Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:29

[1] তারফর আঁই চাই দেকিলাম, য়েই ভেরার বাইচ্যা সিয়োন ফাআরর উঅরদি থিয়াই আছে। তেঁইর লগে আছে এক লাক চুচল্ল্যিশ আজার মানুষ। য়িতারার হোয়ালত্ ভেরার বাইচ্যা আর তেঁইর বাবার নাম লেহ্যা রইয়্যে।

[2] তারফর আঁই বেহেস্‌তর ত্যুন জোরে বোই যইন্যা স্রোতর আবাজর মতন আর জোরে ঠাঢার ফরিবার আবাজর মতন উগ্যুয়া আবাজ উনিলাম। যে আবাজ আঁই উনিলাম য়িয়ান আছিল্ বিনা বাজাইন্যাঅক্যলর বিনার আবাজর মতন।

[3] য়েই সিংহাসন আর য়েই চাইরজন ফ্রানি ও য়েই নেতাঅক্যলর সাম্‌নদি য়িতারা উগ্যুয়া নয়া হাউয়ালি গাইতো আছিল্। কেউ য়েই হাউয়ালি শিকিত্ নঅ ফারিল্; হ্যালি য়েই এক লাক চুচল্ল্যিশ আজার মানুষ, যারারে দুনিয়ার মানুষঅক্যলর মইধ্যর ত্যুন কিনি লোয়া অইয়্যেল্ য়িতারাই শিকিত্ ফারিল্।

[4] ইতারা য়েই মানুষঅক্যল, যারা মাইয়্যাফোয়াঅক্যলর লগে জেনা গরিয়েনে নিজরারে নাফাক নঅঅ গরে। যেডে ভেরার বাইচ্যা যাআ য়িতারা তেঁইর ফিছদি ফিছদি যাআ। আল্লাহ্ আর ভেরার বাইচ্যার হাছে ফইল্যা ফল ইসাবে হোরবানি দিবার লাই মানুষঅক্যলর মইধ্যর ত্যুন য়িতারারে কিনি লোয়া অইয়্যেল্।

[5] য়িতারা হনঅ দিনঅ মিছা হতা নঅঅ হঅঅ, আর য়িতারার মাঝে হনঅ দোষ ফাআ নঅঅ যাআ।

[6] তারফর আঁই আর একজন ফেরেস্‌তারে আসমানর বউত উঁচুলত উইত্যো দেকিলাম। দুনিয়াত থাকইন্যা মানুষঅক্যলর হাছে, মানি ফত্যি জাতি, বংশ, ভাষা আর দেশর মানুষঅক্যলর হাছে তবলিগ গরিবার লাই তেঁইর হাছে চিরহালর সুহ্যবর আছিল্।

[7] তেঁই জোরে জোরে এই হতা হইতো আছিল্, “আল্লাহ্‌‍রে ডরঅ আর তেঁইর ফশংসা গর, হারন বিচার গরিবার সময় আই গেইয়্যে। যিবা আসমান, জবিন, সমুদ্র আর ঝন্যা সিষ্টি গইজ্যে তেঁইর এবাদত গর।”

[8] ফরদি দিতিয় আর একজন ফেরেস্‌তা তেঁইর ফিছদি ফিছদি আইয়েনে হইল্, “য়েই নাম-গরা বেবিলন শঅর তচনচ অই গেইয়্যে। যে শঅর য়িয়ানর জেনার ভয়ংকর মদ বেক জাতিরেই হ্যাবাইয়্যে য়েই শঅরগান তচনচ অই গেইয়্যে।”

[9] ইয়ার ফরদি তিতিয় আর একজন ফেরেস্‌তা য়িতারার ফিছদি ফিছদি আইয়েনে জোরে হইল্, “কেউ যুদি য়েই জন্তু আর য়িয়ানর মুত্যির ফুজা গরে আর য়িয়ানর চিন্য হোয়ালত্ বা আতত্ গ্রঅন গরে,

[10] তইলে য়িবার ত্যুন আল্লাহ্‌র গজবর মদ হ্যঅন ফরিবো। এই মদর লগে ফানি নঅ মিশাইয়েনে আল্লাহ্‌র গজবর ফেঁলাত ঢালি দেয়া অইয়্যে। ফবিত্র ফেরেস্‌তাঅক্যলর আর ভেরার বাইচ্যার সাম্‌নদি আগুন ও গন্ধক দিয়েনে য়েই মানুষঅক্যলরে যন্ত্রনা দেয়া অইবো।

[11] যে আগুন এই মানুষঅক্যলরে যন্ত্রনা দিবো য়েই আগুনর ধুঁয়া চিরহাল ধরিয়েনে উইট্যো থাকিবো। যিবা য়েই জন্তু আর য়িয়ানর মুত্যির ফুজা গরিবো আর য়িয়ানর নামর চিন্য গ্রঅন গরিবো য়িবা দিনত বা রাইতোত্ হনঅ সমত জিরানি ফাইতো নঅ।”

[12] যারা আল্লাহ্‌র উকুম ফালন গরে আর ইসার ফতি বিশ্যস্ত থাকে আল্লাহ্‌র য়েই বান্দাঅক্যলর এই অবস্তার মাঝে ধইয্যর দরহার।

[13] তারফর আঁই একজনরে বেহেস্‌তর ত্যুন হইতো উনিলাম, “এই হতা লেহ্য — এহনর ত্যুন যারা ফভুর লগে যুক্ত অইয়েনে মারা যাইবো য়িতারা মোবারক।” ফাক-রুহ্ এই হতা হঅর, “জি, য়িতারা মোবারক। য়িতারার মিন্যোতর ত্যুন য়িতারা জিরানি ফাইবো, হারন য়িতারার হামর ফল য়িতারার লগে থাকিবো।”

[14] ফরদি আঁই চাইয়েনে উগ্যুয়া সাদা মেউলা দেকিলাম, আর য়েই মেউলার উঅরদি ইব্‌‍নে-আদমর মতন কেউ একজন বোই আছিল্। তেঁইর মাথাত জিতিবার সোনার তাজ আছিল্ আর আতত্ আছিল্ ধার হাঁসি।

[15] তারফর আর একজন ফেরেস্‌তা এবাদত-হ্যানার ত্যুন বাইর অই আইল্ আর যিবা য়েই মেউলার উঅরদি বোই আছিল্ তেঁইরে জোরে চিল্যাইয়েনে হইল্, “অনর হাঁসি লাগন্, ফসল হাডন, হারন ফসল হাডিবার সময় অইয়্যে; দুনিয়ার ফসল ফুরাফুরি ফাগি গেইয়্যে।”

[16] তহন যিবা য়েই মেউলার উঅরদি বোই আছিল্ তেঁই দুনিয়াত তেঁইর হাঁসি লাগাইল্, আর দুনিয়ার ফসল হাডা অইল্।

[17] ফরদি বেহেস্‌তর এবাদত-হ্যানার ত্যুন আর একজন ফেরেস্‌তা বাইর অই আইল্। তেঁইর হাছেঅ উগ্যুয়া ধার হাঁসি আছিল্।

[18] তারফর হোরবানগাহ্‌র হাছর ত্যুন আর একজন ফেরেস্‌তা বাইর অই আইল্। আগুনর উঅরদি তেঁইর হ্যমতা আছিল্। যে ফেরেস্‌তার হাছে ধার হাঁসি আছিল্ তেঁইরে এই ফেরেস্‌তা জোরে ডাকিয়েনে হইল্, “তোঁয়ার ধার হাঁসি লাগঅ আর দুনিয়ার আংগু‌র গাছর ত্যুন আংগুরর থোফ্যাগিন হাডিয়েনে জমা গর, হারন আংগু‌র ফাগি গেইয়্যে।”

[19] তহন য়েই ফেরেস্‌তা দুনিয়াত তেঁইর হাঁসি লাগাইল্ আর দুনিয়ার আংগু‌র গাছর ত্যুন বেক আংগু‌র হাডিয়েনে জমা গরিল্। ফরদি য়েগিন আংগু‌র মাড়াই গরিবার গাঁতার মাঝে ফেলি দিল্। এই আংগু‌র মাড়াই গরিবার গাঁতা অইল্ আল্লাহ্‌র ভয়ংকর গজব।

[20] শঅরর বাইরে আংগু‌র মাড়াই গরিবার গাঁতাত্ য়েই আংগুরগিন মাড়াই গরা অইলে ফর য়েগিনর ত্যুন রক্ত বাইর অই আইল্ আর ঘোড়াগিনর লাগাম ফইয্যন্ত উঢিল্। য়িয়ানত অনুমান তিনশ কিলোমিটার ফইয্যন্ত বেক জাগা রক্তত্ ডুফি গেল্।

২৭ লম্বর সিপারা: ফকাশিত কালাম — Chapters