[1] তহন ফিলাত ইসারে লই যাইয়েনে বউত বেশি গরিয়েনে সঁঅক মারিবার উকুম দিল্।
[2] সৈন্যঅক্যলে কেঁডা-লতা দিয়েনে উগ্যুয়া তাজ বানাই ইসার মাথাত ফিঁদাই দিল্।
[3] ফরদি তেঁইরে বাইয়োইন্যা রংগর হঅর ফিঁদাইল্ আর তেঁইর হাছে যাইয়েনে হইল্, “ওরে ইহুদিঅক্যলর বাদশা, মারহাবা!” এই হতা হইয়েনে সৈন্যঅক্যলে তেঁইরে চোয়ার মাইত্যো লাগিল্।
[4] ফিলাত আবার বাইরে আইয়েনে মানুষঅক্যলরে হইল্, “চঅ, আঁই য়িবারে তোঁয়ারার হাছে বাইর গরি আনির যেন্ তোঁয়ারা বুঝিত্ ফার দে, আঁই য়িবার হনঅ দোষই নঅ ফাইর।”
[5] ইসা য়েই কেঁডার তাজ আর বাইয়োইন্যা রংগর হঅর ফিঁদা অবস্তাত বাইরে আইল্। তহন ফিলাত মানুষঅক্যলরে হইল্, “এই চঅ, য়েই মানুষ।”
[6] ইসারে দেকিয়েনে মেইন ইমামঅক্যলে আর হর্মচারিঅক্যলে চিল্যাইয়েনে হইল্, “কুরুশত দঅন, য়িবারে কুরুশত দঅন।” ফিলাত মানুষঅক্যলরে হইল্, “তোঁয়ারাই য়িবারে লই যাইয়েনে কুরুশত দঅ, হারন আঁই য়িবার হনঅ দোষই টোয়াই নঅ ফাইর।”
[7] ইহুদি নেতাঅক্যলে ফিলাতরে হইল্, “আঁরার এক্যান আইন আছে, য়েই আইন মতন য়িবার মরন অঅন উচিত, হারন য়িবা নিজরে ইব্নুল্লাহ্ হইয়্যে।”
[8] ফিলাত যহন এই হতা উনিল্ তহন য়িবা আরো ডরাইল্।
[9] তেঁই আবার বাড়ির মইধ্যে যাইয়েনে ইসারে ফুছার গরিল্, “তুঁই হডের ত্যুন আইস্যো?” ইসা কিন্তু ফিলাতরে হনঅ জোয়াব নঅ দিল্।
[10] ইয়ানর লাই ফিলাত ইসারে হইল্, “তুঁই আঁর লগে হতা নঅ হইবা না? তুঁই কি জান দে, তোঁয়ারে ছারি দিবার বা কুরুশর উঅরদি মারি ফেলিবার হ্যমতা আঁর আছে?”
[11] ইসা জোয়াব দিল্, “উঅরর ত্যুন অনরে হ্যমতা দেয়া নঅ অইলে আঁর উঅরদি অনর হনঅ হ্যমতাই নঅ থাইক্তো। য়িয়ানর লাই যিবা আঁরে অনর আতত দিয়্যে য়িবারই গুনাহ্ বেশি।”
[12] এই হতা উনিয়েনে ফিলাত ইসারে ছারি দিবার চেষ্টা গইত্যো লাগিল্, কিন্তু ইহুদি নেতাঅক্যলে চিল্যাইয়েনে হইল্, “অনে যুদি এই মানুষ্যুয়ারে ছারি দঅন তইলে অনে বাদশা সিজারর বন্ধু নঅন। যে কেউ নিজরে বাদশা বুলি দাবি গরে য়িবা তঅ বাদশা সিজারর শত্রু।”
[13] এই হতা উনিয়েনে ফিলাত ইসারে বাইরে আনিল্ আর ফাত্যোরত বাঁধাইন্যা নামর উগ্যুয়া জাগাত বিচারর আসনত বোইল্। য়িব্রু ভাষাত এই জাগাগানরে গাব্যাথা হোয়া অইতো।
[14] য়েই দিনগান আছিল্ উদ্যার ইদর আয়োজনর দিন। তহন বেইল্ অনুমান দুঁইজ্যা। ফিলাত ইহুদি নেতাঅক্যলরে হইল্, “এই চঅ, তোঁয়ারার বাদশা।”
[15] ইয়ানত য়িতারা চিল্যাইয়েনে হইল্, “দুর গরন, দুর গরন! য়িবারে কুরুশত দঅন!” ফিলাত য়িতারারে হইল্, “তোঁয়ারার বাদশারে আঁই কুরুশত দিয়োম না?” মেইন ইমামঅক্যলে জোয়াব দিল্, “বাদশা সিজার বাদে আঁরার আর হনঅ বাদশা নাই।”
[16] তহন ফিলাত ইসারে কুরুশর উঅরদি মারি ফেলিবার লাই য়িতারার আতত দিই দিল্। তহন সৈন্যঅক্যলে ইসারে লই গেল্।
[17] ইসা নিজর কুরুশ নিজে বঅন গরি নিয়েনে মাথার খুলি জাগা নামর উগ্যুয়া জাগাত গেল্। য়েই জাগাগানর য়িব্রু নাম আছিল্ গল্গথা।
[18] য়েডে য়িতারা ইসারে কুরুশত দিল্-ইসারে মাঝদি আর তেঁইর দুই ফাশে অইন্য দুই জনরে দিল্।
[19] ফিলাত উগ্যুয়া দোষনামা লেকিয়েনে ইসার কুরুশর উঅরদি লাগাই দিল্। য়িয়ানত লেহ্যা আছিল্, “নাসরতর ইসা, ইহুদিঅক্যলর বাদশা।”
[20] যেডে ইসারে কুরুশত দেয়া অইয়্যেল্ য়েই জাগাগান শঅরর হাছে আছিল্ বুলি ইহুদিঅক্যলর বউত কেউই য়েই দোষনামা ফরিল্। য়িয়ান য়িব্রু, রোমিয় আর গিরিক ভাষাত লেহ্যা আছিল্।
[21] তহন ইহুদিঅক্যলর মেইন ইমামঅক্যলে, ফিলাতরে হইল্, “ ‘ইহুদিঅক্যলর বাদশা,’ এই হতা নঅ লেকিবান, বরং লেহ্যন, ‘ইবা হইতো, আঁই ইহুদিঅক্যলর বাদশা।’”
[22] ফিলাত হইল্, “আঁই যিয়ান লেক্যি য়িয়ান লেক্যি।”
[23] ইসারে কুরুশত দিবার ফর সৈন্যঅক্যলে তেঁইর হঅর-সোর লইয়েনে নিজরার মইধ্যে চাইর ভাগে ভাগ গরিল্। ফরদি য়িতারা ইসার হোত্যাগানঅ নিল্। য়েই হোত্যাত হনঅ সিলাই নঅ আছিল্, উঅরর ত্যুন নিচ ফইয্যন্ত গোডাগানই বানাইন্যা আছিল্।
[24] য়িয়ান দেকিয়েনে সৈন্যঅক্যলে একজন অইন্যজনরে হইল্, “ইয়ান নঅ ছিরিয়েনে বরং লটারি গরিয়েনে চাই ইয়ান হার অইবো।” ইয়ান ঘইট্যেল্ যেন্ ফাক কিতাবর এই হতা ফুরন অঅ, য়িতারা নিজরার মইধ্যে আঁর হঅর-সোর ভাগ গইজ্যে, আর আঁর হঅরর লাই য়িতারা লটারি গইজ্যে। আর আঁসাই সৈন্যঅক্যলে এগিন গইজ্যেল্।
[25] ইসার মা, তেঁইর হ্যালা, ক্লোফার বউ মরিয়াম আর মগ্দলিনি মরিয়াম ইসার কুরুশর হাছে থিয়াই আছিল্।
[26] ইসা তেঁইর মারে আর যে উম্যতরে বেশি মহব্যত গইত্যো য়িবারে থিয়াই থাইক্তো দেকিল্। ফইল্যাদি তেঁই মারে হইল্, “উই চঅ, তোঁয়ার ফোয়া।”
[27] তার বাদে য়েই উম্যতরে হইল্, “উই চঅ, তোঁয়ার মা।” তহনর ত্যুনই য়েই উম্যত ইসার মারে য়িবার নিজর ঘরত লই গেল্।
[28] ইয়ার ফরদি বেক কিছু শেষ অইয়্যে জানিয়েনে ফাক কিতাবর হতা যেন্ ফুরন অঅ য়িয়ানর লাই ইসা হইল্, “আঁর তিরাশ লাইগ্যে।”
[29] য়েই জাগাত সিরকায় ভরা উগ্যুয়া জিনিস আছিল্। য়িতারা তহন উগ্যুয়া এস্ফন্জ য়েই সিরকাত ভিজাইল্ আর এসোব গাছর সিবার আগাত য়িয়ান লাগাইয়েনে ইসার মুকর হাছে ধরিল্।
[30] ইসা য়েই সিরকা হ্যাইবার ফরদি হইল্, “শেষ অইয়্যে।” তার ফর তেঁই মাথা নিচু গরিয়েনে তেঁইর রুহ্ দিই দিল্।
[31] য়েই দিনগান আছিল্ ইদর আয়োজনর দিন। ফরর দিন আছিল্ জিরাইবার দিন, আর য়েই জিরাইবার দিনগান উগ্যুয়া বিশেষ দিন আছিল্ বুলিয়েনে ইহুদি নেতাঅক্যলে চাইয়্যেল্ যেন্ য়েই দিনত লাশগিন কুরুশর উঅরদি নঅ থাকে। ইয়ানর লাই য়িতারা ফিলাতর হাছে অনুরোধ গরিল্ যেন্ কুরুশত যারা আছে য়িতারার ঠেং ভাঁগিয়েনে কুরুশর ত্যুন য়িতারারে সরাই ফেলা অঅ।
[32] তহন সৈন্যঅক্যলে আইয়েনে ইসার লগে যারারে কুরুশত দেয়া অইয়্যেল্ য়িতারার দুইজনর ঠেং ভাঁগি দিল্।
[33] ফরদি ইসার হাছে আই সৈন্যঅক্যলে তেঁইরে মরা দেকিয়েনে তেঁইর ঠেং নঅ ভাঁগিল্।
[34] কিন্তু একজন সৈন্য তেঁইর বুগর ফাঁজরত সেল দিয়েনে হ্যোঁছা মারিল্, আর তহনই য়েডের ত্যুন রক্ত আর ফানি বাইর অই আইল্।
[35] যিবা নিজর চোগে ইয়ান দেইক্যেল্ য়িবাই সাক্যি দিয়েনে হইয়্যে, আর য়িবার সাক্যি আঁসা। য়িবা জানে দে, য়িবা যেগিন হঅর য়েগিন আঁসা, যেন্ তোঁয়ারাঅ বিশ্যাস গরিত্ ফার।
[36] এগিন ঘইট্যেল্ যেন্ ফাক কিতাবর এই হতা ফুরন অঅ, “তেঁইর এক্যান আঁড্যিঅ ভাঁগা অইতো নঅ।”
[37] আবার কিতাবর আর এক্যান হতা এই — “যিবারে য়িতারা গাঁইত্যে তেঁইর মিক্যা য়িতারা চাই দেকিবো।”
[38] এই ঘটনাগিনর ফরদি অরিমাথিয়া গেরামর ইউসুফ ইসার লাশ্যুয়া লই যাইবার লাই ফিলাতর হাছে অনুমতি চাইল্। ইউসুফ আছিল্ ইসার গোফন উম্যত, হারন তেঁই ইহুদিনেতাঅক্যলরে ডরাইতো। ফিলাত অনুমতি দিলে ফর তেঁই আইয়েনে ইসার লাশ লই গেল্।
[39] আগদি যিবা রাতিয়া ইসার হাছে আইস্যেল্ য়েই নিকদিমঅ অনুমান তেত্তিরিশ কেজি গন্দরস আর অগুরু মিশাইয়েনে লই আইল্।
[40] ফরদি য়িতারা ইসার লাশ্যুয়া লইয়েনে ইহুদিঅক্যলর দাফন গরিবার নিয়ম মতন য়েই হ্যোশ্বু জিনিসগিনর লগে লাশ্যুয়া হঅর দিয়েনে ফেঁচাইল্।
[41] ইসারে যেডে কুরুশর উঅরদি মারি ফেলা অইয়্যেল্ য়েই জাগাগানত উগ্যুয়া বাগান আছিল্ আর য়েডে উগ্যুয়া নয়া হব্যর আছিল্। য়েই হব্যরর মইধ্যে কেউঅরে হনঅ দিনঅ দাফন গরা নঅঅ অঅ।
[42] য়েইদিনগান আছিল্ ইহুদিঅক্যলর ইদর আয়োজনর দিন, আর হব্যরগানঅ হাছে আছিল্ বুলি য়িতারা ইসারে য়েই হব্যরতই দাফন গরিল্।