[1] প্রথম মাসে সমস্ত ইস্রায়েলী সমাজ, সীন প্রান্তরে উপস্থিত হয়ে কাদেশে অবস্থান করল। সেই স্থানে মরিয়ম মারা গেলেন এবং তাঁকে কবর দেওয়া হল।
[2] সে স্থানে সমাজের ব্যবহার্য কোনো জল ছিল না। তাই জনতা মোশি ও হারোণের বিপক্ষে একত্র হল।
[3] তারা মোশির সঙ্গে বিবাদ করে বলল, “আমাদের ভ্রাতৃগণ যখন সদাপ্রভুর সম্মুখে মারা গেল, তখন আমরাও যদি মারা যেতাম!
[4] কেন তোমরা সদাপ্রভুর সমাজকে এই প্রান্তরে নিয়ে এলে, যেন আমরা ও আমাদের পশুপাল এই স্থানে মারা যাই?
[5] কেন তোমরা মিশর থেকে আমাদের বের করে এই ভয়ংকর স্থানে নিয়ে এলে? এখানে কোনো শস্য বা ডুমুর, দ্রাক্ষালতা বা বেদানা নেই। পান করার জন্য জলও নেই!”
[6] মোশি ও হারোণ, মণ্ডলী থেকে পৃথক হয়ে সমাগম তাঁবুর প্রবেশপথে গেলেন এবং তারা উপুড় হয়ে পড়লেন আর তাদের সম্মুখে সদাপ্রভুর মহিমা প্রকাশিত হল।
[7] সদাপ্রভু মোশিকে বললেন,
[8] “তোমার যষ্টি নাও এবং তুমি ও তোমার ভাই হারোণ মণ্ডলীকে একত্র করো। তাদের দৃষ্টিগোচরে ওই শৈলকে গিয়ে বলো, সে তার অভ্যন্তরস্থ জল নির্গত করবে। তুমি শৈল থেকে সমাজের জন্য জল নির্গত করবে, যেন তারা ও তাদের পশুপাল সেই জলপান করতে পারে।”
[9] অতএব মোশি, সদাপ্রভুর উপস্থিতিতে সেই যষ্টি গ্রহণ করলেন, যেমন তিনি তাকে আদেশ দিয়েছিলেন।
[10] তিনি এবং হারোণ, মণ্ডলীকে সেই শৈলের সম্মুখে একত্র করলেন এবং মোশি তাদের বললেন, “বিদ্রোহীকুল, তোমরা শোনো, আমরা কি এই শৈল থেকে তোমাদের জন্য জল নির্গত করব?”
[11] তারপর মোশি হাত তুলে, তাঁর যষ্টি দিয়ে দুইবার সেই শৈলে আঘাত করলেন। জল পূর্ণ বেগে নির্গত হল এবং সমাজ ও তাদের পশুপাল সেই জলপান করল।
[12] সদাপ্রভু কিন্তু মোশি ও হারোণকে বললেন, “যেহেতু তোমরা, ইস্রায়েলীদের দৃষ্টিতে পবিত্র বলে আমাকে সম্মান দিতে, আমার উপর পর্যাপ্ত বিশ্বাস রাখলে না, তাই যে দেশ আমি তাদের দান করব, তোমরা এই মণ্ডলীকে সেই দেশে নিয়ে যাবে না।”
[13] এই ছিল মরীবার জল, যেখানে ইস্রায়েলীরা সদাপ্রভুর সঙ্গে বিবাদ করেছিল এবং সেই স্থানে তিনি তাদের মধ্যে পবিত্র প্রমাণিত হয়েছিলেন।
[14] মোশি কাদেশ থেকে ইদোমের রাজার কাছে বার্তাবাহকদের মাধ্যমে এই বার্তা প্রেরণ করলেন, “আপনার ভাই ইস্রায়েল এই কথা বলছে, আমাদের প্রতি যে সমস্ত কষ্ট ঘটেছিল, সেই বিষয় আপনি অবগত আছেন।
[15] আমাদের পূর্বপুরুষেরা মিশরে গিয়েছিলেন এবং বহু বছর আমরা সেখানে বসবাস করেছিলাম। মিশরীয়েরা আমাদের ও আমাদের পূর্বপুরুষদের প্রতি দুর্ব্যবহার করেছিল,
[16] কিন্তু আমরা সদাপ্রভুর কাছে যখন ক্রন্দন করলাম তিনি আমাদের ক্রন্দন শুনে একজন স্বর্গদূত পাঠিয়েছিলেন এবং মিশর থেকে আমাদের বের করে নিয়ে এলেন। “এখন আমরা, আপনার অঞ্চলের প্রান্তে কাদেশ নগরে অবস্থান করছি।
[17] কৃপা করে আপনার দেশের মধ্যে দিয়ে আমাদের যাত্রা করতে দিন। আমরা কোনো চাষের জমি বা দ্রাক্ষাকুঞ্জের মধ্য দিয়ে যাব না, কূপ থেকে জলও পান করব না। আমরা সরাসরি রাজপথ দিয়ে যাব এবং যতক্ষণ না আপনার সীমানা পার হই, আমরা ডানদিকে বা বাঁদিকে ঘুরব না।”
[18] কিন্তু ইদোম উত্তর দিল, “তোমরা এই দেশের মধ্য দিয়ে যেতে পারবে না। যদি সেই চেষ্টা করো, তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে যাব এবং তরোয়াল নিয়ে তোমাদের আক্রমণ করব।”
[19] প্রত্যুত্তরে ইস্রায়েলীরা বলল, “আমরা প্রধান পথ ধরেই যাত্রা করব। যদি আমরা, বা আমাদের পশুপাল কেউ জলপান করে, তার জন্য আমরা মূল্য দেব। আমরা শুধুমাত্র পায়ে হেঁটে পার হতে চাই, অন্য কিছু নয়।”
[20] তারা আবার উত্তর দিল, “তোমরা যেতে পারবে না।” তারপর ইদোম এক বৃহৎ এবং শক্তিশালী সেনাদল নিয়ে তাদের বিপক্ষে বেরিয়ে এল।
[21] যেহেতু ইদোম, তাদের ভূখণ্ড দিয়ে যেতে দিল না, তাই ইস্রায়েলীরা তাদের নিকট থেকে ফিরে এল।
[22] সমস্ত ইস্রায়েলী সমাজ কাদেশ থেকে যাত্রা করে হোর পর্বতে উপস্থিত হল।
[23] ইদোমের সীমানার নিকটে, হোর পর্বতে, সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,
[24] “হারোণ তাঁর স্বজনবর্গের নিকট সংগৃহীত হবে। ইস্রায়েলীদের আমি যে দেশ দিতে চাই, সেখানে সে প্রবেশ করবে না, কারণ তোমরা উভয়েই মরীবার জলের নিকটে আমার বিরুদ্ধাচারণ করেছিলে।
[25] হারোণ ও তাঁর পুত্র ইলীয়াসরকে নিয়ে হোর পর্বতে যাও।
[26] হারোণের বস্ত্র খুলে ইলীয়াসরকে পরিয়ে দাও, কারণ হারোণ তাঁর স্বজনবর্গের নিকট সংগৃহীত হবে; সে সেখানেই প্রয়াণ করবে।”
[27] সদাপ্রভু যে রকম বলেছিলেন, মোশি, ঠিক তাই করলেন। তারা সমস্ত সমাজের দৃষ্টিগোচরে হোর পর্বতে উঠে গেলেন।
[28] মোশি, হারোণের বস্ত্র খুলে, তাঁর পুত্র ইলীয়াসরকে পরিয়ে দিলেন। হারোণ সেই পর্বতের উপরে প্রয়াণ করলেন। তারপর মোশি ও ইলীয়াসর পর্বত থেকে নেমে এলেন।
[29] যখন সমস্ত সমাজ অবগত হল যে হারোণ মারা গিয়েছেন, তখন সমস্ত ইস্রায়েলীরা তাঁর জন্য ত্রিশ দিন শোক করল।