Skip to content
Opens in a new window
Listen to this chapter • 9:50

[1] সদাপ্রভু হারোণকে বললেন, “তুমি, তোমার পুত্রেরা এবং তোমার পিতৃকুল, পবিত্রস্থানের বিপক্ষে কৃত অপরাধের জন্য দায়ী হবে এবং তুমি ও তোমার পুত্রেরা যাজকত্ব পদের বিপক্ষে কৃত অপরাধের জন্য দায়ী হবে।

[2] তোমার পিতৃকুল থেকে সহচর লেবীয়দের নিয়ে এসো। যখন তুমি ও তোমার পুত্রেরা সাক্ষ্য তাঁবুর সম্মুখে পরিচর্যা করো, তারা তোমার সঙ্গে যোগ দিয়ে তোমাদের সাহায্য করুক।

[3] তারা তোমার প্রতি দায়িত্বশীল থাকবে এবং তারা তাঁবুর সংশ্লিষ্ট সমস্ত কর্ম করবে, কিন্তু পবিত্রস্থানের আসবাব অথবা যজ্ঞবেদির কাছে যাবে না, নতুবা তুমি এবং তারা উভয়ই মারা পড়বে।

[4] তারা তোমার সঙ্গে যুক্ত হয়ে সাক্ষ্য তাঁবুর তত্ত্বাবধানের জন্য দায়ী হবে, তাঁবু সংক্রান্ত সমস্ত কর্মের জন্যই, কিন্তু কেউই যেখানে তোমরা থাকবে সেখানে যাবে না।

[5] “তুমি পবিত্রস্থান ও যজ্ঞবেদির জন্য দায়ী হবে, যেন পুনরায় ইস্রায়েলীদের উপর আমার রোষ না বর্তে।

[6] আমি স্বয়ং তোমার সহচর লেবীয়দের, ইস্রায়েলীদের মধ্য থেকে মনোনীত করে, তোমাকে উপহার দিয়েছি, সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করেছি, যেন তারা সমাগম তাঁবুর কর্মসকল করতে পারে।

[7] কিন্তু যজ্ঞবেদি সম্পর্কিত সমস্ত বিষয়ে এবং পর্দার অভ্যন্তরে শুধুমাত্র তুমি ও তোমার পুত্রেরা যাজকরূপে পরিচর্যা করবে। আমি যাজকত্ব পদের পরিচর্যা, তোমাকে উপহার স্বরূপ দিয়েছি। অন্য কেউ যদি পবিত্রস্থানের কাছে যায়, তার প্রাণদণ্ড হবে।”

[8] তারপর সদাপ্রভু হারোণকে বললেন, “যে নৈবেদ্য সকল আমার উদ্দেশে নিবেদিত হয়, আমি স্বয়ং তোমাকে সেই সকলের তত্ত্বাবধায়ক করেছি; সমস্ত পবিত্র উপহার, যা ইস্রায়েলীরা আমাকে নিবেদন করে, আমি তোমাকে ও তোমার পুত্রগণকে তোমাদের অংশ ও প্রাপ্য বলে দিয়েছি।

[9] যে সমস্ত দ্রব্য অগ্নি আহুতি থেকে অবশিষ্ট থাকে, তুমি সেই অতি পবিত্র নৈবেদ্যর অংশ প্রাপ্ত হবে। সমস্ত উপহার, যা তারা অতি পবিত্র নৈবেদ্যরূপে নিয়ে আসে, অর্থাৎ শস্য বা পাপার্থক-নৈবেদ্য, সেই অংশে তোমার ও তোমার পুত্রগণের অধিকার থাকবে।

[10] অত্যন্ত পবিত্র গণ্য করে তা আহার কোরো; প্রত্যেক পুরুষ তা আহার করবে, তুমি অবশ্যই তা পবিত্র বলে সম্মান করবে।

[11] “এই সমস্ত তোমার, ইস্রায়েলীদের আনীত দোলনীয়-নৈবেদ্যের উপহারসমূহ থেকে যা কিছু পৃথক করে রাখা হয়। আমি সেই সমস্ত তোমাকে, তোমার পুত্রগণ ও কন্যাগণকে, তোমাদের নিয়মিত প্রাপ্য অংশ বলে দিলাম। তোমার কুলের প্রত্যেক ব্যক্তি, যে আনুষ্ঠানিকভাবে শুচি, সে তা আহার করতে পারবে।

[12] “তারা সদাপ্রভুর উদ্দেশে তাদের যে সকল উত্তম জলপাই তেল, উত্তম নতুন দ্রাক্ষারস ও শস্য নিবেদন করে, যে সকল অগ্রিমাংশ তারা উৎসর্গ করে, সে সমস্তই আমি তোমাকে দিলাম।

[13] ভূমিজাত সমস্ত ফলের অগ্রিমাংশ যা তারা সদাপ্রভুর নিকট নিয়ে আসে, তা তোমাদেরই হবে। তোমরা পরিবারের প্রত্যেকে, যে আনুষ্ঠানিকভাবে শুচি, সে তা আহার করতে পারবে।

[14] “ইস্রায়েলের সবকিছুই, যা সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গীকৃত হয়, তা তোমার হবে।

[15] মানুষ বা পশু, যাবতীয় প্রাণীর মধ্যে প্রথমজাত সকল প্রাণীকে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করবে, সে সকল তোমার হবে। কিন্তু মনুষ্যের প্রথমজাতকে এবং অশুচি পশুর প্রথমজাত পুংপশুকে তুমি অবশ্য মুক্ত করবে।

[16] যখন তাদের বয়স এক মাস হবে, তুমি তাদের নির্ধারিত মুক্তির মূল্যে, অর্থাৎ পবিত্রস্থানের শেকল অনুসারে, পাঁচ শেকল রুপোর বিনিময়ে মুক্ত করবে। এক শেকলের ওজন, কুড়ি গেরা।

[17] “তুমি কিন্তু প্রথমজাত বৃষ, মেষ অথবা ছাগলকে মুক্ত করবে না; সেগুলি পবিত্র। তাদের রক্ত বেদিতে ছিটাবে এবং তাদের মেদ, সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিস্বরূপ, ভক্ষ্য-নৈবেদ্যরূপে অগ্নিতে দগ্ধ করবে।

[18] তাদের মাংস তোমাদেরই প্রাপ্য হবে, যেমন দোলনীয়-নৈবেদ্যর বক্ষ ও দক্ষিণ ঊরু তোমাদের।

[19] সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত, ইস্রায়েলীদের পবিত্র নৈবেদ্য থেকে যা কিছু স্বতন্ত্র রাখা হয়, তা আমি তোমাকে, তোমার পুত্রদের ও কন্যাদের নিয়মিত অংশ বলে দিলাম। তুমি ও তোমার সন্তানদের জন্য এই হল সদাপ্রভুর সাক্ষাতে চিরস্থায়ী লবণ-নিয়ম।”

[20] সদাপ্রভু হারোণকে বললেন, “তাদের দেশে তোমার কোনো উত্তরাধিকার থাকবে না, কিংবা তাদের মধ্যে তোমার কোনো অংশ থাকবে না। ইস্রায়েলীদের মধ্যে আমিই তোমার অংশ এবং অধিকার।

[21] “সমাগম তাঁবুর পরিচর্যার সময় লেবীয়েরা যে কর্ম করে, তাঁর পরিবর্তে আমি উত্তরাধিকারস্বরূপ তাদের ইস্রায়েলের সমস্ত দশমাংশ দিলাম।

[22] এখন অবধি ইস্রায়েলীরা অবশ্যই সমাগম তাঁবুর নিকটস্থ হবে না, নতুবা তারা তাদের পাপের পরিণতি ভোগ করবে ও মারা পড়বে।

[23] কেবলমাত্র লেবীয়েরাই সমাগম তাঁবুর সংশ্লিষ্ট কর্মসকল করবে এবং তাঁর বিপক্ষে কৃত অপরাধসমূহের দায়িত্ব বহন করবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এই বিধি চিরস্থায়ী। তারা ইস্রায়েলীদের মধ্যে কোনো উত্তরাধিকার পাবে না।

[24] পরিবর্তে, আমি লেবীয়দের অধিকারস্বরূপ সমস্ত দশমাংশ দান করছি, যা ইস্রায়েলীরা, সদাপ্রভুর নিকট উপহার স্বরূপ নিবেদন করে। এই জন্য আমি তাদের সম্পর্কে এই কথা বলেছি, ‘ইস্রায়েলীদের মধ্যে তাদের কোনো উত্তরাধিকার থাকবে না।’ ”

[25] সদাপ্রভু মোশিকে বললেন,

[26] “লেবীয়দের সঙ্গে কথা বলো, তাদের বলো, ‘যখন তোমরা ইস্রায়েলীদের নিকট দশমাংশ গ্রহণ করবে, যা আমি তোমাদের অধিকারস্বরূপ দান করেছি, তোমরা সেই দশমাংশের এক-দশমাংশ, সদাপ্রভুর নৈবেদ্যস্বরূপ উপহার দেবে।

[27] তোমাদের নৈবেদ্য তোমাদের জন্য খামারের শস্য অথবা দ্রাক্ষা নিষ্পেষণ যন্ত্রের নির্যাসস্বরূপ গণ্য হবে।

[28] একইভাবে, তোমরাও ইস্রায়েলীদের নিকট থেকে যে সমস্ত দশমাংশ পাও, তার থেকে সদাপ্রভুর উদ্দেশে এক নৈবেদ্য উপহার দেবে। এই সমস্ত দশমাংশ থেকে, তোমরা অবশ্যই সদাপ্রভুর অংশ, যাজক হারোণকে দেবে।

[29] তোমাদের যা দেওয়া হয়, তা মধ্যে থেকে সর্বোত্তম এবং পবিত্রতম অংশ, সদাপ্রভুর অংশ বলে নিবেদন করবে।’

[30] “লেবীয়দের বলো, ‘যখন তোমরা সেই সর্বোত্তম অংশ নিবেদন করবে, তখন তা তোমাদের জন্য খামারের শস্য অথবা দ্রাক্ষা নিষ্পেষণ যন্ত্রের নির্যাসের মতোই গণ্য হবে।

[31] তোমরা ও তোমাদের স্বজনবর্গ, তাঁর অবশিষ্ট অংশ, যে কোনো স্থানে আহার করতে পারো, কারণ তা সমাগম তাঁবুতে তোমাদের কর্মের বেতনস্বরূপ।

[32] তাঁর সর্বোত্তম অংশ নিবেদন করে, তোমরা এই বিষয়ে অপরাধী হবে না; ফলে তোমরা ইস্রায়েলীদের পবিত্র নৈবেদ্য কলুষিত করবে না এবং তোমরা মারা পড়বে না।’ ”

গণনা পুস্তক — Chapters