[1] সেই সময় শিষ্যদের সংখ্যা যখন বৃদ্ধি পাচ্ছিল, তাদের মধ্যে যারা গ্রিকভাষী ইহুদি ছিল তারা, হিব্রুভাষী ইহুদিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করল, কারণ প্রতিদিনের খাদ্য বণ্টনের ক্ষেত্রে তাদের বিধবারা উপেক্ষিত হচ্ছিল।
[2] তখন সেই বারোজন সব শিষ্যকে একত্র আহ্বান করে বললেন, “খাদ্য পরিবেশনের জন্য ঈশ্বরের বাক্যের পরিচর্যা অবহেলা করা আমাদের পক্ষে ন্যায়সঙ্গত হবে না।
[3] ভাইয়েরা, আপনাদের মধ্য থেকে এমন সাতজনকে বেছে নিন, যাঁরা পবিত্র আত্মায় ও বিজ্ঞতায় পূর্ণ বলে সুপরিচিত। আমরা এই দায়িত্বভার তাঁদের উপরে ন্যস্ত করব
[4] ও আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্যায় মনোনিবেশ করব।”
[5] এই প্রস্তাব সমস্ত দলের কাছে সন্তোষজনক হল। তারা মনোনীত করল স্তিফানকে, যিনি বিশ্বাসে ও পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন এবং ফিলিপ, প্রখোর, নিকানর, তিমোন, পার্মেনাস ও আন্তিয়খের নিকোলাসকে, যিনি পূর্বে ইহুদি-ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন।
[6] তারা এই সাতজনকে প্রেরিতশিষ্যদের কাছে উপস্থিত করল, যাঁরা প্রার্থনা করে তাঁদের উপরে হাত রাখলেন।
[7] এভাবে ঈশ্বরের বাক্য বিস্তৃত হল। জেরুশালেমে শিষ্যদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেল এবং বহুসংখ্যক যাজক বিশ্বাসের প্রতি বাধ্য হলেন।
[8] এরপর স্তিফান, যিনি ঈশ্বরের অনুগ্রহ ও শক্তিতে পূর্ণ ছিলেন, তিনি জনসাধারণের মধ্যে অতীব বিস্ময়কর ও অলৌকিক চিহ্নকার্যসমূহ সাধন করতে লাগলেন।
[9] এতে মুক্ত-মানুষদের (যেমন বলা হত) সমাজভবনের সদস্যরা প্রতিবাদ করল। এরা ছিল, কুরীণ ও আলেকজান্দ্রিয়া এবং সেই সঙ্গে কিলিকিয়া ও এশিয়া প্রদেশের ইহুদিরা। এই লোকেরা স্তিফানের সঙ্গে তর্ক শুরু করল।
[10] কিন্তু তারা তাঁর প্রজ্ঞা ও যে আত্মার শক্তিতে তিনি কথা বলছিলেন, তার বিরুদ্ধে দাঁড়াতে পারল না।
[11] তখন তারা গোপনে কয়েকজন মানুষকে এই কথা বলতে প্ররোচিত করল, “আমরা স্তিফানকে মোশির বিরুদ্ধে ও ঈশ্বরের বিরুদ্ধে নিন্দার কথা বলতে শুনেছি।”
[12] এভাবে তারা জনসাধারণ, প্রাচীনবর্গ ও বিধানের শিক্ষকদের উত্তেজিত করে তুলল। তারা স্তিফানকে গ্রেপ্তার করে মহাসভার সামনে উপস্থিত করল।
[13] তারা মিথ্যা সাক্ষীদের দাঁড় করালো, যারা সাক্ষ্য দিল, “এই লোকটি এই পবিত্রস্থান ও বিধানের বিরুদ্ধে কথা বলতে কখনও ক্ষান্ত হয় না।
[14] কারণ আমরা তাকে বলতে শুনেছি যে, নাসরতের যীশু এই স্থান ধ্বংস করবে ও মোশি আমাদের কাছে যেসব রীতিনীতি সমর্পণ করেছেন, সেগুলির পরিবর্তন করবে।”
[15] যারা মহাসভায় বসেছিল, তারা স্তিফানের প্রতি একদৃষ্টে চেয়ে দেখল, তাঁর মুখমণ্ডল স্বর্গদূতের মুখমণ্ডলের সদৃশ।