[1] সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,
[2] “সদাপ্রভু যা আদেশ করেছেন, শাস্ত্রের সেই বিধান হল এই; ইস্রায়েলীদের বলো, একটি লাল রঙের ক্রুটিহীন ও বিকলাঙ্ক নয়, এমন বকনা-বাছুর, যে কখনও জোয়াল টানেনি, তোমার কাছে নিয়ে আসতে।
[3] তুমি তা নিয়ে ইলীয়াসর যাজককে দেবে; সেটিকে ছাউনির বাইরে নিয়ে গিয়ে তাঁর সামনে জবাই করতে হবে।
[4] পরে ইলীয়াসর যাজক তাঁর আঙ্গুলে সামান্য রক্ত নিয়ে, সমাগম তাঁবুর অভিমুখে সাতবার ছিটিয়ে দেবে।
[5] তাঁর দৃষ্টিগোচরে সেই বকনা-বাছুরটিকে, তাঁর চর্ম, মাংস, রক্ত এবং গোময় সমেত দগ্ধ করতে হবে।
[6] যাজক কিছু পরিমাণ দেবদারু কাঠ, এসোব ও লাল রঙের পশম নিয়ে ওই দগ্ধ বাছুরের উপরে নিক্ষেপ করবে।
[7] তারপর যাজক অবশ্যই তাঁর বস্ত্র ধৌত করে জলে স্নান করবে। পরে সে ছাউনিতে ফিরে আসতে পারে; তা সত্ত্বেও, আনুষ্ঠানিকভাবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।
[8] যে ব্যক্তি তা দাহ করে, সেও নিজের বস্ত্র ধৌত করে জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।
[9] “একজন শুচি ব্যক্তি সেই বকনা-বাছুরের ভস্ম সংগ্রহ করে, ছাউনির বাইরে, আনুষ্ঠানিকভাবে শুচিকৃত কোনও এক স্থানে রাখবে। সেগুলি ইস্রায়েলী সমাজের কাছে রাখবে যেন শুচিকরণের জল হিসাবে তা ব্যবহার করা যায়; এটি পাপ থেকে শুচিকরণের জন্যে।
[10] যে ব্যক্তি ওই বকনা-বাছুরের ভস্ম সংগ্রহ করে, সে নিজের বস্ত্র ধৌত করবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। ইস্রায়েলী এবং তাদের মধ্যে বসবাসকারী বিদেশিদের জন্য এই আদেশ হবে চিরস্থায়ী।
[11] “যে কেউ কোনো মৃত ব্যক্তিকে স্পর্শ করবে সে সাতদিন অশুচি থাকবে।
[12] তাদের অবশ্যই সেই জল নিয়ে তৃতীয় দিনে ও সপ্তম দিনে নিজেকে শুচি করতে হবে; তারপর তারা শুচি হবে। কিন্তু তারা যদি তৃতীয় ও সপ্তম দিনে নিজেদের শুচি না করে, তারা শুচি হবে না।
[13] মৃত ব্যক্তিকে স্পর্শ করে যদি কেউ নিজেকে পাপমুক্ত না করে, তাহলে তারা সদাপ্রভুর আবাস তাঁবু অশুচি করবে। তারা ইস্রায়েলের মধ্য থেকে বিলুপ্ত হবে। যেহেতু শুচিকরণের জল তাদের উপর ছিটানো হয়নি, তাই তারা অশুচি থাকবে; তাদের অশুচিতা থেকেই যাবে।
[14] “যখন কেউ তাঁবুর মধ্যে মারা যায়, এই বিধি সেই সময়ের জন্য প্রযোজ্য। যে কেউ সেই তাঁবুর অভ্যন্তরে থাকে ও যে কোনো ব্যক্তি তাঁর মধ্যে প্রবেশ করে, তারা সাতদিন পর্যন্ত অশুচি থাকবে
[15] এবং সমস্ত খোলা পাত্র ও সুতোয় বাঁধা ঢাকনাবিহীন পাত্র অশুচি হবে।
[16] “উন্মুক্ত স্থানে কোনো ব্যক্তি যদি তরোয়াল দ্বারা নিহত বা স্বাভাবিকভাবে মৃত কোনো ব্যক্তিকে স্পর্শ করে, অথবা যদি কেউ কোনো মৃত ব্যক্তির অস্থি বা সমাধি স্পর্শ করে, তাহলে সেই ব্যক্তি সাতদিন অশুচি থাকবে।
[17] “অশুচি ব্যক্তির শুচিকরণের জন্য একটি পাত্রে পাপার্থক নৈবেদ্যের সামান্য ভস্ম নিয়ে তাঁর মধ্যে টাটকা জল দিতে হবে।
[18] তারপর, আনুষ্ঠানিকভাবে শুচি এমন কোনো ব্যক্তি, সামান্য এসোব নিয়ে, সেই জলে ডুবিয়ে তাঁবু, তাঁর আসবাবপত্র এবং সেই স্থানের সমস্ত ব্যক্তিদের উপর ছিটিয়ে দেবে। সে অবশ্য সেই জল তার উপরেও ছিটিয়ে দেবে, যে কোনো মানুষের অস্থি অথবা সমাধি অথবা কোনো নিহত বা স্বাভাবিকভাবে মৃত ব্যক্তিকে স্পর্শ করেছে।
[19] যে ব্যক্তি শুচি, সে ওই অশুচি ব্যক্তিদের উপর তৃতীয় ও সপ্তম দিনে জল ছিটাবে এবং সপ্তম দিনে সে তাদের শুচি করবে। যারা এইভাবে শুচিকৃত হয়, তারা অবশ্যই তাদের বস্ত্র ধৌত করবে ও জলে স্নান করবে এবং সেই সন্ধ্যায় তারা শুচি হবে।
[20] কিন্তু যদি অশুচি ব্যক্তিরা নিজেদের শুচি না করে, তারা অবশ্যই সমাজ থেকে বিলুপ্ত হবে, কারণ তারা সদাপ্রভুর পবিত্র স্থানকে অশুচি করেছে। শুচিকরণের জল তাঁর উপরে ছিটানো হয়নি, তাই তারা অশুচি।
[21] তাদের জন্য এই আদেশ হবে চিরস্থায়ী। “যে ব্যক্তি সেই জল ছিটাবে, সেও নিজের বস্ত্র ধৌত করবে এবং যে কেউ সেই শুচিকরণের জল স্পর্শ করবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।
[22] কোনো অশুচি ব্যক্তি যা কিছু স্পর্শ করবে, তা অশুচি হবে এবং যে কেউ তা স্পর্শ করে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।”