Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:20

[1] সদাপ্রভু মোশিকে বললেন,

[2] “আমি ইস্রায়েলীদের যে দেশ দিতে চাই, সেই কনানের ভূমি নিরীক্ষণ করতে কয়েকজন ব্যক্তিকে প্রেরণ করো। প্রত্যেক পিতৃ-গোষ্ঠীর নেতৃগণ থেকে একজন করে প্রেরণ করো।”

[3] অতএব মোশি সদাপ্রভুর আদেশ অনুসারে, তাদের পারণ প্রান্তর থেকে প্রেরণ করলেন। তারা প্রত্যেকেই ইস্রায়েলীদের নেতা ছিলেন।

[4] এসব তাদের নাম: রূবেণ গোষ্ঠী থেকে সক্কুরের পুত্র শম্মূয়;

[5] শিমিয়োন গোষ্ঠী থেকে হোরির পুত্র শাফট;

[6] যিহূদা গোষ্ঠী থেকে যিফূন্নির পুত্র কালেব;

[7] ইষাখর গোষ্ঠী থেকে যোষেফের পুত্র যিগাল;

[8] ইফ্রয়িম গোষ্ঠী থেকে নূনের পুত্র হোশেয়;

[9] বিন্যামীন গোষ্ঠী থেকে রাফূর পুত্র পল্‌টি;

[10] সবূলূন গোষ্ঠী থেকে সোদির পুত্র গদ্দীয়েল;

[11] মনঃশি (যোষেফের একটি গোষ্ঠী) গোষ্ঠী থেকে সূষির পুত্র গদ্দি;

[12] দান গোষ্ঠী থেকে গমল্লির পুত্র অম্মীয়েল;

[13] আশের গোষ্ঠী থেকে মীখায়েলের পুত্র সথুর;

[14] নপ্তালি গোষ্ঠী থেকে বপ্সির পুত্র নহ্‌বি;

[15] গাদ গোষ্ঠী থেকে মাখির পুত্র গ্যূয়েল।

[16] মোশি যে ব্যক্তিদের দেশ নিরীক্ষণ করতে পাঠিয়েছিলেন, তাদের নামগুলি এই। (মোশি নূনের পুত্র হোশেয়ের নাম রাখলেন যিহোশূয়)

[17] কনান নিরীক্ষণ করতে পাঠানোর সময় মোশি তাদের বললেন, “নেগেভের মধ্য দিয়ে উঠে পার্বত্য অঞ্চলে গমন করবে।

[18] লক্ষ্য করবে, সেই দেশ কী রকম, সেখানকার লোকেরা দুর্বল অথবা শক্তিশালী। তারা সংখ্যায় অল্প অথবা বেশি।

[19] কোন ধরনের ভূমিতে তারা বাস করে? তা কী উত্তম অথবা মন্দ? কোন ধরনের নগরে তাদের নিবাস? সেই সমস্ত প্রাচীর বিহীন অথবা সুরক্ষিত?

[20] মাটিই বা কী রকম? উর্বর অথবা সাধারণ? বৃক্ষসমন্বিত, অথবা বৃক্ষবিহীন? আপ্রাণ চেষ্টা কোরো, সেই দেশের কিছু ফল নিয়ে আসতে।” (তখন আঙুর পাকার সময় ছিল)

[21] অতএব তারা উঠে গেল এবং সীন প্রান্তর থেকে রহোব পর্যন্ত, লেবো-হমাৎ অভিমুখে ভ্রমণ করল।

[22] তারা নেগেভ হয়ে নিরীক্ষণ করে হিব্রোণে এল। সেখানে অহীমান, শেশয়, ও তল্‌ময় নামবিশিষ্ট, অনাকের তিনজন উত্তরাধিকারী বাস করত। (মিশরে সোয়ন নির্মিত হওয়ার সাত বছর পূর্বে হিব্রোণ নির্মিত হয়েছিল)

[23] যখন তারা ইষ্কোল উপত্যকায় উপস্থিত হল, তারা দ্রাক্ষার গুচ্ছ সমন্বিত একটি শাখা কাটলো। দুইজন ব্যক্তি, একটি দণ্ডের দ্বারা সেই দ্রাক্ষাগুচ্ছ এবং কিছু বেদানা ও ডুমুর বহন করে আনল।

[24] যেহেতু দ্রাক্ষাগুচ্ছ ইস্রায়েলীরা কেটে এনেছিল, তাই সেই স্থানের নাম হল, ইষ্কোল উপত্যকা।

[25] চল্লিশ দিনের শেষে, তারা দেশ নিরীক্ষণ করে ফিরে এল।

[26] পারণ প্রান্তরে, কাদেশে তারা মোশি, হারোণ এবং সমস্ত ইস্রায়েলীদের নিকট ফিরে এল। সেখানে তারা, তাদের এবং সমস্ত সম্প্রদায়কে দেশ নিরীক্ষণের বিশদ বিবরণ দিল ও সেই দেশের ফল তাদের দেখাল।

[27] তারা মোশিকে বর্ণনা দিয়ে বলল, “আপনি যে দেশে আমাদের প্রেরণ করেছিলেন, আমরা সেখানে গিয়েছিলাম। সেই দেশ অবশ্যই দুধ ও মধু প্রবাহী! এই ফলগুলি, সেই দেশের।

[28] কিন্তু যারা সেখানে বাস করে, তারা বলিষ্ঠ, তাদের নগরসমূহ সুরক্ষিত এবং বৃহৎ। আমরা সেখানে অনাকের উত্তরসূরীদেরও দেখেছি।

[29] নেগেভে অমালেকীয়েরা বাস করে; হিত্তীয়, যিবূষীয়, ইমোরীয়েরা পার্বত্য অঞ্চলে এবং কনানীয়েরা সমুদ্রের নিকটে ও জর্ডন উপকূলে বাস করে।”

[30] তখন কালেব, মোশির সম্মুখে তাদের শান্ত করে বলল, “আমাদের উচিত, উঠে গিয়ে সেই দেশ অধিকার করা, কারণ সেই শক্তি আমাদের অবশ্যই আছে।”

[31] যে ব্যক্তিগণ তাঁর সঙ্গে গিয়েছিল তারা বলল, “আমরা ওই ব্যক্তিদের আক্রমণ করতে পারি না; তারা আমাদের থেকেও বেশি শক্তিশালী।”

[32] তারা যে দেশ নিরীক্ষণ করে এসেছিল, সেই দেশ সম্পর্কে ইস্রায়েলীদের মধ্যে বিরূপ সংবাদ ছড়াল। তারা বলল, “যে দেশ আমরা নিরীক্ষণ করেছি সেই দেশ আপন অধিবাসীদের গ্রাস করে। যে সমস্ত লোকেদের সেখানে আমরা দেখেছি তারা সকলে বৃহৎকায়।

[33] আমরা নেফিলীমদেরও সেখানে দেখেছি। (অনাকের উত্তরসূরিদের আগমন নেফিলিম থেকে) আমরা নিজেদের দৃষ্টিতে, সেই সঙ্গে তাদের দৃষ্টিতেও, ফড়িং-এর ন্যায় প্রতিপন্ন হয়েছি।”

গণনা পুস্তক — Chapters