[1] সদাপ্রভু মোশিকে বললেন,
[2] “ইস্রায়েলীদের তরফে মিদিয়নীয়দের উপর প্রতিশোধ নাও। তারপর তুমি তোমার স্বজনবর্গের নিকট সংগৃহীত হবে।”
[3] অতএব মোশি লোকদের বললেন, “মিদিয়নীয়দের বিপক্ষে যুদ্ধ করার জন্য তোমরা কিছু ব্যক্তিকে অস্ত্রসজ্জিত করো, যেন সদাপ্রভুর জন্য তাদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করে।
[4] ইস্রায়েলের প্রত্যেক গোষ্ঠী থেকে এক এক সহস্র সেনা যুদ্ধে পাঠাও।”
[5] অতএব ইস্রায়েলী বংশসমূহ থেকে, প্রত্যেক গোষ্ঠীর এক সহস্র করে দ্বাদশ সহস্র ব্যক্তি, সমর সজ্জায় সজ্জিত হল।
[6] মোশি প্রত্যেক গোষ্ঠী থেকে এক সহস্র ব্যক্তিকে যুদ্ধে প্রেরণ করলেন। তাদের সঙ্গে যাজক ইলিয়াসরের পুত্র পীনহসকেও প্রেরণ করা হল। তিনি পবিত্রস্থল থেকে পবিত্র দ্রব্যসকল ও সংকেত জ্ঞাপনের উদ্দেশে তূরী সঙ্গে নিলেন।
[7] সদাপ্রভু যেমন মোশিকে আদেশ দিয়েছিলেন, তারা মিদিয়নের বিপক্ষে যুদ্ধ করে তাদের প্রত্যেক পুরুষকে বধ করল।
[8] তাদের বিজিতদের মধ্যে ছিল, মিদিয়নের পাঁচজন রাজা—ইবি, রেকম, সূর, হূর ও রেবা। তারা বিয়োরের পুত্র বিলিয়মকেও তরোয়ালের আঘাতে বধ করল।
[9] ইস্রায়েলীরা, মিদিয়নীয় স্ত্রীলোক ও ছেলেমেয়েদের বন্দি করল এবং তারা তাদের গবাদি পশু, মেষপাল ও সমস্ত দ্রব্য লুণ্ঠন করল।
[10] তারা তাদের নগরসকল, যেখানে তারা বাস করত এবং তাদের সমস্ত ছাউনি পুড়িয়ে দিল।
[11] তারা মানুষ ও পশু সমেত সমস্ত লুন্ঠিত দ্রব্য ও সমস্ত প্রাণীকে নিয়ে গেল।
[12] সমস্ত বন্দি, ধৃত প্রাণী ও লুন্ঠিত দ্রব্যসকল নিয়ে তারা মোশি, যাজক ইলীয়াসর ও ইস্রায়েলী সমাজের নিকট তাদের ছাউনিতে, মোয়াবের সমতলে, জর্ডনের সমীপে, যিরীহোর অপর পাশে নিয়ে এল।
[13] মোশি, যাজক ইলীয়াসর ও মণ্ডলীর সমস্ত নেতৃবর্গ, ছাউনির বাইরে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন।
[14] মোশি যুদ্ধ থেকে ফেরা দায়িত্বপ্রাপ্ত সেনা আধিকারিকদের, অর্থাৎ সহস্র সেনাধিপতি ও শত সেনাধিপতিদের উপর রুষ্ট হলেন।
[15] তিনি তাদের প্রশ্ন করলেন, “তোমরা কি সব স্ত্রীলোকদের জীবিত রেখেছ?
[16] বিলিয়মের পরামর্শে তারাই ইস্রায়েলীদের সদাপ্রভুর নিকট থেকে পথবিচ্যুত করেছিল। পিয়োরে সেই ঘটনা ঘটেছিল যখন সদাপ্রভুর প্রজাগণ এক মহামারির দ্বারা আক্রান্ত হয়।
[17] এখন সমস্ত কিশোরদের বধ করো। পুরুষের সঙ্গে শায়িতা সব স্ত্রীলোকদেরও বধ করো,
[18] কিন্তু, যারা কোনো পুরুষের সঙ্গে কখনও শয়ন করেনি, সেই কুমারীদের তোমাদের জন্য জীবিত রাখো।
[19] “তোমাদের মধ্যে প্রত্যেকে, যারা কাউকে বধ করেছে বা নিহত কাউকে স্পর্শ করেছে, ছাউনির বাইরে সাতদিন অবস্থিতি করবে। তৃতীয় ও সপ্তম দিনে, তোমরা নিজেদের ও তোমাদের বন্দিগণকে অবশ্যই শুদ্ধ করবে।
[20] প্রত্যেকটি বস্ত্র, সেই সঙ্গে চর্মনির্মিত, ছাগ-লোম বা কাঠ নির্মিত সমস্ত দ্রব্যকে শুদ্ধ করতে হবে।”
[21] তারপর যাজক ইলীয়াসর, যারা যুদ্ধে গমন করেছিল, সেই সেনাদের বলল, “সদাপ্রভু মোশিকে যা বলেছিলেন, সেই ব্যবস্থার বিধান এই,
[22] সোনা, রুপো, ব্রোঞ্জ, লৌহ, টিন, সীসা,
[23] এবং অন্য যে সমস্ত দ্রব্য অগ্নির উত্তাপ সহ্য করতে পারে, তাদের অগ্নির মধ্য দিয়ে পরিশোধন করতে হবে, তখন তা শুদ্ধ হবে। তা সত্ত্বেও, শুদ্ধিকরণের জল দিয়ে সেসব পরিশোধন করতে হবে। যে কোনো দ্রব্য অগ্নির উত্তাপ সহ্য করতে পারে না, সেই সমস্ত জলে পরিশোধন করতে হবে।
[24] সপ্তম দিনে তোমরা নিজেদের বস্ত্র ধৌত করলে পরিষ্কৃত হবে। তারপর তোমরা ছাউনিতে প্রবেশ করবে।”
[25] সদাপ্রভু মোশিকে বললেন,
[26] “তুমি, যাজক ইলীয়াসর এবং সমাজের বংশ-প্রধানেরা, সমস্ত বন্দি মানুষ ও ধৃত পশুদের সংখ্যা গণনা করো।
[27] যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই সেনাদের মধ্যে ও সমাজের অবশিষ্ট ব্যক্তিদের মধ্যে লুন্ঠিত দ্রব্য সমান ভাগে ভাগ করো।
[28] যারা যুদ্ধ করেছিল সেই সেনাদের নিকট থেকে মানুষ অথবা গবাদি পশু, গর্দভ, মেষ বা ছাগল, প্রত্যেক পাঁচশত প্রাণী প্রতি একটি করে প্রাণী সদাপ্রভুকে দেয় রাজস্ব হিসেবে পৃথক করো।
[29] তাদের প্রাপ্য এই অর্ধেকাংশ থেকে এই রাজস্ব নিয়ে, সদাপ্রভুর অংশ হিসেবে, যাজক ইলীয়াসরকে দান করো।
[30] ইস্রায়েলীদের প্রাপ্য অর্ধেকাংশ থেকে, মানুষ, গবাদি পশু, গর্দভ, মেষ, ছাগল বা অন্য পশু, প্রত্যেক পঞ্চাশটি প্রাণী প্রতি একটি করে প্রাণী পৃথক করো। সেই সমস্ত নিয়ে লেবীয়দের দাও, যারা সদাপ্রভুর আবাস তাঁবুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে।”
[31] অতএব মোশি ও যাজক ইলীয়াসর ঠিক তাই করলেন, যেমন সদাপ্রভু মোশিকে বলেছিলেন।
[32] অন্যান্য লুন্ঠিত দ্রব্য ব্যতিরেকে সেনাদের ধৃত প্রাণীর সংখ্যা, 6,75,000 টি মেষ,
[33] 72,000 টি গবাদি পশু,
[34] 61,000 টি গর্দভ,
[35] এবং 32,000 জন কুমারী যারা কখনও কোনো পুরুষের সঙ্গে শয়ন করেনি।
[36] যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের প্রাপ্ত অর্ধেকাংশ ছিল: 3,37,500 টি মেষ,
[37] এর মধ্যে সদাপ্রভুকে দেয় রাজস্বের সংখ্যা 675 টি মেষ;
[38] 36,000 টি গবাদি পশু, এর মধ্যে সদাপ্রভুকে দেয় রাজস্বের সংখ্যা 72 টি পশু;
[39] 30,500 টি গর্দভ, এর মধ্যে সদাপ্রভুকে দেয় রাজস্বের সংখ্যা 61;
[40] 16,000 জন মানুষ, এর মধ্যে সদাপ্রভুকে দেয় রাজস্বের সংখ্যা 32 টি গর্দভ।
[41] মোশি এই রাজস্ব নিয়ে, সদাপ্রভুর প্রাপ্য বলে যাজক ইলীয়াসরকে দিলেন, যেমন সদাপ্রভু মোশিকে বলেছিলেন।
[42] ইস্রায়েলীদের প্রাপ্য অর্ধেকাংশ, যা মোশি সেনাদের প্রাপ্ত অর্ধেকাংশ থেকে পৃথক করে রেখেছিলেন,
[43] অর্থাৎ সমাজের প্রাপ্য অর্ধেকাংশ ছিল 3,37,500 টি মেষ,
[44] 36,000 টি গবাদি পশু,
[45] 30,500 টি গর্দভ
[46] এবং 16,000 জন মানুষ।
[47] ইস্রায়েলীদের অর্ধেকাংশ থেকে, মোশি প্রতি পঞ্চাশ জন মানুষ ও পশু থেকে একটি করে পৃথক করলেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন এবং তিনি সেই সমস্ত নিয়ে লেবীয়দের দিলেন, যারা সদাপ্রভুর আবাস তাঁবুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল।
[48] তখন সামরিক বিভাগের পদস্থ আধিকারিকেরা, অর্থাৎ সহস্র সেনা অধিনায়কেরা ও শত সেনা অধিনায়কেরা, মোশির কাছে গিয়ে,
[49] তাঁকে বললেন, “আপনার সেবকগণ আমাদের অধীনস্থ সেনাদের গণনা করে দেখেছে, তাদের মধ্যে একজনও নিরুদ্দেশ হয়নি।
[50] অতএব আমরা আমাদের অর্জিত স্বর্ণালংকার থেকে, সদাপ্রভুর নিকট নৈবেদ্য এনেছি—তাগা, কঙ্কণ, অঙ্গুরিয়ক, কুণ্ডল ও কণ্ঠহার—যেন সদাপ্রভুর নিকট আমরা নিজেদের জন্য প্রায়শ্চিত্ত করতে পারি।”
[51] মোশি ও যাজক ইলীয়াসর, তাদের নিকট থেকে সেই সোনা—সকল কারুকার্যময় দ্রব্য গ্রহণ করলেন।
[52] সহস্র সেনা অধিনায়কের ও শত সেনা অধিনায়কের নিকট থেকে গৃহীত সমস্ত সোনার পরিমাণ, যা মোশি ও যাজক ইলীয়াসর সদাপ্রভুকে নিবেদন করেছিলেন, তার ওজন 16,750 শেকল
[53] সেনারা প্রত্যেকে নিজেদের জন্য লুন্ঠিত দ্রব্য নিয়েছিল।
[54] মোশি ও যাজক ইলীয়াসর সেই সোনা, সহস্র সেনা অধিনায়ক ও শত সেনা অধিনায়কদের নিকট থেকে গ্রহণ করে এবং সদাপ্রভুর সম্মুখে ইস্রায়েলীদের জন্য স্মারকরূপে সমাগম তাঁবুতে নিয়ে এলেন।