Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:06

[1] শিটিমে অবস্থানকালে ইস্রায়েলীরা, মোয়াবীয় স্ত্রীলোকদের সঙ্গে ব্যভিচারে প্রবৃত্ত হল,

[2] যারা তাদের দেবগণের উদ্দেশে কৃত বলিকৃত খাদ্য আহারের জন্য তাদের আমন্ত্রণ জানাল। সেই ব্যক্তিরা আহার করে সেসব দেবগণের কাছে প্রণিপাত করল।

[3] এইভাবে ইস্রায়েল, পিয়োরের বায়াল-এর উপাসনায় যোগ দিল। তখন তাদের বিপক্ষে সদাপ্রভুর রোষ বহ্নিমান হল।

[4] সদাপ্রভু মোশিকে বললেন, “এই জাতির সমস্ত নেতৃবর্গকে নাও এবং প্রকাশ্য দিবালোকে তাদের নিধন করো, যেন সদাপ্রভুর প্রচণ্ড রোষ ইস্রায়েল থেকে দূরীভূত হয়।”

[5] তাই মোশি ইস্রায়েলের বিচারকদের বললেন, “তোমরা প্রত্যেককে পিয়োরের বায়াল-প্রতিমার উপাসনাকারী স্বজনদের অবশ্যই বধ করবে।”

[6] সেই সময়, একজন ইস্রায়েলী ব্যক্তি, মোশি এবং সমস্ত ইস্রায়েলী সমাজের দৃষ্টিগোচরে, একজন মিদিয়নীয় স্ত্রীলোককে তাঁর গৃহে নিয়ে এল। তখন সমাগম তাঁবুর প্রবেশপথে, তারা সকলে ক্রন্দন করছিল।

[7] যখন যাজক হারোণের পৌত্র, ইলিয়াসরের পুত্র পীনহস তা দেখলেন, তিনি সমাজ থেকে প্রস্থান করে হাতে একটি বর্শা নিলেন।

[8] তিনি সেই ইস্রায়েলী ব্যক্তিকে অনুসরণ করে তার তাঁবু পর্যন্ত গেলেন। তিনি তাদের উভয়ের সেই ইস্রায়েলী ব্যক্তি ও স্ত্রীলোকটির পেটের মধ্যে বর্শা বিদ্ধ করলেন। তখন ইস্রায়েলীদের মধ্যে পরিব্যাপ্ত মহামারি নিবৃত্ত হল;

[9] কিন্তু সেই মহামারিতে যারা মারা গিয়েছিল তাদের সংখ্যা 24,000।

[10] সদাপ্রভু মোশিকে বললেন,

[11] “যাজক হারোণের পৌত্র, ইলিয়াসরের পুত্র পীনহস, ইস্রায়েলীদের প্রতিকূলে আমার রোষ নিবৃত্ত করেছে, কারণ আমার সম্মান রক্ষার জন্য আমার মতোই সেও উদ্যোগী হয়েছে। তাই আমি ক্রোধ প্রকাশ করে তাদের শেষ করে দিইনি।

[12] সেইজন্য তাঁকে বলো, আমি তাঁর সঙ্গে আমার শান্তিচুক্তি কার্যকর করছি।

[13] সে ও তাঁর বংশধরেরা চিরকাল যাজকত্ব পদের জন্য চুক্তিবদ্ধ হল, কারণ সে তাঁর ঈশ্বরের সম্মান রক্ষার উদ্যোগী হয়ে ইস্রায়েলীদের জন্য প্রায়শ্চিত্ত সাধন করেছে।”

[14] যে ইস্রায়েলী ব্যক্তি, ওই মিদিয়নীয় স্ত্রীলোকটির সঙ্গে হত হয়েছিল, তার নাম সিম্রি। সে সালুর পুত্র ও শিমিয়োনীয় গোষ্ঠীর একজন নেতা ছিল।

[15] আর সেই মিদিয়নীয় স্ত্রীলোক, যাকে হত্যা করা হয়েছিল, তার নাম কস্‌বী। সে মিদিয়ন বংশের জনৈক গোষ্ঠীর প্রধান, সূর-এর কন্যা ছিল।

[16] সদাপ্রভু মোশিকে বললেন,

[17] “মিদিয়নীয়দের শত্রু-জ্ঞান করে তাদের নিধন করো।

[18] কারণ তারাও তোমাদের শত্রু-জ্ঞান করেছে; তারা পিয়োর সংক্রান্ত বিষয়ে এবং মিদিয়নীয় জনৈক নেতার কন্যা তাদের ভগ্নী কস্‌বী নাম্নী যে স্ত্রীলোকটি হত হয়েছিল, তার মাধ্যমে তোমাদের প্রতারণা করেছিল। পরিণতিস্বরূপ, এই পিয়োরের জন্য তোমরা মহামারিতে আক্রান্ত হয়েছিলে।”

গণনা পুস্তক — Chapters