Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:03

[1] সদাপ্রভু মোশিকে বললেন,

[2] “তুমি হারোণের সঙ্গে আলাপ করে তাকে বলো, ‘তুমি যখন সপ্ত-প্রদীপ প্রতিষ্ঠা করবে, তখন সেগুলি যেন দীপাধারের সম্মুখভাগে দীপ্তি দেয়।’ ”

[3] হারোণ সেইমতো করলেন; তিনি প্রদীপসকল স্থাপন করে, সেগুলির মুখ দীপাধারের সম্মুখদিকে রাখলেন, যে রকম সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।

[4] দীপাধার এইভাবে নির্মিত হয়েছিল; এর নিচ থেকে ফুল পর্যন্ত, সমস্ত অংশই সোনা পিটিয়ে তৈরি করা হয়েছিল। সদাপ্রভু মোশিকে যেমন নমুনা দেখিয়েছিলেন, দীপাধার ঠিক সেইরকম নির্মিত হয়েছিল।

[5] সদাপ্রভু মোশিকে বললেন,

[6] “অন্য ইস্রায়েলীদের মধ্য থেকে লেবীয়দের নিয়ে, তাদের আনুষ্ঠানিকভাবে শুদ্ধ করো।

[7] তাদের শুদ্ধকরণের জন্য এই কর্ম করো, তাদের উপর শুদ্ধকরণের জল সেচন করো; তারা সমস্ত শরীরের কেশ ক্ষৌরি করে, জলে তাদের বস্ত্র ধৌত করুক ও এইভাবে নিজেদের শুচি করুক।

[8] শস্য-নৈবেদ্যস্বরূপ জলপাই তেলমিশ্রিত মিহি ময়দা সমেত তারা একটি গোবৎস নেবে; তারপর পাপার্থক বলির জন্য তুমি দ্বিতীয় একটি গোবৎস নেবে।

[9] সমস্ত লেবীয়দের সমাগম তাঁবুর সম্মুখভাগে আনবে এবং সমস্ত ইস্রায়েলী সমাজকে একত্র করবে।

[10] তুমি লেবীয়দের সদাপ্রভুর সম্মুখে নিয়ে আসবে এবং ইস্রায়েলীরা তাদের উপরে হাত রাখবে।

[11] হারোণ ইস্রায়েলীদের দোলনীয়-নৈবেদ্যরূপে লেবীয়দের সদাপ্রভুর সম্মুখে নিবেদন করবে, যেন তারা সদাপ্রভুর কর্ম করার জন্য প্রস্তুত হয়।

[12] “লেবীয়দের ওই গোবৎসের উপর হাত রাখলে পর, সদাপ্রভুর উদ্দেশে তাদের একটি পাপার্থক বলিরূপে, অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করবে, যেন লেবীয়দের জন্য প্রায়শ্চিত্ত সাধিত হয়।

[13] হারোণ ও তার পুত্রদের সম্মুখে লেবিদের দাঁড় করাবে। তারপর, সদাপ্রভুর অভিমুখে দোলনীয়-নৈবেদ্যরূপে তাদের নিবেদন করবে।

[14] এইভাবে, অন্য ইস্রায়েলীদের থেকে তুমি লেবীয়দের পৃথক করবে। লেবীয়দের সকলে আমারই হবে।

[15] “লেবীয়দের শুদ্ধ করে, তুমি তাদের দোলনীয়-নৈবেদ্যরূপে নিবেদন করলে পর, তারা সমাগম তাঁবুতে তাদের সেবাকাজ করতে আসবে।

[16] ইস্রায়েলীদের মধ্যে শুধু তারাই সম্পূর্ণরূপে আমাকে দত্ত হবে। আমি প্রথমজাতদের, প্রত্যেক ইস্রায়েলী স্ত্রীর জ্যেষ্ঠ পুরুষ-সন্তানের পরিবর্তে তাদের নিজস্ব স্বত্ব বলে গ্রহণ করেছি।

[17] মানুষ অথবা পশু, ইস্রায়েলের সমস্ত প্রথমজাত পুরুষ আমার। মিশরে যখন আমি সমস্ত প্রথমজাত প্রাণীদের নিধন করি, আমি তাদের নিজের জন্য স্বতন্ত্র করে রেখেছিলাম।

[18] তারপর আমি সমস্ত ইস্রায়েলী জ্যেষ্ঠ সন্তানদের পরিবর্তে লেবীয়দের গ্রহণ করেছি।

[19] সমস্ত ইস্রায়েলীদের মধ্য থেকে, আমি হারোণ ও তার পুত্রদের, লেবীয়দের দান করেছি, যেন তারা সমস্ত ইস্রায়েলীদের পক্ষে সমাগম তাঁবুর কর্ম করে, তাদের জন্য প্রায়শ্চিত্ত করে, যেন তারা যখন পবিত্রস্থানের অভিমুখী হয়, তখন কোনো মহামারি ইস্রায়েলীদের নিধন না করে।”

[20] মোশি, হারোণ এবং সমস্ত ইস্রায়েল সম্প্রদায়, লেবি গোষ্ঠীকে নিয়ে সেইরূপ করলেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।

[21] লেবীয়েরা নিজেদের শুদ্ধ করে তাদের বস্ত্র ধৌত করল। তখন হারোণ সদাপ্রভুর সম্মুখে দোলনীয়-নৈবেদ্যরূপে তাদের নিবেদন করলেন ও তাদের শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত করলেন।

[22] তারপর লেবীয়েরা, হারোণ ও তার পুত্রদের তত্ত্বাবধানে, সমাগম তাঁবুর কার্য করার জন্য উপস্থিত হল। তারা লেবীয়দের নিয়ে সেইরূপ কাজ করল, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।

[23] সদাপ্রভু মোশিকে বললেন,

[24] “এই কথা লেবীয়দের জন্য প্রযোজ্য, পঁচিশ বছর বা তারও বেশি বয়সি পুরুষেরা, সমাগম তাঁবুর কর্মে অংশগ্রহণ করতে আসবে,

[25] কিন্তু পঞ্চাশ বছর বয়স হলে তারা সেবাকাজ থেকে অবসর নেবে ও আর কোনো কর্ম করবে না।

[26] তারা সমাগম তাঁবুর কর্মে, তাদের ভাইদের সহায়ক হবে, কিন্তু তারা নিজেরা কোনো কাজ করবে না। এইভাবে তুমি লেবীয়দের দায়িত্ব নিরূপণ করবে।”

গণনা পুস্তক — Chapters