[1] সদাপ্রভু মোশিকে বললেন,
[2] “ইস্রায়েলীদের সঙ্গে কথা বলো এবং তাদের নিকট থেকে প্রত্যেক পিতৃকুলের নেতা প্রতি একটি করে, বারোটি যষ্টি গ্রহণ করো। প্রত্যেক ব্যক্তির নাম তার যষ্টিতে লেখ।
[3] লেবির যষ্টিতে হারোণের নাম লিখবে, কারণ প্রত্যেক পিতৃকুলের শীর্ষ নেতার একটি করে যষ্টি থাকবে।
[4] সেগুলি নিয়ে, যেখানে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করি, সমাগম তাঁবুর সেই সাক্ষ্য-সিন্দুকের সম্মুখে রাখো।
[5] যে ব্যক্তিকে আমি মনোনীত করব তার যষ্টি অঙ্কুরিত হবে এবং আমি আমার বিপক্ষে ইস্রায়েলীদের নিরবচ্ছিন্ন অসন্তোষ থেকে অব্যহতি পাব।”
[6] আর মোশি ইস্রায়েলীদের সঙ্গে কথা বললেন এবং তাদের নেতৃগণ তাকে প্রত্যেক পিতৃকুলের প্রধানের জন্য একটি করে বারোটি যষ্টি দিলেন। হারোণের যষ্টিও তাদের মধ্যে ছিল।
[7] মোশি সাক্ষ্য তাঁবুর মধ্যে সেই যষ্টিগুলি সদাপ্রভুর সম্মুখে রাখলেন।
[8] পরের দিন, মোশি সাক্ষ্য তাঁবুতে প্রবেশ করে দেখলেন, লেবির কূলসূচক হারোণের যষ্টি; শুধুমাত্র যে অঙ্কুরিত হয়েছে, তা নয় কিন্তু মুকুলিত ও পুষ্পিত হয়েছে এবং কাঠবাদামও ধরেছে।
[9] তখন মোশি, যষ্টিগুলি সদাপ্রভুর নিকট থেকে বাইরে, ইস্রায়েলীদের নিকটে নিয়ে এলেন। তারা সেগুলি দেখল এবং প্রত্যেক নেতা নিজের নিজের যষ্টি গ্রহণ করল।
[10] সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণের যষ্টি পুনরায় সাক্ষ্য-সিন্দুকের সম্মুখে রাখো, তাহা বিদ্রোহীকুলের পক্ষে নিদর্শনস্বরূপ হবে। এরপরে তারা আমার বিপক্ষে বচসা করতে নিবৃত্ত হবে এবং তারা যেন আর না মরে।”
[11] মোশি ঠিক তাই করলেন, যে রকম সদাপ্রভু তাকে আদেশ দিয়েছিলেন।
[12] ইস্রায়েলীরা মোশিকে বলল, “আমরা মারা যাব! আমরা বিনাশপ্রাপ্ত হয়েছি, প্রত্যেকেই বিনষ্ট হলাম!
[13] যে কেউ সদাপ্রভুর আবাস তাঁবুর নিকটেও যদি আসে, সে মারা পড়বে। আমরা কি সকলেই মরব?”