[1] যোষেফের বংশধরদের গোষ্ঠীসমূহ থেকে মনঃশির পৌত্র মাখীরের পুত্র গিলিয়দের গোষ্ঠীর প্রধানেরা এসে মোশি ও ইস্রায়েলী পরিবারগুলির প্রধানদের সঙ্গে কথা বললেন।
[2] তারা বললেন, “যখন সদাপ্রভু আমাদের প্রভুকে আদেশ দিয়ে বলেছিলেন গুটিকাপাত দ্বারা স্বত্বাধিকাররূপে ইস্রায়েলীদের দেশ বণ্টন করতে, তিনি আপনাকে আদেশ দিয়েছিলেন যেন আপনি আমাদের ভাই সলফাদের অধিকার তার কন্যাদের দেন।
[3] এখন, মনে করুন, তারা যদি ইস্রায়েলী অন্য গোষ্ঠীভুক্ত কাউকে বিবাহ করে; তাহলে তাদের স্বত্বাধিকার আমাদের পৈতৃক উত্তরাধিকার থেকে নিয়ে নেওয়া হবে এবং যে গোষ্ঠীতে তাদের বিবাহ হবে তারা তাদের অংশে অন্তর্ভুক্ত হবে। তাই আমাদের জন্য বন্টিত অধিকারের অংশ আমাদের থেকে নিয়ে নেওয়া হবে।
[4] যখন ইস্রায়েলীদের অর্ধশত বছর উপস্থিত হবে, তখন যে গোষ্ঠীতে তাদের বিবাহ হবে, সেই গোষ্ঠীর অধিকারে তাদের অধিকার যুক্ত হবে এবং আমাদের পিতৃ বংশের অধিকার থেকে তাদের সম্পত্তি নিয়ে নেওয়া হবে।”
[5] তখন সদাপ্রভুর আদেশ অনুযায়ী মোশি, ইস্রায়েলীদের এই বিধান দিলেন, “যোষেফের গোষ্ঠীর বংশধরেরা যে কথা বলছে, তা যথার্থ।
[6] সদাপ্রভু, সলফাদের কন্যাদের জন্য এই আদেশ দিয়েছেন, তাদের বাবার গোষ্ঠীর মধ্যে তারা যাকে চায়, তাকেই বিবাহ করতে পারে।
[7] কিন্তু ইস্রায়েলীদের মধ্যে কোনো অধিকার এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে যাবে না, কারণ প্রত্যেক ইস্রায়েলী তার পূর্বপুরুষদের নিকট হইতে প্রাপ্ত গোষ্ঠীর ভূমি রক্ষা করবে।
[8] প্রত্যেক কন্যা যে ইস্রায়েলী গোষ্ঠীর মধ্যে অধিকার প্রাপ্ত হবে, সে অবশ্যই তা পিতৃ-গোষ্ঠীর মধ্যে কোনো ব্যক্তিকে বিবাহ করবে। এভাবে প্রত্যেক ইস্রায়েলী ব্যক্তি তার বাবার অধিকার ভোগ করবে।
[9] কোনো উত্তরাধিকার এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে যাবে না, কারণ প্রত্যেক ইস্রায়েলী গোষ্ঠী তার অধিকারভুক্ত ভূমি নিজের কাছে রাখবে।”
[10] অতএব সলফাদের কন্যারা সেইরকমই করলেন, যেমন সদাপ্রভু মোশিকে বলেছিলেন।
[11] সলফাদের কন্যারা—মহলা, তির্সা, হগ্লা, মিল্কা ও নোয়া—তাদের পিতৃ-গোষ্ঠীর পুত্রদের বিবাহ করল।
[12] তারা যোষেফের পুত্র মনঃশির বংশধরদের গোষ্ঠীর মধ্যে বিবাহ করল এবং তাদের অধিকার তাদের বাবার বংশ ও গোষ্ঠীর মধ্যেই রইল।
[13] এই সমস্ত আদেশ ও নিয়ন্ত্রণবিধি, সদাপ্রভু জর্ডন সমীপে, যিরীহোর অন্য পাশে, মোয়াবের সমতলে, মোশির মাধ্যমে ইস্রায়েলীদের দান করেছিলেন।