[1] অষ্টম দিনে হারোণ, তার সকল ছেলে ও ইস্রায়েলের প্রাচীনবর্গকে মোশি ডাকলেন,
[2] তিনি হারোণকে বললেন, “তুমি পাপার্থক-নৈবেদ্যরূপে ত্রুটিহীন এক পুংগোবৎস ও হোমবলিরূপে ত্রুটিহীন এক মেষ নাও এবং সদাপ্রভুর সামনে নিয়ে এসো।
[3] পরে ইস্রায়েলীদের প্রতি তিনি বললেন, ‘পাপার্থক-নৈবেদ্যরূপে তোমরা একটি পুংছাগ ও হোমবলিরূপে একটি গোবৎস, একটি মেষশাবক নাও; দুটিই যেন এক বর্ষীয় ও ত্রুটিমুক্ত হয়,
[4] এবং মঙ্গলার্থক বলিদানার্থে একটি বৃষ ও একটি মেষ এবং জলপাই তৈলে মিশ্রিত শস্য-নৈবেদ্য নেবে সদাপ্রভুর সম্মুখে উৎসর্গ করার জন্য, কেননা আদ্য তোমাদের সামনে সদাপ্রভু আবির্ভূত হবেন।’ ”
[5] মোশির আদেশানুসারে তারা এসব সমাগম তাঁবুর সামনে আনল, এবং সমগ্র জনমণ্ডলী নিকটে এল ও সদাপ্রভুর সামনে দাঁড়াল।
[6] পরে মোশি বললেন, “সদাপ্রভুর এই কাজ করতে তোমাদের আদেশ দিয়েছেন, যেন সদাপ্রভুর মহিমা তোমাদের প্রতি প্রদর্শিত হয়।”
[7] মোশি হারোণকে বললেন, “তুমি বেদির নিকটবর্তী হও এবং তোমার পাপার্থক বলি ও তোমার হোমবলি উৎসর্গ করো এবং তোমার ও লোকদের পক্ষে প্রায়শ্চিত্ত করো; লোকদের জন্য উপহার নিবেদন করো এবং তাদের জন্য প্রায়শ্চিত্ত করো, যেমন সদাপ্রভু আজ্ঞা দিয়েছিলেন।”
[8] সুতরাং হারোণ বেদির নিকটে এল ও নিজের পাপার্থক বলিরূপে পুংগোবৎস বধ করল।
[9] তার ছেলেরা তাকে রক্ত এনে দিল এবং সে তার আঙুল রক্তে ডুবালো, বেদির শৃঙ্গগুলিতে রক্তের প্রলেপ দিল ও অবশিষ্ট রক্ত বেদিমূলে নিক্ষেপ করল।
[10] পাপার্থক বলি থেকে মেদ, দুটো বৃক্ক ও যকৃতের আচ্ছাদন নিয়ে সে বেদিতে সেগুলি দগ্ধ করল, যেমন মোশিকে সদাপ্রভু আদেশ দিয়েছিলেন;
[11] সে শিবিরের বাইরে মাংস ও চর্ম দগ্ধ করল।
[12] পরে সে হোমবলি বধ করল, তার ছেলেরা রক্ত এগিয়ে দিল এবং সে বেদির উপরে চারপাশে রক্ত ছিটালো।
[13] ছেলেরা খণ্ড খণ্ড করে হোমবলি মস্তক সমেত হারোণের হস্তে দিল এবং হারোণ সেগুলি বেদিতে দগ্ধ করল।
[14] সে অন্ত্র ও চরণগুলি ধৌত করল ও বেদিতে হোমবলির উপরে সেগুলি দগ্ধ করল।
[15] পরে হারোণ উপহার আনল, যা লোকদের জন্য ছিল। লোকদের পাপার্থক বলিদানের নিমিত্ত সে ছাগ নিল, তাকে বধ করল এবং পাপার্থক বলিরূপে উপহার দিল, যেমন প্রথম উপহার দিয়েছিল।
[16] সে হোমবলি আনল ও নিয়মানুসারে তা নিবেদন করল।
[17] সে শস্য নৈবেদ্যও আনল, ওই নৈবেদ্য থেকে এক মুষ্টি নিল এবং বেদিতে তা দগ্ধ করল, যা প্রাতঃকালীন হোমবলির অতিরিক্ত।
[18] লোকদের পক্ষে মঙ্গলার্থক বলিরূপে বৃষ ও মেষ সে বধ করল। তার ছেলেরা তার হস্তে রক্ত যোগান দিল এবং সে বেদির উপরে চারপাশে রক্ত প্রক্ষেপ করল।
[19] কিন্তু বৃষ ও মেষের মেদের অংশ, মেদযুক্ত লেজ, মেদের স্তর, দুটো বৃক্ক ও যকৃতের আচ্ছাদন,
[20] তারা সেগুলি বক্ষস্থলে রাখল ও পরে হারোণ বেদির উপরে মেদ দগ্ধ করল।
[21] সদাপ্রভুর সম্মুখে হারোণ বক্ষদ্বয় ও দক্ষিণ জঙ্ঘা দোলনীয়-নৈবেদ্যরূপে দোলান, যেমন মোশি আদেশ দিয়েছিলেন।
[22] পরে লোকদের দিকে হারোণ তার হস্ত উত্তোলিত করল ও তাদের আশীর্বাদ করল। পাপার্থক বলি, হোমবলি ও মঙ্গলার্থক বলি শেষ হওয়ার পরে হারোণ নিচে নামলেন।
[23] পরে মোশি ও হারোণ সমাগম তাঁবুর মধ্যে গেলেন। শিবির থেকে বেরিয়ে এসে তারা লোকদের আশীর্বাদ করলেন, এবং সকল লোকের প্রতি সদাপ্রভুর প্রতাপ আবির্ভূত হল।
[24] সদাপ্রভুর উপস্থিতি থেকে অগ্নি নির্গত হল এবং বেদিতে স্থিত হোমবলি ও মেদমিশ্রিত অংশগুলিকে সেই অগ্নি গ্রাস করল। এই দৃশ্য চাক্ষুষ করে সমস্ত লোক, হর্ষধ্বনি করল ও উবুড় হয়ে পড়ল।