Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:58

[1] সদাপ্রভু মোশিকে ডাকলেন ও সমাগম তাঁবু থেকে তাঁর সঙ্গে কথা বললেন। তিনি বললেন,

[2] “ইস্রায়েলীদের সঙ্গে কথা বলো, তাদের বলো: ‘তোমাদের মধ্যে যদি কেউ সদাপ্রভুর উদ্দেশে উপহার দেয়, সে পশুপাল থেকে অর্থাৎ গোপাল অথবা মেষপাল থেকে একটি পশু উৎসর্গ করুক।

[3] “ ‘যদি সে পশুপাল থেকে হোমবলি উপহার দেয়, তাহলে নিষ্কলঙ্ক এক পুংপশু উৎসর্গ করুক সে অবশ্যই সমাগম তাঁবুর প্রবেশদ্বারে এই উপহার রাখবে, যেন তা সদাপ্রভুর গ্রহণযোগ্য হয়।

[4] হোমবলির মস্তকে সে হাত রাখবে ও তাহা প্রায়শ্চিত্তরূপে তার পক্ষে গৃহীত হবে।

[5] পরে সদাপ্রভুর সামনে সে পুংগোবৎসটি বধ করবে এবং এরপরে হারোণের পুত্র যাজকেরা রক্ত নেবে ও সমাগম তাঁবুর প্রবেশদ্বারের চারপাশে বেদির সর্বত্র রক্ত প্রক্ষেপ করবে।

[6] সে ওই হোমবলির চর্ম খুলবে ও বলিকৃত পশু কেটে খণ্ড খণ্ড করবে।

[7] এরপর হারোণের পুত্র যাজকেরা বেদিতে অগ্নি সংযোগ করবে ও অগ্নির মধ্যে কাঠ দেবে।

[8] পরে হারোণের পুত্র যাজকেরা পশুর মস্তক ও চর্বি সমেত খণ্ডগুলি সাজাবে, এবং বেদিতে জ্বলন্ত কাঠের উপরে রাখবে।

[9] পশুর শরীরের ভিতরের অংশ ও পাগুলি সে জলে ধোবে এবং যাজক সে সকল বেদির অগ্নিতে পোড়াবে। এটি হোমবলি সদাপ্রভুর উদ্দেশে তুষ্টজনক সৌরভার্থক অগ্নিকৃত এক উপহার।

[10] “ ‘যদি মেষপাল থেকে হোমবলি উৎসর্গ করা হয়, পালের মেষ কিংবা ছাগ হোক, তা হবে নিষ্কলঙ্ক এক পুংশাবক।

[11] সদাপ্রভুর সামনে বেদির উত্তর দিকে সে পশু হত্যা করবে ও হারোণের পুত্র যাজকেরা বেদির চারপাশে বলিদানের রক্ত প্রক্ষেপ করবে।

[12] সে পশুকে খণ্ড খণ্ড করে কাটবে এবং পশুর মস্তক ও চর্বি সমেত সমস্ত অর্ঘ্য যাজক সাজাবে ও বেদিতে জ্বলন্ত কাঠের উপরে রাখবে।

[13] সে ওই পশুর অন্ত্র ও পা জলে ধৌত করবে এবং যাজক সমস্ত নৈবেদ্য তুলবে ও বেদিতে দগ্ধ করবে। এটি হোমবলি, সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক সন্তোষজনক উপহার।

[14] “ ‘যদি সদাপ্রভুর উদ্দেশে পাখিদের হোমবলি উৎসর্গ করা হয়, তাহলে ঘুঘু অথবা কপোতশাবক সে উপহার দেবে।

[15] যাজক ওই পাখিকে বেদিতে আনবে, তার মস্তক মুচড়ে বেদিতে দগ্ধ করবে; পাখির রক্ত বেদির পাশ দিয়ে প্রবাহিত হতে দেবে।

[16] সে ওই পাখির কণ্ঠনালীর থলি ও অন্যান্য আবর্জনা তুলবে ও ভস্মস্থানের বেদির পূর্বদিকে নিক্ষেপ করবে।

[17] সে পাখিটির ডানা ভগ্ন করবে, কিন্তু পাখিটিকে পুরোপুরি ছিঁড়ে ফেলবে না, এবং বেদিতে জ্বলন্ত কাঠে যাজক পাখিটিকে দগ্ধ করবে। এটি হোমবলি, যা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক সন্তোষজনক এক উপহার।

লেবীয় পুস্তক — Chapters