[1] যখন পঞ্চাশত্তমীর দিন উপস্থিত হল, তাঁরা সকলেই এক স্থানে সমবেত ছিলেন।
[2] হঠাৎই আকাশ থেকে প্রবল বায়ুপ্রবাহের মতো একটি শব্দ ভেসে এল এবং তাঁরা যেখানে বসেছিলেন, সেই গৃহের সর্বত্র ব্যাপ্ত হল।
[3] তাঁরা দেখতে পেলেন, যেন জিহ্বাকৃতির আগুন, যা অংশ অংশ হয়ে তাঁদের প্রত্যেকের উপরে অধিষ্ঠান করল।
[4] আর তাঁরা সবাই পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন এবং আত্মা যেমন সক্ষমতা দিলেন, তাঁরা অন্য অন্য ভাষায় কথা বলতে লাগলেন।
[5] সেই সময় আকাশের নিচে স্থিত সমস্ত দেশ থেকে ঈশ্বর-ভয়শীল ইহুদিরা জেরুশালেমে অধিষ্ঠান করছিল।
[6] তারা যখন এই শব্দ শুনল, তারা হতচকিত হয়ে সেই স্থানে এসে ভিড় করল, কারণ তাঁদের মধ্যে প্রত্যেকেই তার নিজস্ব ভাষায় তাঁদের কথা বলতে শুনল।
[7] দারুণভাবে চমৎকৃত হয়ে তারা জিজ্ঞাসা করল, “এই যে লোকেরা কথা বলছে, এরা সবাই কি গালীলীয় নয়?
[8] তাহলে কীভাবে আমাদের প্রত্যেকেই তার নিজস্ব জন্মদেশীয় ভাষায় এদের কথা বলতে শুনছি?
[9] পার্থীয়, মাদীয়, এলমীয় এবং মেসোপটেমিয়া, যিহূদিয়া ও কাপ্পাদোকিয়া, পন্ত ও এশিয়ার অধিবাসীরা,
[10] ফরুগিয়া ও পাম্ফুলিয়া, মিশর ও কুরীণের নিকটবর্তী লিবিয়ার অংশবিশেষ, রোম থেকে আগত পরিদর্শকেরা,
[11] (ইহুদি ও ইহুদিধর্মে ধর্মান্তরিত, উভয়ই); ক্রীটিয় ও আরবীয়েরা, আমরা শুনতে পাচ্ছি, আমাদের নিজস্ব ভাষায় তারা ঈশ্বরের বিস্ময়কর কীর্তির কথা ঘোষণা করছে!”
[12] চমৎকৃত ও হতভম্ব হয়ে তারা পরস্পরকে জিজ্ঞাসা করল, “এর অর্থ কী?”
[13] কেউ কেউ অবশ্য তাঁদের পরিহাস করে বলল, “এরা অত্যধিক মিষ্টি দ্রাক্ষারস পান করেছে।”
[14] তখন পিতর সেই এগারোজনের সঙ্গে উঠে উচ্চকণ্ঠে জনতাকে সম্বোধন করলেন, “সহ-ইহুদি ও জেরুশালেমে বসবাসকারী আপনারা সকলে, আমাকে এই ঘটনার কথা আপনাদের কাছে ব্যাখ্যা করতে দিন; আমি যা বলি, তা মনোযোগ দিয়ে শুনুন।
[15] এই লোকেরা মত্ত নয়, যেমন আপনারা মনে করছেন। এখন সকাল নয় টা মাত্র!
[16] আসলে ভাববাদী যোয়েল এই ঘটনার কথাই ব্যক্ত করেছিলেন:
[17] “ঈশ্বর বলেন, ‘অন্তিমকালে, আমি সব মানুষের উপর আমার আত্মা ঢেলে দেব। তোমার পুত্রেরা ও কন্যারা ভাববাণী বলবে, তোমার যুবকেরা দেখবে দর্শন ও তোমাদের প্রবীণেরা দেখবে স্বপ্ন।
[18] এমনকি, আমার সেবকদের, দাস ও দাসী উভয়েরই উপরে, সেই দিনগুলিতে আমার আত্মা আমি দেব ঢেলে, আর তারা বলবে ভবিষ্যদ্বাণী।
[19] ঊর্ধ্বাকাশে আমি দেখাব বিস্ময়কর সব লক্ষণ এবং নিচে পৃথিবীতে বিভিন্ন নিদর্শন, রক্ত ও আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী।
[20] প্রভুর সেই মহৎ ও মহিমাময় দিনের আগমনের পূর্বে, সূর্য হয়ে যাবে অন্ধকার এবং চন্দ্র হবে রক্তবর্ণ।
[21] আর যে কেউ ডাকবে প্রভুর নামে, সেই পাবে পরিত্রাণ।’
[22] “ইস্রায়েলী জনগণ, একথা শুনুন, নাসরতীয় যীশু বহু অলৌকিক কর্ম, বিস্ময়কর ঘটনা ও নিদর্শনের মাধ্যমে প্রকাশ্যে আপনাদের কাছে ঈশ্বরের দ্বারা স্বীকৃত মানুষ ছিলেন। সেইসব কর্ম ঈশ্বর তাঁরই মাধ্যমে করেছেন, যেমন আপনারা নিজেরাই অবগত আছেন।
[23] এই মানুষটিকে ঈশ্বর তাঁর নিরূপিত অভিপ্রায় ও পূর্বজ্ঞান অনুসারে আপনাদের হাতে সমর্পণ করেছিলেন, আর আপনারা দুর্জন ব্যক্তিদের সহায়তায় ক্রুশে প্রেকবিদ্ধ করে তাঁকে হত্যা করেছেন।
[24] কিন্তু ঈশ্বর তাঁকে মৃত্যুযন্ত্রণা থেকে মুক্ত করে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন, কারণ মৃত্যুর পক্ষে অসম্ভব ছিল তাঁর উপর নিজের প্রভাব ধরে রাখা।
[25] দাউদ তাঁর সম্পর্কে বলেছেন, “ ‘আমি প্রভুকে নিয়ত, আমার সামনে দেখেছি। কারণ, তিনি তো আমার ডানপাশে, আমি বিচলিত হব না।
[26] সেই কারণে আমার হৃদয় আনন্দিত ও আমার জিহ্বা করে উল্লাস, আমার শরীরও প্রত্যাশায় করবে বসবাস।
[27] কারণ তুমি আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না, অথবা, তোমার পবিত্রজনকে ক্ষয় দেখতে দেবে না।
[28] তুমি আমার কাছে জীবনের পথ করেছ অবগত, তোমার সান্নিধ্য আমায় আনন্দে পূর্ণ করবে।’
[29] “ভাইরা, আমি আপনাদের মুক্তকণ্ঠে বলতে পারি যে, পিতৃকুলপতি দাউদ মৃত্যুবরণ করেছিলেন ও তাঁকে কবর দেওয়া হয়েছিল; তাঁর কবর আজও এখানে আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে।
[30] কিন্তু তিনি একজন ভাববাদী ছিলেন, আর তিনি জানতেন যে, ঈশ্বর শপথপূর্বক তাঁকে প্রতিশ্রুতি দান করেছেন, তিনি তাঁর এক বংশধরকে তাঁর সিংহাসনে স্থাপন করবেন।
[31] ভাবীকালে কী ঘটবে, তা পূর্বেই প্রত্যক্ষ করে তিনি মশীহের পুনরুত্থান সম্পর্কে কথা বলেছেন যে, তিনি পাতালের গর্ভে পরিত্যক্ত হবেন না, কিংবা তাঁর শরীর ক্ষয় দেখবে না।
[32] এই যীশুকেই ঈশ্বর জীবনে উত্থাপিত করেছেন এবং আমরা সকলেই এই ঘটনার সাক্ষী।
[33] ঈশ্বরের ডানদিকে উন্নীত হয়ে তিনি পিতার কাছ থেকে প্রতিশ্রুত পবিত্র আত্মা লাভ করেছেন এবং আমাদের উপরে ঢেলে দিয়েছেন, যেমন আপনারা এখন দেখছেন ও শুনছেন।
[34] আবার দাউদও স্বর্গারোহণ করেননি, তবুও তিনি বলেছেন, “ ‘প্রভু আমার প্রভুকে বললেন, তুমি আমার ডানদিকে বসো,
[35] যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পাদপীঠ করি।’
[36] “সেই কারণে, সমস্ত ইস্রায়েল এ বিষয়ে নিশ্চিত হোক: যে যীশুকে আপনারা ক্রুশে বিদ্ধ করেছেন, ঈশ্বর তাঁকে প্রভু ও মশীহ, এই উভয়ই করেছেন।”
[37] জনতা যখন একথা শুনল, তাঁদের হৃদয় ক্ষতবিক্ষত হল। তারা পিতর ও অন্য প্রেরিতশিষ্যদের বলল, “ভাইরা, আমরা কী করব?”
[38] পিতর উত্তর দিলেন, “আপনারা প্রত্যেকে মন পরিবর্তন করুন ও যীশু খ্রীষ্টের নামে বাপ্তিষ্ম গ্রহণ করুন, যেন আপনাদের পাপ ক্ষমা হয়, তাহলে আপনারা পবিত্র আত্মার দান প্রাপ্ত হবেন।
[39] এই প্রতিশ্রুতি আপনাদের, আপনাদের সন্তানদের এবং আমাদের ঈশ্বর প্রভু যতজনকে আহ্বান করবেন, দূরে স্থিত সেই সকলের জন্য।”
[40] আরও বহু অন্য কথায় তিনি তাদের সতর্ক করে দিলেন এবং তিনি তাদের অনুনয় করলেন, “এই কলুষিত প্রজন্ম থেকে আপনারা নিজেদের রক্ষা করুন।”
[41] যারা তাঁর বাণী গ্রহণ করল, তারা বাপ্তাইজিত হল, আর সেদিন প্রায় তিন হাজার লোক তাঁদের সঙ্গে যুক্ত হল।
[42] আর তারা প্রেরিতশিষ্যদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি-ভাঙায় ও প্রার্থনায় একান্তভাবে নিয়োজিত রইল।
[43] প্রত্যেকে সম্ভ্রমে পূর্ণ হয়ে উঠল, আর প্রেরিতশিষ্যদের মাধ্যমে বহু আশ্চর্য ঘটনা ও অলৌকিক নিদর্শন সম্পাদিত হচ্ছিল।
[44] বিশ্বাসকারী সকলেই একত্র থাকত ও সবকিছু সকলের দ্বারাই ব্যবহৃত হত।
[45] তাদের বিষয়সম্পত্তি ও জিনিসপত্র বিক্রি করে তারা প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তা অংশ অংশ করে দিত।
[46] প্রতিদিন তারা একত্রে মন্দির-প্রাঙ্গণে মিলিত হত। তারা নিজেদের গৃহে রুটি ভাঙ্গত এবং আনন্দের সঙ্গে ও হৃদয়ের সরলতায় একসঙ্গে ভোজন করত।
[47] তারা ঈশ্বরের প্রশংসা করত এবং সব মানুষ তাদের শ্রদ্ধা করত। আর যারা পরিত্রাণ লাভ করছিল, প্রভু দিন-প্রতিদিন তাঁদের সঙ্গে তাদের যুক্ত করে তাঁদের সংখ্যাবৃদ্ধি করছিলেন।