Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:13

[1] মনঃশির পুত্র মাখীর, তাঁর পুত্র গিলিয়দ, তাঁর পুত্র হেফর; তাঁর পুত্র সলফাদের কন্যাগণ, যোষেফের পুত্র মনঃশির গোষ্ঠীভুক্ত ছিল। সেই কন্যাদের নাম ছিল মহলা, নোয়া, হগ্‌লা, মিল্কা ও তির্সা।

[2] তারা সমাগম তাঁবুর প্রবেশ মুখে মোশি, যাজক ইলীয়াসর, নেতৃবর্গ এবং সমস্ত সমাজের সামনে এসে দাঁড়াল। তারা বলল,

[3] “আমাদের বাবা প্রান্তরে মারা গিয়েছিলেন। যারা সদাপ্রভুর বিপক্ষে জোটবদ্ধ হয়েছিল, সেই কোরহের অনুগামীদের মধ্যে তিনি ছিলেন না, কিন্তু তিনি নিজের পাপেই মারা গিয়েছেন এবং কোনো পুত্র রেখে যাননি।

[4] যেহেতু তাঁর পুত্র নেই, তাই আমাদের বাবার নাম, তাঁর গোষ্ঠী থেকে কেন অবলুপ্ত হবে? আমাদের বাবার আত্মজনের মধ্যে থেকে, আমাদের ভূমির স্বত্বাধিকার দিন।”

[5] মোশি তাদের আবেদন সদাপ্রভুর সম্মুখে নিয়ে গেলেন।

[6] সদাপ্রভু তাঁকে বললেন,

[7] “সলফাদের কন্যাগণ সঠিক কথাই বলেছে। তুমি নিশ্চিতরূপে তাদের বাবার আত্মজনের অধিকার মধ্যে, তাদের ভূমির স্বত্বাধিকার দেবে এইভাবে, তাদের বাবার স্বত্বাধিকার, তাদের দান করবে।

[8] “ইস্রায়েলীদের বলো, ‘যদি কোনো ব্যক্তি মারা যায় ও তার পুত্র না থাকে তাহলে স্বত্বাধিকার তার কন্যার হবে।

[9] যদি তার কন্যাও না থাকে, তবে তার ভ্রাতৃগণকে সেই স্বত্বাধিকার দিতে হবে।

[10] যদি তার ভ্রাতৃগণও না থাকে, তাহলে তার পিতৃকুলের ভ্রাতৃগণকে তার স্বত্বাধিকার দিতে হবে।

[11] যদি তার বাবারও কোনো ভাই না থাকে, তাহলে গোষ্ঠীর নিকটতম আত্মজকে তা দান করতে হবে। এইভাবে সে তার স্বত্বাধিকার গ্রহণ করবে। ইস্রায়েলীদের জন্য এই বিধি হবে আইনানুগ, কারণ সদাপ্রভু মোশিকে এরকমই আদেশ দিয়েছেন।’ ”

[12] তারপর সদাপ্রভু মোশিকে বললেন, “অবারীম পর্বতশ্রেণীর এই পর্বতে ওঠো এবং ইস্রায়েলীদের যে দেশ আমি দিতে চাই, সেই দেশ দেখো।

[13] সেটি দেখার পর তুমিও, তোমার ভাই হারোণের মতো স্বজনবর্গের নিকট সংগৃহীত হবে।

[14] কারণ সীন প্রান্তরে যখন জনতা জলের জন্য বিদ্রোহ করেছিল, তোমরা উভয়েই আমার আদেশের অবাধ্য হয়ে তাদের দৃষ্টিগোচরে আমাকে পবিত্র বলে সম্মান করোনি।” (এই জল ছিল সীন প্রান্তরের মরীবা কাদেশের জল)

[15] মোশি সদাপ্রভুকে বললেন,

[16] “হে সদাপ্রভু, সমস্ত মানবজাতির আত্মাস্বরূপ ঈশ্বর, এই সম্প্রদায়ের উপরে এক ব্যক্তিকে নিযুক্ত করুন,

[17] যে তাদের সম্মুখে গমনাগমন করবে ও তাদের নেতৃত্ব দিয়ে বাইরে নিয়ে যাবে ও ভিতরে নিয়ে আসবে, যেন সদাপ্রভুর প্রজারা পালকবিহীন মেষপালের ন্যায় না হয়।”

[18] অতএব সদাপ্রভু মোশিকে বললেন, “নূনের পুত্র যিহোশূয়কে নিয়ে তাঁর উপরে তুমি তোমার হাত রাখো, সে আত্মবিষ্ট ব্যক্তি।

[19] তাঁকে যাজক ইলীয়াসর ও সমস্ত সমাজের সম্মুখে দাঁড় করাও এবং তাদের উপস্থিতিতে তাঁকে নিয়োগ করো।

[20] তোমার কর্তৃত্বভারের কিছু অংশ তাঁকে দাও, যেন সমস্ত ইস্রায়েলী সম্প্রদায় তাঁকে মেনে চলে।

[21] সে যাজক ইলিয়াসরের সম্মুখে দাঁড়াবে, যে তাঁর জন্য সদাপ্রভুর নিকটে, উরিম-মারফত সদাপ্রভুর সিদ্ধান্ত যাচ্ঞা করবে। তাঁর আদেশে সে এবং সমস্ত ইস্রায়েলী সম্প্রদায় বাইরে যাবে এবং তাঁর আদেশে তারা ভিতরে আসবে।”

[22] মোশি ঠিক তাই করলেন, যে রকম সদাপ্রভু তাঁকে আদেশ করেছিলেন। তিনি যিহোশূয়কে নিয়ে যাজক ইলীয়াসর ও সমস্ত সমাজের সম্মুখে দাঁড় করালেন।

[23] তারপর তিনি তাঁর উপর হাত রাখলেন এবং তাঁকে নিয়োগ করলেন যেমন সদাপ্রভু মোশির মাধ্যমে সেরকমই নির্দেশ দিয়েছিলেন।

গণনা পুস্তক — Chapters