Skip to content
Opens in a new window
Listen to this chapter • 7:04

[1] “হে ভাইসব ও পিতৃসম ব্যক্তিরা, আমার আত্মপক্ষ সমর্থনের কথা এখন আপনারা শুনুন।”

[2] পৌলকে হিব্রু ভাষায় কথা বলতে শুনে তারা আরও শান্ত হয়ে গেল। তখন পৌল বললেন,

[3] “আমি একজন ইহুদি, কিলিকিয়ার তার্ষ নগরে আমার জন্ম, কিন্তু এই নগরে প্রতিপালিত হয়েছি। গমলীয়েলের অধীনে আমি আমাদের পিতৃপুরুষদের বিধান সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ শিক্ষা লাভ করেছি। আজ আপনারা যেমন, একদিন আমিও আপনাদেরই একজনের মতো ঈশ্বরের পক্ষে উদ্যমী ছিলাম।

[4] আমি এই পথের অনুসারীদের নিপীড়ন করে তাদের অনেকের প্রাণনাশ করেছি, নারী ও পুরুষ, উভয়কে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করেছি।

[5] এ বিষয়ে মহাযাজক ও সমস্ত বিচার পরিষদ সাক্ষ্য দিতে পারেন। আমি, এমনকি, তাঁদের কাছ থেকে কয়েকটি পত্র নিয়ে তাঁদের ইহুদি ভাইদের কাছে দামাস্কাসে যাচ্ছিলাম, যেন এই সমস্ত লোককে গ্রেপ্তার করে জেরুশালেমে নিয়ে এসে শাস্তিদানের ব্যবস্থা করি।

[6] “প্রায় মধ্যাহ্নকালে, যেই আমি দামাস্কাসের কাছে পৌঁছালাম, হঠাৎই আকাশ থেকে একটি উজ্জ্বল আলো আমার চারপাশে ঝলসে উঠল।

[7] আমি মাটিতে পড়ে গেলাম ও একটি কণ্ঠস্বর শুনতে পেলাম, আমাকে বলছে, ‘শৌল, শৌল, তুমি কেন আমাকে নিপীড়ন করছ?’

[8] “ ‘প্রভু, আপনি কে?’ আমি জিজ্ঞাসা করলাম। “ ‘আমি নাসরতীয় যীশু, যাঁকে তুমি নিপীড়ন করছ।’ তিনি উত্তর দিলেন।

[9] আমার সঙ্গীরা সেই আলো দেখতে পেল, কিন্তু যিনি আমার উদ্দেশে কথা বলছিলেন, তারা তাঁর সেই কণ্ঠস্বর বুঝতে পারল না।

[10] “ ‘প্রভু, আমি কী করব?’ আমি জিজ্ঞাসা করলাম। “ ‘উঠে পড়ো,’ প্রভু বললেন, ‘ও দামাস্কাসে প্রবেশ করো। তোমাকে কী সব করতে হবে, সেখানে তোমাকে বলে দেওয়া হবে।’

[11] আমার সঙ্গীরা হাত ধরে আমাকে দামাস্কাসে নিয়ে গেল, কারণ সেই আলোর তীব্র ঔজ্জ্বল্য আমাকে দৃষ্টিহীন করে দিয়েছিল।

[12] “এরপর অননিয় নামে একজন ব্যক্তি আমার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। তিনি নিষ্ঠার সঙ্গে বিধান পালন করতেন এবং সেখানকার অধিবাসী সব ইহুদির কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন।

[13] তিনি আমার পাশে দাঁড়িয়ে বললেন, ‘ভাই শৌল, আপনি দৃষ্টিশক্তি লাভ করুন!’ আর সেই মুহূর্তে আমি তাঁকে দেখতে পেলাম।

[14] “তখন তিনি বললেন, ‘আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন, যেন আপনি তাঁর ইচ্ছা জানতে পান এবং সেই ধর্মময় ব্যক্তির দর্শন লাভ করেন ও তাঁর মুখনিঃসৃত বাণী শ্রবণ করেন।

[15] আপনি যা দেখেছেন বা শুনেছেন, সব মানুষের কাছে সেইসব বিষয়ে তাঁর সাক্ষী হবেন।

[16] আর এখন আপনি কীসের প্রতীক্ষা করছেন? উঠুন, বাপ্তিষ্ম গ্রহণ করুন ও তাঁর নামে আহ্বান করে আপনার সব পাপ ধুয়ে ফেলুন।’

[17] “জেরুশালেমে ফিরে এসে আমি যখন মন্দিরে প্রার্থনা করছিলাম, আমি ভাবাবিষ্ট হলাম।

[18] আমি দেখলাম, প্রভু কথা বলছেন, ‘তাড়াতাড়ি করো!’ তিনি আমাকে বললেন, ‘এই মুহূর্তে জেরুশালেম ছেড়ে চলে যাও, কারণ তারা আমার বিষয়ে তোমার সাক্ষ্য গ্রহণ করবে না।’

[19] “আমি উত্তর দিলাম, ‘প্রভু, এই লোকেরা জানে, যারা তোমাকে বিশ্বাস করে, তাদের প্রহার ও বন্দি করার জন্য আমি এক সমাজভবন থেকে অন্য সমাজভবনে গিয়েছি।

[20] আর তোমার সাক্ষ্যমর স্তিফানের যখন রক্তপাত করা হয়, আমি সেখানে দাঁড়িয়ে আমার সমর্থন দিচ্ছিলাম ও যারা তাঁকে হত্যা করছিল, তাদের পোশাকগুলি পাহারা দিচ্ছিলাম।’

[21] “তারপর প্রভু আমাকে বললেন, ‘যাও, আমি তোমাকে বহুদূরে, অইহুদিদের কাছে প্রেরণ করব।’ ”

[22] লোকেরা এই পর্যন্ত পৌলের কথা শুনল। তারপর তারা তাদের কণ্ঠস্বর উচ্চগ্রামে তুলে চিৎকার করতে লাগল, “ওকে পৃথিবী থেকে দূর করো! ও বেঁচে থাকার যোগ্য নয়!”

[23] তারা যখন চিৎকার করে তাদের পোশাক খুলে ফেলছিল ও বাতাসে ধুলো নিক্ষেপ করছিল,

[24] সেনাপতি পৌলকে সেনানিবাসে নিয়ে যাওয়ার আদেশ দিলেন। তিনি নির্দেশ দিলেন যেন তাঁকে চাবুক মারা হয় এবং প্রশ্ন করা হয়, কেন তার বিরুদ্ধে লোকেরা এরকম চিৎকার করছে, তা যেন জানতে পারা যায়।

[25] তারা তাঁকে টান-টান করে বেঁধে চাবুক মারতে উদ্যত হলে, সেখানে দণ্ডায়মান শতসেনাপতিকে পৌল বললেন, “যার অপরাধ সাব্যস্ত হয়নি, এমন কোনও রোমীয় নাগরিককে আপনাদের চাবুক মারা কি আইনসম্মত?”

[26] শতসেনাপতি একথা শুনে সেনানায়কের কাছে গেলেন ও এই সংবাদ দিলেন। তিনি বললেন, “আপনি কী করতে চলেছেন? এই লোকটি তো একজন রোমীয় নাগরিক!”

[27] সেনানায়ক পৌলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “আমাকে বলুন, আপনি কি একজন রোমীয় নাগরিক?” তিনি উত্তর দিলেন, “হ্যাঁ, আমি তাই।”

[28] তখন সেনানায়ক তাঁকে বললেন, “আমার নাগরিকত্ব লাভের জন্য আমাকে বহু অর্থ ব্যয় করতে হয়েছে।” পৌল উত্তর দিলেন, “কিন্তু আমি জন্মসূত্রেই রোমীয় নাগরিক।”

[29] যারা তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রস্তুত হয়েছিল, তারা তক্ষুনি পিছিয়ে গেল। সেনানায়ক যখন উপলব্ধি করলেন যে, যাঁকে তিনি শিকলে আবদ্ধ করেছেন, সেই পৌল একজন রোমীয় নাগরিক, তিনি নিজেই আতঙ্কিত হলেন।

[30] পরদিন, সেনানায়ক অনুসন্ধান করতে চাইলেন, পৌলের বিরুদ্ধে ইহুদিদের সুনির্দিষ্ট কী অভিযোগ আছে। তিনি তাঁকে মুক্ত করলেন এবং প্রধান যাজকদের ও পরিষদের সমস্ত সদস্যকে একত্র হওয়ার আদেশ দিলেন। তারপর তিনি পৌলকে এনে তাঁদের সামনে দাঁড় করালেন।

প্রেরিত — Chapters