[1] সদাপ্রভু মোশিকে বললেন,
[2] “ইস্রায়েলীদের আদেশ দাও, তাদের বলো, ‘যখন তোমরা কনানে প্রবেশ করবে, যে দেশ তোমাদের স্বত্বাধিকাররূপে বণ্টন করা হবে, তার পরিসীমা হবে এইরকম:
[3] “ ‘তোমাদের দক্ষিণপ্রান্তের সীমানা হবে, ইদোমের সীমানা বরাবর, সীন প্রান্তরের কিছুটা অংশ। পূর্বপ্রান্তে, তোমাদের দক্ষিণ দিকের সীমানা শুরু হবে মরুসাগরের প্রান্তভাগ থেকে।
[4] বৃশ্চিক গিরিপথের দক্ষিণভাগ অতিক্রম করে, সীন পর্যন্ত গিয়ে তা কাদেশ-বর্ণেয়ের দক্ষিণ দিক পর্যন্ত বিস্তৃত হবে। তারপরে তা হৎসর-অদর পর্যন্ত গিয়ে অস্মোন পর্যন্ত যাবে।
[5] সেখানে বক্র হয়ে মিশরের ওয়াদি ও ভূমধ্যসাগরের প্রান্তে গিয়ে সংযুক্ত হবে।
[6] তোমাদের পশ্চিম প্রান্তের সীমানা হবে ভূমধ্যসাগরের উপকুলভাগ। এই হবে তোমাদের পশ্চিম সীমানা।
[7] তোমাদের উত্তরপ্রান্তের সীমানার জন্য, ভূমধ্যসাগর থেকে হোর পর্বত
[8] এবং হোর পর্বত থেকে লেবো-হমাৎ পর্যন্ত সরলরেখা বরাবর হবে। তারপর সীমানা সদাদ পর্যন্ত গিয়ে,
[9] সিফ্রোণ হয়ে হৎসর-ঐনন পর্যন্ত বিস্তৃত হবে। এই হবে তোমাদের উত্তর সীমানা।
[10] তোমাদের পূর্ব প্রান্তের সীমানার জন্য হৎসর-ঐনন থেকে শফাম পর্যন্ত সরলরেখা বরাবর হবে।
[11] সীমানা শফাম থেকে নিচে ঐনের পূর্বপ্রান্তে রিব্লা পর্যন্ত যাবে; সেখান থেকে গালীল সাগরের পূর্ব প্রান্তের ঢাল বরাবর বিস্তৃত হবে।
[12] তারপর সীমানা জর্ডন বরাবর নেমে গিয়ে মরুসাগরে শেষ হবে। “ ‘এই হবে চতুর্দিকের পরিসীমা সম্বন্ধিত তোমাদের দেশ।’ ”
[13] মোশি ইস্রায়েলীদের নির্দেশ দিলেন, “এই দেশের স্বত্বাধিকার গুটিকাপাতের মাধ্যমে বণ্টন করে অধিকার করবে। সদাপ্রভু আদেশ দিয়েছেন যে সাড়ে নয় গোষ্ঠীকে এই ভূমি দান করা হবে,
[14] কারণ রূবেণ গোষ্ঠী, গাদ গোষ্ঠী ও মনঃশির অর্ধ গোষ্ঠীর বংশসমূহ তাদের স্বত্বাধিকার প্রাপ্ত হয়েছে।
[15] এই আড়াই গোষ্ঠী, সূর্যোদয় অভিমুখে, যিরীহোর সন্নিহিত জর্ডনের পূর্বপ্রান্তে তাদের, স্বত্বাধিকার গ্রহণ করেছে।”
[16] সদাপ্রভু মোশিকে বললেন,
[17] “যে ব্যক্তিরা তোমাদের মধ্যে স্বত্বাধিকার ভাগ করবে, তাদের নাম অনুরূপ: যাজক ইলীয়াসর ও নূনের পুত্র যিহোশূয়।
[18] আবার প্রত্যেক গোষ্ঠী থেকে ভূমি বিভাগের জন্য এক একজন নেতাকে সাহায্যকারী নিয়োগ করো।
[19] “তাদের নামগুলি হবে: “যিহূদা গোষ্ঠী থেকে, যিফূন্নির পুত্র কালেব।
[20] শিমিয়োন গোষ্ঠী থেকে অম্মীহূদের পুত্র শমূয়েল।
[21] বিন্যামীন গোষ্ঠী থেকে কিশ্লোনের পুত্র ইলীদদ।
[22] দান গোষ্ঠীর নেতা, যগ্লির পুত্র বুক্কি।
[23] যোষেফের পুত্র মনঃশি গোষ্ঠীর নেতা, এফোদের পুত্র হন্নীয়েল।
[24] যোষেফের পুত্র ইফ্রয়িম গোষ্ঠীর নেতা, শিপ্তনের পুত্র কমূয়েল
[25] সবূলূন গোষ্ঠীর নেতা, পর্ণকের পুত্র ইলীষাফণ।
[26] ইষাখর গোষ্ঠীর নেতা, অস্সনের পুত্র পল্টিয়েল।
[27] আশের গোষ্ঠীর নেতা, শলোমির পুত্র অহীহূদ।
[28] নপ্তালি গোষ্ঠীর নেতা, অম্মীহূদের পুত্র পদহেল।”
[29] কনানদেশে ইস্রায়েলীদের মধ্যে অধিকার বিভাগ করে দিতে সদাপ্রভু এই লোকদের আদেশ দিয়েছিলেন।