Skip to content
Opens in a new window
Listen to this chapter • 7:37

[1] সদাপ্রভু মোশিকে বললেন,

[2] “ইস্রায়েলীদের আদেশ দিয়ে তাদের এই কথা বলো, ‘তোমরা নিরূপিত সময়ে, আমার আনন্দদায়ক সুরভিরূপে, অগ্নির মাধ্যমে ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করবে।’

[3] তাদের বলো, ‘অগ্নির মাধ্যমে অনুরূপ নৈবেদ্য তোমরা সদাপ্রভুর উদ্দেশে প্রতিদিন হোম-নৈবেদ্যরূপে ক্রুটিহীন এক বর্ষীয় দুটি মেষশাবক উৎসর্গ করবে।

[4] একটি সকালে ও অন্যটি গোধূলিবেলায় উৎসর্গ করবে।

[5] তার সঙ্গে শস্য-নৈবেদ্য হিসেবে, এক ঐফার এক-দশমাংশ মিহি ময়দা, এক হিনের এক-চতুর্থাংশ নিষ্পেষিত জলপাই তেলের সঙ্গে মিশ্রিত করে দিতে হবে।

[6] এই নিয়মিত হোম-নৈবেদ্য, সীনয় পর্বতে স্থাপিত আনন্দদায়ক সুরভিত বলি, যা সদাপ্রভুর উদ্দেশে এক ভক্ষ্য-নৈবেদ্য।

[7] এর পেয়-নৈবেদ্যরূপে, প্রত্যেকটি মেষশাবকের সঙ্গে, এক হিনের এক-চতুর্থাংশ তীব্র দ্রাক্ষারস দিতে হবে। সেই পেয়-নৈবেদ্য, পবিত্র স্থলে সদাপ্রভুর উদ্দেশে ঢেলে দিতে হবে।

[8] সন্ধ্যাবেলায় দ্বিতীয় মেষটি, একই ধরনের শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য সহযোগে প্রস্তুত করবে, যেমন সকালবেলা করেছিল। এটি ভক্ষ্য-নৈবেদ্য, অগ্নির মাধ্যমে সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিরূপে নিবেদিত হবে।

[9] “ ‘বিশ্রামবারে ক্রুটিহীন এক বর্ষীয় দুটি মেষশাবক নিয়ে উৎসর্গ করবে। সেই সঙ্গে তার পরিপূরক পেয়-নৈবেদ্য ও শস্য-নৈবেদ্যরূপে, এক ঐফার দুই-দশমাংশ মিহি ময়দা তেলে মিশ্রিত করে নিবেদন করবে।

[10] নিয়মিত হোম-নৈবেদ্য ও পরিপূরক পেয়-নৈবেদ্যর অতিরিক্ত এই হোম-নৈবেদ্য প্রতি বিশ্রামবারের জন্য প্রযোজ্য।

[11] “ ‘প্রত্যেক মাসের প্রথম দিনে, সদাপ্রভুর নিকট দুটি পুংগোবৎস, একটি মেষ এবং সাতটি মদ্দা মেষশাবক, হোম-নৈবেদ্যরূপে উৎসর্গ করবে। এদের প্রত্যেকটিই ত্রুটিহীন হতে হবে।

[12] প্রত্যেকটি পুং গোবৎসের সঙ্গে শস্য-নৈবেদ্যরূপে এক ঐফার তিন-দশমাংশ মিহি ময়দা তেলে মিশ্রিত করে দিতে হবে। মেষটির জন্য শস্য-নৈবেদ্য হবে, তেলে মিশ্রিত এক ঐফার দুই-দশমাংশ মিহি ময়দা;

[13] আবার প্রত্যেকটি মেষশাবকের শস্য-নৈবেদ্য হবে এক ঐফার এক-দশমাংশ তেলে মিশ্রিত মিহি ময়দা। এই সমস্ত হোম-নৈবেদ্য, অগ্নির মাধ্যমে, সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিরূপে নিবেদিত হবে।

[14] এদের পরিপূরক পেয়-নৈবেদ্য হবে, প্রত্যেকটি গোবৎসের সঙ্গে হিনের এক অর্ধাংশ; মেষটির হিনের এক-তৃতীয়াংশ এবং প্রত্যেকটি মেষশাবকের সঙ্গে হিনের এক-চতুর্থাংশ দ্রাক্ষারস। বছরের প্রত্যেক অমাবস্যায় এই মাসিক হোম-নৈবেদ্য উৎসর্গ করতে হবে।

[15] নিয়মিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক পেয়-নৈবেদ্যর সঙ্গে পাপার্থক বলিরূপে, সদাপ্রভুর নিকট একটি পুং ছাগলও উপহার দিতে হবে।

[16] “ ‘প্রথম মাসের চতুর্দশ দিনে, সদাপ্রভুর নিস্তারপর্ব অনুষ্ঠিত হবে।

[17] এই মাসের পঞ্চদশ দিনে এক উৎসব হবে। সাতদিন খামিরবিহীন রুটি আহার করতে হবে।

[18] প্রথম দিনে এক পবিত্র সভা আহূত হবে এবং সেদিন কোনো নিয়মিত কর্ম করবে না।

[19] সদাপ্রভুর নিকট অগ্নির মাধ্যমে এক নৈবেদ্য, অর্থাৎ এক হোম-নৈবেদ্য নিবেদন কোরো। দুটি পুংগোবৎস, একটি মেষ ও সাতটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক নিতে হবে। এর সব কটিই ত্রুটিহীন হওয়া চাই।

[20] প্রত্যেকটি পুং গোবৎসের সঙ্গে পরিপূরক শস্য-নৈবেদ্য দিতে হবে, তেলে মিশ্রিত এক ঐফার তিন-দশমাংশ মিহি ময়দা, মেষটির সঙ্গে দুই-দশমাংশ

[21] ও সাতটি মেষশাবকের প্রত্যেক সাতটি মেষের জন্য এক-দশমাংশ মিহি ময়দা।

[22] তোমাদের প্রায়শ্চিত্ত সাধনের উদ্দেশে, পাপার্থক বলির জন্য একটি পুং ছাগলও নেবে।

[23] প্রত্যূষকালে নিয়মিত হোম-নৈবেদ্যর অতিরিক্তিরূপে এই সমস্তের আয়োজন করতে হবে।

[24] এইভাবে সাতদিন ধরে প্রত্যেকদিন, সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিরূপে নিবেদিত ভক্ষ্য-নৈবেদ্যর আয়োজন করবে। নিয়িমিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক পেয়-নৈবেদ্যর অতিরিক্তরূপে এই আয়োজন করতে হবে।

[25] সপ্তম দিনে এক পবিত্র সভা আহূত হবে। সেদিনও কোনো নিয়মিত কর্ম করবে না।

[26] “ ‘প্রথম উৎপন্ন শস্যের দিনে, সাত সপ্তাহের উৎসবে, যখন তোমরা সদাপ্রভুকে নতুন শস্য নিবেদন করবে, পবিত্র নতুন শস্যের সভা আহ্বান করবে এবং কোনো নিয়মিত কর্ম করবে না।

[27] সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিস্বরূপ হোম-নৈবেদ্যরূপে, দুটি পুংগোবৎস, একটি মেষ ও সাতটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক উৎসর্গ করবে।

[28] প্রত্যেকটি পুং গোবৎসের জন্য পরিপূরক শস্য-নৈবেদ্য হবে তেলে মিশ্রিত এক ঐফার তিন-দশমাংশ মিহি ময়দা; মেষটির জন্য দুই-দশমাংশ

[29] এবং সাতটি মেষশাবকের প্রত্যেকটির জন্য এক-দশমাংশ করে।

[30] তোমাদের প্রায়শ্চিত্ত সাধনের উদ্দেশে একটি পুং ছাগলও নেবে।

[31] নিয়মিত হোম-নৈবেদ্য ও শস্য-নৈবেদ্যর অতিরিক্তরূপে এই সমস্তের আয়োজন পেয়-নৈবেদ্য সহযোগে করবে। নিশ্চিত হবে, যেন পশুগুলি ত্রুটিহীন হয়।

গণনা পুস্তক — Chapters