Skip to content
Opens in a new window
Listen to this chapter • 8:20

[1] সদাপ্রভু মোশিকে বললেন,

[2] “সমগ্র ইস্রায়েল জনতার সঙ্গে তুমি কথা বলো এবং তাদের জানাও, ‘তোমরা পবিত্র হও, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু, আমি পবিত্র।

[3] “ ‘তোমাদের প্রত্যেকজন বাবামাকে অবশ্যই সম্মান দিও, এবং আমার বিশ্রামদিন নিশ্চিতরূপে পালন করবে। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।

[4] “ ‘প্রতিমাদের দিকে তোমরা ফিরো না, অথবা তোমাদের জন্য গলিত ধাতু দিয়ে প্রতিমা নির্মাণ করবে না। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।

[5] “ ‘সদাপ্রভুর উদ্দেশে যখন তোমরা মঙ্গলার্থক বলি উৎসর্গ করতে চাও, এমনভাবে তা উৎসর্গ করবে, যেন তোমাদের পক্ষে নৈবেদ্য গৃহীত হয়।

[6] উৎসর্গকরণ দিনে অথবা পরবর্তী দিনে বলিদানের মাংস ভক্ষণ করতে হবে; তৃতীয় দিন পর্যন্ত যা কিছু পড়ে থাকবে তা দগ্ধ করতে হবে।

[7] যদি ভক্ষ্য দ্রব্যের কিছু অংশ তৃতীয় দিবসে ভোজন করা হয়, সেটি অশুদ্ধ এবং গৃহীত হবে না।

[8] যদি কেউ তা ভোজন করে, সে দায়ী হবে, কারণ সদাপ্রভুর উদ্দেশে পবিত্র দ্রব্যকে সে অপবিত্র করেছে; সেই ব্যক্তি নিজ পরিজনদের মধ্য থেকে অবশ্যই উচ্ছিন্ন হবে।

[9] “ ‘তোমাদের জমির ফসল ছেদনের সময় একেবারে ফসলের গোড়া কাটবে না, অথবা জমিতে পতিত ফসল সংগ্রহ করবে না।

[10] তোমাদের দ্রাক্ষাক্ষেতে দ্বিতীয়বার যেয়ো না, অথবা ঝরে পড়া আঙুর তুলবে না। দরিদ্র ও বিদেশিদের জন্য ওগুলো ছেড়ে দিও। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর।

[11] “ ‘চুরি কোরো না। “ ‘মিথ্যা কথা বোলো না। “ ‘একজন অন্যজনকে প্রতারণা কোরো না।

[12] “ ‘আমার নাম নিয়ে মিথ্যা দিব্যি করবে না এবং এইভাবে তোমাদের ঈশ্বরের নাম অপবিত্র করবে না। আমি সদাপ্রভু।

[13] “ ‘তোমাদের প্রতিবেশীকে নির্যাতন করবে না কিংবা তার কোনো দ্রব্য হরণ করবে না। “ ‘বেতনজীবীর বেতন রাত্রি অতিবাহিত না হওয়া পর্যন্ত ধরে রেখো না।

[14] “ ‘বধিরকে অভিশাপ দিয়ো না, অথবা অন্ধজনের সামনে বাধা রেখো না; কিন্তু তোমাদের ঈশ্বরকে ভয় কোরো। আমি সদাপ্রভু।

[15] “ ‘তোমরা বিচারে অন্যায় করবে না; দরিদ্রের প্রতি পক্ষপাতিত্ব দেখাবে না, অথবা ধনবানকে তোষণ করবে না, কিন্তু তোমাদের প্রতিবেশীর প্রতি ন্যায্যবিচার করবে।

[16] “ ‘তোমাদের লোকদের মাঝে কুৎসা রটাতে এগিয়ে যেয়ো না। “ ‘এমন কোনো কাজ করবে না, যার দ্বারা তোমাদের প্রতিবেশীর জীবন বিপন্ন হয়। আমি সদাপ্রভু।

[17] “ ‘তোমরা হৃদয়ে তোমাদের আত্মীয়কে ঘৃণা কোরো না। তোমাদের প্রতিবেশীকে খোলাখুলিভাবে অনুযোগ করো, যেন তার অপরাধের ভাগী হতে না হয়।

[18] “ ‘তোমার লোকদের কারও বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ হবে না, অথবা তার বিপক্ষে বিরূপ মনোভাব রেখো না, কিন্তু প্রতিবেশীকে নিজের মতোই ভালোবেসো। আমি সদাপ্রভু।

[19] “ ‘আমার বিধিবিধান পালন করবে। “ ‘বিভিন্ন প্রকার পশুর মধ্যে সংসর্গ করতে দিয়ো না। “ ‘তোমার জমিতে দুই প্রকার বীজবপন করবে না। “ ‘দুই প্রকার উপাদান দিয়ে বোনা পরিচ্ছদ পরিধান করবে না।

[20] “ ‘যদি একটি পুরুষ কোনো এক নারীর সঙ্গে শয়ন করে, যে এক ক্রীতদাসী ও অন্য পুরুষের প্রতি বাগদত্তা, কিন্তু যার বন্ধনমুক্ত হয়নি, অথবা তাকে স্বাধীনতা দেওয়া হয়নি, তার শাস্তি হবেই। কিন্তু তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, কেননা সে মুক্ত হয়নি।

[21] অন্যদিকে, সদাপ্রভুর উদ্দেশে এক দোষার্থক-নৈবেদ্যদানার্থে সমাগম তাঁবুর প্রবেশদ্বারে ওই পুরুষ অবশ্যই একটি মেষ আনবে।

[22] যাজক দোষার্থক-নৈবেদ্যদানের মেষ নিয়ে পুরুষটির পাপহেতু সদাপ্রভুর সাক্ষাতে তার পক্ষে প্রায়শ্চিত্ত করবে এবং তার পাপের ক্ষমা হবে।

[23] “ ‘দেশে প্রবেশের পর তোমরা যে কোনো ফলের গাছ রোপণ করো, এর ফল নিষিদ্ধ বিবেচনা করো, কেননা তিন বছর পর্যন্ত এটি নিষিদ্ধ বিবেচিত হবে। এর ফল ভোজন করা যাবে না।

[24] চতুর্থ বছরে এর সমস্ত ফল পবিত্র হবে, সদাপ্রভুর উদ্দেশে এটি প্রশংসাসূচক এক উপহার।

[25] কিন্তু পঞ্চম বছরে তুমি এর ফল ভোজন করতে পারো। এইভাবে তোমার ফসল বৃদ্ধি পাবে। আমি তোমার ঈশ্বর সদাপ্রভু।

[26] “ ‘রক্ত সমেত কোনো মাংস ভক্ষণ করবে না। “ ‘ভবিষ্যৎকথন অথবা জাদুবিদ্যা অনুশীলন করবে না।

[27] “ ‘তোমার মস্তক প্রান্তের কেশ অথবা তোমার দাড়ির প্রান্তভাগ ছাঁটবে না।

[28] “ ‘মৃত মানুষের জন্য তোমার দেহে অস্ত্রাঘাত কোরো না অথবা দেহে ক্ষোদিত চিহ্ন দিয়ো না। আমি সদাপ্রভু।

[29] “ ‘তুমি তোমার কন্যাকে ব্যভিচারিণী বানিয়ে তার মর্যাদাহানি করবে না পাছে দেশ ব্যভিচারে পূর্ণ হয় ও সর্বপ্রকার লাম্পট্যে ভরে যায়।

[30] “ ‘আমার বিশ্রামবার পালন কোরো ও আমার পবিত্র ধর্মধামের প্রতি সম্মান দেখাও। আমি তোমার ঈশ্বর সদাপ্রভু।

[31] “ ‘তোমরা ভুতড়িয়াদের ও মায়াবীদের অভিমুখে যেয়ো না, কেননা ওদের সংস্পর্শে তোমরা কলুষিত হবে। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।

[32] “ ‘বয়স্কদের উপস্থিতিতে তোমরা উঠে দাঁড়াও, প্রাচীনদের প্রতি সম্মান দেখাও এবং তোমার ঈশ্বরকে ভয় কোরো। আমি সদাপ্রভু।

[33] “ ‘তোমাদের দেশে তোমাদের সঙ্গে বাসকারী বিদেশির প্রতি দুর্ব্যবহার করবে না।

[34] তোমার কাছে স্বদেশীয় যেমন, তোমাদের সঙ্গে বাসকারী বিদেশির প্রতিও তুমি অবশ্যই একই ব্যবহার করবে। তুমি তাকে আত্মাতুল্য প্রেম করো, কেননা মিশরে তুমিও প্রবাসী ছিলে। আমি তোমার ঈশ্বর সদাপ্রভু।

[35] “ ‘দৈর্ঘ্য, ওজন অথবা পরিমাণ পরিমাপ করার সময় অবৈধ বাটখারা ব্যবহার করবে না।

[36] ন্যায্য মাপনী, ন্যায্য বাটখারা, ন্যায্য ঐফা ও ন্যায্য হিন ব্যবহার করবে। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে তোমাদের বের করে আনলেন।

[37] “ ‘আমার সকল বিধান ও বিধিবিধান পালন করবে, এবং সেগুলির অনুসারী হবে। আমি সদাপ্রভু।’ ”

লেবীয় পুস্তক — Chapters