
[41] ইয়ানত ইসার নামর লাই সাআবিঅক্যলে যে অফমান ভোগ গরিবার যোইগ্য অইয়্যে য়িয়ানর লাই আনন্দ গইত্যে গইত্যে য়িতারা ডঁর মিটিং ছারিয়েনে গেল্ গই।
[42] য়িতারা ফত্যি দিন বায়তুল-মোকাদ্যসত ও বাড়িত্ বাড়িত্ যাইয়েনে শিক্যা দিতো লাগিল্ আর ইসাই দে মসিহ্ এই সুহ্যবর তবলিগ গইত্যো থাকিল্।