Skip to content
Opens in a new window
Listen to this chapter • 10:05

[1] সদাপ্রভু মোশিকে বললেন,

[2] “ইস্রায়েলীদের সঙ্গে কথা বলো, তাদের বলো, ‘যে দেশ তোমাদের বাসভূমি বলে আমি দান করেছি, সেখানে প্রবেশ করার পর,

[3] তোমরা সদাপ্রভুর নিকট গবাদি পশুপাল অথবা মেষপাল থেকে, অগ্নির মাধ্যমে, সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিস্বরূপ নৈবেদ্য নিয়ে আসবে। সেই নৈবেদ্য হোম-নৈবেদ্য বা পশুবলি, বিশেষ মানতের উদ্দেশে বা স্বেচ্ছাদত্ত উপহার, অথবা উৎসবের বলি, যাইহোক না কেন, নিয়ে আসবে।

[4] তখন যে ব্যক্তি তার নৈবেদ্য নিয়ে আসবে, সে এক ঐফার এক-দশমাংশ মিহি ময়দা, হিনের এক-চতুর্থাংশ জলপাই তেলের সঙ্গে মিশ্রিত করে, শস্য-নৈবেদ্য সদাপ্রভুকে উপহার দেবে।

[5] হোম-নৈবেদ্যের প্রত্যেকটি মেষশাবক, অথবা অন্য পশুবলির সঙ্গে, হিনের এক-চতুর্থাংশ দ্রাক্ষারস দিয়ে পেয়-নৈবেদ্য প্রস্তুত করবে।

[6] “ ‘একটি মেষের সঙ্গে এক ঐফার দুই-দশমাংশ ও মিহি ময়দা নিয়ে, হিনের এক-তৃতীয়াংশ জলপাই তেল মিশ্রিত করে শস্য-নৈবেদ্য

[7] এবং সেই সঙ্গে হিনের এক-তৃতীয়াংশ দ্রাক্ষারস দিয়ে পেয়-নৈবেদ্য প্রস্তুত করবে। সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিরূপে এই সমস্ত নিবেদন করবে।

[8] “ ‘যখন তোমার একটি গোবৎস হোম-নৈবেদ্য বা বলিরূপে নিয়ে আসবে, সদাপ্রভুর উদ্দেশে কোনো বিশেষ মানত পূরণ অথবা মঙ্গলার্থক-নৈবেদ্যের জন্য,

[9] তখন সেই গোবৎসের সঙ্গে এক ঐফার তিন-দশমাংশ মিহি ময়দার সঙ্গে অর্ধ হিন জলপাই তেল মিশ্রিত করে শস্য-নৈবেদ্য নিয়ে আসবে।

[10] সেই সঙ্গে অর্ধ হিন দ্রাক্ষারস, পেয়-নৈবেদ্যরূপে নিয়ে আসবে। এটি ভক্ষ্য-নৈবেদ্য, সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিরূপে, অগ্নির মাধ্যমে নিবেদিত হবে।

[11] প্রত্যেকটি বৃষ অথবা মেষ, প্রত্যেকটি মেষশাবক অথবা ছাগশিশু, এইরূপে আয়োজন করতে হবে।

[12] তোমরা তাদের সংখ্যানুসারে প্রত্যেকটি ক্ষেত্রে একই ধরনের করবে।

[13] “ ‘স্বদেশে জাত প্রত্যেক ব্যক্তি, যখন সে সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিরূপে ভক্ষ্য-নৈবেদ্য নিয়ে আসে, তখন এই সমস্ত বিষয় এভাবেই করবে।

[14] ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তোমাদের মধ্যে বসবাসকারী কোনো বিদেশি বা অন্য কেউ যদি সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিরূপে ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করে, সে ঠিক তোমাদের মতোই করবে।

[15] সমাজের মধ্যে তোমাদের এবং তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশিদের জন্যও একই বিধি প্রযোজ্য হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এই বিধি চিরস্থায়ী। সদাপ্রভুর সম্মুখে তোমরা এবং বিদেশি ব্যক্তি, উভয়ই সমান প্রতিপন্ন হবে।

[16] অভিন্ন বিধি ও নিয়ম তোমাদের ও তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশিদের জন্য প্রযোজ্য হবে।’ ”

[17] সদাপ্রভু মোশিকে বললেন,

[18] “ইস্রায়েলীদের সঙ্গে কথা বলো, তাদের বলো, ‘যেখানে আমি তোমাদের নিয়ে যাচ্ছি, যখন তোমরা সেই দেশে প্রবেশ করবে

[19] এবং সেই দেশের খাদ্যদ্রব্য আহার করবে, তখন তার একটু অংশ নিয়ে সদাপ্রভুর নিকটে নৈবেদ্যরূপে উপহার দেবে।

[20] তোমাদের ভূমিজাত প্রথম খাদ্যদ্রব্য থেকে একটি পিঠে নিবেদন করবে; খামারের উত্তোলনীয় নৈবেদ্য বলেই সেটি উৎসর্গ করবে।

[21] পুরুষপরম্পরায় তোমাদের প্রথম ভূমিজাত খাদ্যদ্রব্যের এই উত্তোলনীয় নৈবেদ্য সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করতে হবে।

[22] “ ‘এখন মোশিকে দত্ত সদাপ্রভুর এই আদেশসমূহের কোনো একটি, তোমরা সমাজ হিসাবে যদি অনিচ্ছাকৃতভাবে, পালন করতে ব্যর্থ হও,

[23] এমনকি সদাপ্রভু যে দিনে তোমাদের আদেশ দিয়েছেন, সেদিন থেকে পুরুষপরম্পরায় তোমাদের জন্য সদাপ্রভু মোশির মাধ্যমে তোমাদের যত আদেশ দিয়েছেন,

[24] সেই সকল যদি অনিচ্ছাকৃতভাবে পালন না করো এবং তা যদি সমাজের অজ্ঞাতসারে হয়, তাহলে সমস্ত সমাজ, হোম-নৈবেদ্যরূপে, সদাপ্রভুর আনন্দদায়ক সুরভির জন্য, এক গোবৎস উৎসর্গ করবে সেই সম্পর্কিত শস্য-নৈবেদ্য, পেয়-নৈবেদ্য এবং পাপার্থক বলির জন্য একটি ছাগল উৎসর্গ করবে।

[25] যাজক সমস্ত ইস্রায়েলী সমাজের জন্য প্রায়শ্চিত্ত করবে এবং তাদের পাপ ক্ষমা করা হবে। যেহেতু তাদের অন্যায়ের জন্য তারা সদাপ্রভুর নিকট ভক্ষ্য-নৈবেদ্য ও পাপার্থক বলি নিয়ে আসবে, কারণ সেই পাপ ইচ্ছাকৃত ছিল না।

[26] সমস্ত ইস্রায়েলী সমাজ এবং তাদের মধ্যবর্তী বসবাসকারী বিদেশিদের ক্ষমা করা হবে, যেহেতু সকল লোক সেই অনিচ্ছাকৃত অন্যায়ে জড়িত ছিল।

[27] “ ‘কিন্তু যদি মাত্র একজন ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে পাপ করে, সে পাপার্থক বলির জন্য একটি এক বর্ষীয় ছাগী নিয়ে আসবে।

[28] যাজক সেই ব্যক্তির জন্য সদাপ্রভুর সম্মুখে প্রায়শ্চিত্ত করবে, যে অনিচ্ছাকৃতভাবে পাপ করে অন্যায় করেছিল যখন তাঁর জন্য প্রায়শ্চিত্ত সম্পন্ন হবে তার পাপ ক্ষমা হবে।

[29] যারা অনিচ্ছাকৃত পাপ করে, তাদের প্রত্যেকের জন্য সেই একই বিধি প্রযোজ্য হবে, সে স্বদেশি ইস্রায়েলী হোক, অথবা তাদের মধ্যে বসবাসকারী বিদেশি ব্যক্তি।

[30] “ ‘কিন্তু যদি কোনো স্বদেশি বা বিদেশি ব্যক্তি ঔদ্ধত্য দেখিয়ে পাপ করে, যদি সে সদাপ্রভুর নিন্দা করে, সেই ব্যক্তি, তার জনগোষ্ঠী থেকে উচ্ছিন্ন হবে।

[31] কারণ সে সদাপ্রভুর আদেশ প্রত্যাখ্যান করেছে ও তাঁর বিধি লঙ্ঘন করেছে। সেই ব্যক্তি নিশ্চিতরূপে উচ্ছিন্ন হবে; কারণ তার অপরাধ তার উপরে বর্তাবে।’ ”

[32] ইস্রায়েলীরা যখন প্রান্তরে ছিল, তখন একজন ব্যক্তিকে বিশ্রামবারে কাঠ সংগ্রহ করতে দেখা গেল।

[33] যারা তাকে কাঠ সংগ্রহ করতে দেখেছিল, তারা তাকে মোশি, হারোণ এবং সমস্ত সমাজের নিকট উপস্থিত করল।

[34] তারা তাকে অবরুদ্ধ করে রাখল, কারণ তার প্রতি কী করণীয়, তা সুস্পষ্ট জানা ছিল না।

[35] তখন সদাপ্রভু মোশিকে বললেন, “লোকটি অবশ্যই মরবে। সমস্ত সমাজ তাকে ছাউনির বাইরে নিয়ে গিয়ে প্রস্তরাঘাত করবে।”

[36] অতএব সমস্ত সমাজ তাকে ছাউনির বাইরে নিয়ে গেল এবং যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন, তাকে প্রস্তরাঘাতে বধ করল।

[37] সদাপ্রভু মোশিকে বললেন,

[38] “ইস্রায়েলীদের সঙ্গে কথা বলো, তাদের বলো, ‘পুরুষপরম্পরায় তোমাদের পরিধেয় বস্ত্রের কোণে থোপ দেবে। প্রত্যেক থোপ নীল রঙের সুতো দিয়ে তৈরি হবে।

[39] তোমরা এই সমস্ত থোপ প্রত্যক্ষ করলে, সদাপ্রভুর বিধিসকল স্মরণে আনতে পারবে; তাহলে তোমরা সেই সমস্ত পালন করে তোমাদের হৃদয় ও চক্ষুর অভিলাষ অনুসারে ব্যভিচার করবে না।

[40] তখন তোমরা আমার আদেশসকল পালন করার বিষয় স্মরণে আনবে এবং তোমাদের ঈশ্বরের উদ্দেশে পবিত্র হবে।

[41] আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, যিনি মিশর থেকে তোমাদের ঈশ্বর হওয়ার জন্য তোমাদের মুক্ত করে এনেছি। আমিই সদাপ্রভু, তোমাদের ঈশ্বর।’ ”

গণনা পুস্তক — Chapters