Skip to content
Opens in a new window
Listen to this chapter • 9:42

[1] এখন অননিয় নামে একজন ব্যক্তিও, তার স্ত্রী সাফিরার সঙ্গে সম্পত্তির একটি অংশ বিক্রি করল।

[2] তার স্ত্রীর সম্পূর্ণ জ্ঞাতসারে, সে তার নিজের জন্য অর্থের কিছু অংশ রেখে দিল, কিন্তু অবশিষ্ট অংশ এনে প্রেরিতশিষ্যদের চরণে রাখল।

[3] তখন পিতর বললেন, “অননিয়, এ কী রকম হল, শয়তান তোমার অন্তরকে এমন পূর্ণ করল যে, তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বললে এবং ভূমির বিক্রয়লব্ধ অর্থের কিছু অংশ নিজের জন্য রেখে দিলে?

[4] বিক্রি করার পূর্বে তা কি তোমারই ছিল না? আর বিক্রি করার পরেও সেই অর্থ কি তোমারই অধিকারে ছিল না? এরকম একটি কাজ করার কথা তুমি কী করে চিন্তা করলে? তুমি মানুষের কাছে নয়, কিন্তু ঈশ্বরেরই কাছে মিথ্যা বললে।”

[5] অননিয় একথা শোনামাত্র ভূমিতে পড়ে গেল ও প্রাণত্যাগ করল। ওই ঘটনার কথা যারা শুনল, তারা সকলেই মহা আতঙ্কে কবলিত হল।

[6] তখন যুবকেরা এগিয়ে এল, তার শরীরে কাপড় জড়ালো এবং তাকে বাইরে নিয়ে গিয়ে কবর দিল।

[7] প্রায় তিন ঘণ্টা পরে তার স্ত্রী উপস্থিত হল। কী ঘটনা ঘটেছে, সে তা জানত না।

[8] পিতর তাকে জিজ্ঞাসা করলেন, “আমাকে বলো তো, জমি বিক্রি করে তুমি ও অননিয় কি এই পরিমাণ অর্থ পেয়েছিলে?” সে বলল, “হ্যাঁ, এটিই তার দাম।”

[9] পিতর তাকে বললেন, “প্রভুর আত্মাকে পরীক্ষা করার জন্য কীভাবে তোমরা একমত হলে? দেখো! যারা তোমার স্বামীকে কবর দিয়েছে, তারা দুয়ারে পদার্পণ করছে, তারা তোমাকেও বাইরে নিয়ে যাবে।”

[10] সেই মুহূর্তে সে তাঁর চরণে পড়ে প্রাণত্যাগ করল। তখন যুবকেরা ভিতরে এসে দেখল সে-ও মারা গেছে। তারা তাকে বাইরে বহন করে নিয়ে গেল ও তার স্বামীর পাশে তাকে কবর দিল।

[11] সমস্ত মণ্ডলী ও যারাই এই ঘটনার কথা শুনল, সকলেই মহা আতঙ্কিত হয়ে পড়ল।

[12] প্রেরিতশিষ্যেরা জনসাধারণের মধ্যে বহু অলৌকিক নিদর্শন ও বিস্ময়কর কর্মসকল সম্পন্ন করলেন। বিশ্বাসীরা সকলে শলোমনের অলিন্দে একযোগে মিলিত হতেন।

[13] অন্য কেউই তাঁদের সঙ্গে যোগ দিতে সাহস করত না, যদিও লোকেরা তাঁদের অত্যন্ত সমাদর করত।

[14] তা সত্ত্বেও, বহু পুরুষ ও মহিলা, উত্তরোত্তর প্রভুতে বিশ্বাস করে তাঁদের সংখ্যাবৃদ্ধি করল।

[15] পরিণামে, লোকেরা অসুস্থ মানুষদের পথে পথে নিয়ে এসে তাঁদের বিছানা ও মাদুরে শুইয়ে রাখত, যেন পিতর অতিক্রম করার সময় তাঁর ছায়া অন্তত কারও কারও উপরে পড়ে।

[16] জেরুশালেমের চারপাশের নগরগুলি থেকেও জনতা ভিড় করতে লাগল। তারা তাদের অসুস্থ মানুষদের ও যারা মন্দ-আত্মাদের দ্বারা যন্ত্রণা পাচ্ছিল, তাদের নিয়ে আসত এবং তারা সকলেই আরোগ্য লাভ করত।

[17] এরপর মহাযাজক ও তাঁর সমস্ত সহযোগী, যাঁরা সদ্দূকী-সম্প্রদায়ের সদস্য ছিলেন, তাঁরা ঈর্ষায় পূর্ণ হয়ে উঠলেন।

[18] তাঁরা প্রেরিতশিষ্যদের গ্রেপ্তার করে সরকারি কারাগারে রেখে দিলেন।

[19] কিন্তু রাত্রিবেলা প্রভুর এক দূত কারাগারের দুয়ারগুলি উন্মুক্ত করে তাঁদের বাইরে নিয়ে এলেন।

[20] তিনি বললেন, “তোমরা যাও, গিয়ে মন্দির-প্রাঙ্গণে দাঁড়াও এবং জনসাধারণের কাছে এই নতুন জীবনের পূর্ণ বার্তা প্রকাশ করো।”

[21] তাঁদের যেমন বলা হয়েছিল, ভোরবেলা তাঁরা মন্দির-প্রাঙ্গণে প্রবেশ করলেন এবং লোকদের শিক্ষা দিতে লাগলেন। মহাযাজক ও তাঁর সহযোগীরা যখন উপস্হিত হলেন, তাঁরা ইস্রায়েলীদের প্রাচীনবর্গের সমন্বয়ে গঠিত পূর্ণ জমায়েত বা মহাসভাকে একত্র করলেন ও প্রেরিতশিষ্যদের নিয়ে আসার জন্য কারাগারে লোক প্রেরণ করলেন।

[22] কিন্তু কারাগারে উপস্থিত হয়ে কর্মচারীরা তাঁদের সেখানে খুঁজে পেলেন না। তাই তাঁরা ফেরত গিয়ে সংবাদ দিলেন,

[23] “আমরা গিয়ে দেখলাম, কারাগার সুদৃঢ়রূপে তালাবদ্ধ, রক্ষীরাও দ্বারে দ্বারে দণ্ডায়মান, কিন্তু আমরা সেগুলি খুলে ফেললে ভিতরে কাউকে দেখতে পেলাম না।”

[24] এই সংবাদ শুনে মন্দিরের রক্ষী-প্রধান ও মহাযাজক বিস্ময়বিমূঢ় হলেন। তাঁরা অবাক হয়ে ভাবতে লাগলেন যে, এর পরিণাম কী হতে পারে।

[25] তখন জনৈক ব্যক্তি এসে বলল, “দেখুন! যে-মানুষগুলিকে আপনারা কারাগারে রেখেছিলেন, তারা মন্দির-প্রাঙ্গণে দাঁড়িয়ে লোকদের শিক্ষা দিচ্ছে।”

[26] এতে রক্ষী-প্রধান তাঁর কর্মচারীদের সঙ্গে গিয়ে প্রেরিতশিষ্যদের নিয়ে এলেন। তাঁরা বলপ্রয়োগ করলেন না, কারণ লোকেরা তাঁদের উপর প্রস্তর নিক্ষেপ করবে ভেবে তাঁরা ভয় পেয়েছিলেন।

[27] প্রেরিতশিষ্যদের নিয়ে এসে, তাঁরা তাঁদের মহাসভার সামনে উপস্থিত করলেন, যেন মহাযাজক তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারেন।

[28] তিনি বললেন, “আমরা তোমাদের এই নামে শিক্ষা না-দেওয়ার জন্য কঠোর আদেশ দিয়েছিলাম, তবুও তোমরা তোমাদের উপদেশে জেরুশালেম পূর্ণ করেছ এবং এই লোকটির রক্তের জন্য আমাদেরই অপরাধী সাব্যস্ত করার উদ্দেশে দৃঢ়সংকল্প করেছ।”

[29] পিতর ও অন্য প্রেরিতশিষ্যেরা উত্তর দিলেন, “মানুষদের চেয়ে আমরা বরং ঈশ্বরের আদেশ অবশ্যই পালন করব!

[30] আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর যীশুকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন—যাঁকে আপনারা একটি গাছের উপরে টাঙ্গিয়ে হত্যা করেছিলেন।

[31] ঈশ্বর তাঁকে অধিপতি ও উদ্ধারকর্তা করে তাঁর ডানদিকে উন্নীত করেছেন, যেন তিনি ইস্রায়েলকে মন পরিবর্তনের পথে চালিত ও পাপের ক্ষমা দান করেন।

[32] আমরা এই সমস্ত বিষয়ের সাক্ষী, আর পবিত্র আত্মাও সাক্ষী, যাঁকে ঈশ্বর, যারা তাঁর আজ্ঞা পালন করে, তাদের দান করেছেন।”

[33] একথা শুনে তাঁরা ক্রোধে উন্মত্ত হলেন এবং তাঁদের মৃত্যুদণ্ড দিতে চাইলেন।

[34] কিন্তু গমলীয়েল নামে একজন ফরিশী, যিনি শাস্ত্রবিদ ও সর্বসাধারণের কাছে একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন, তিনি উঠে দাঁড়ালেন ও আদেশ দিলেন, যেন কিছুক্ষণের জন্য ওঁদেরকে বাইরে নিয়ে যাওয়া হয়।

[35] এরপর তিনি মহাসভাকে সম্বোধন করে বললেন, “ইস্রায়েলী জনগণ, এই লোকেদের নিয়ে আপনারা যা করতে চলেছেন, সে সম্পর্কে সতর্কতার সঙ্গে বিবেচনা করুন।

[36] কিছুকাল আগে, থুদা উপস্থিত হয়ে নিজেকে এক কেউকেটা দাবি করেছিল এবং প্রায় চারশো মানুষ তার পাশে জড়ো হয়েছিল। সে নিহত হল ও তার অনুগামীরা ছত্রভঙ্গ হওয়ায় সবকিছুই ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল।

[37] তারপরে গালীলীয় যিহূদা জনগণনার সময়ে উপস্থিত হয়ে কিছু মানুষকে বিদ্রোহের পথে চালিত করল। সে-ও নিহত হল ও তার সমস্ত অনুগামী ছিন্নভিন্ন হয়ে পড়ল।

[38] সেই কারণে, বর্তমান বিষয়টি সম্পর্কে আমি আপনাদের পরামর্শ দিই, এই লোকেরা যেমন আছে, থাকতে দিন! ওদের যেতে দিন! কারণ ওদের অভিপ্রায় বা কার্যকলাপ যদি মনুষ্য থেকে হয়ে থাকে, তা ব্যর্থ হবে।

[39] কিন্তু তা যদি ঈশ্বর থেকে হয়, আপনারা এদের নিবৃত্ত করতে পারবেন না; আপনারা কেবলমাত্র দেখতে পাবেন যে, আপনারা নিজেরাই ঈশ্বরের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়েছেন।”

[40] তাঁর বক্তৃতা তাঁদের বিশ্বাস উৎপন্ন করল। তাঁরা প্রেরিতশিষ্যদের ভেতরে ডেকে এনে চাবুক মারলেন। তাঁরা তাঁদের আদেশ দিলেন, তাঁরা যেন যীশুর নামে কোনো কথা না বলেন। তারপর তাঁরা তাঁদের চলে যেতে দিলেন।

[41] প্রেরিতশিষ্যেরা আনন্দ করতে করতে মহাসভা ত্যাগ করলেন, কারণ তাঁরা সেই নামের কারণে অপমান ভোগ করার জন্য যোগ্যপাত্র গণিত হয়েছিলেন।

[42] দিনের পর দিন, মন্দির-প্রাঙ্গণে ও গৃহে গৃহে, তাঁরা শিক্ষা দিতে এবং যীশুই যে সেই খ্রীষ্ট, এই সুসমাচার ঘোষণা করতে কখনও ক্ষান্ত হতেন না।

প্রেরিত — Chapters