[1] “ ‘যখন কেউ সদাপ্রভুর উদ্দেশে শস্য-নৈবেদ্য আনবে, সে মিহি ময়দা উপহার আনবে, ময়দাতে জলপাই তৈল ঢালবে, নৈবেদ্যের উপরে ধূপ রাখবে
[2] এবং হারোণের পুত্র যাজকদের কাছে নিয়ে যাবে। যাজক সমস্ত ধূপ সমেত এক মুষ্টি মিহি ময়দা ও তৈল নেবে এবং নৈবেদ্যের স্মরণীয় অংশরূপে তা বেদিতে দগ্ধ করবে, যা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক সন্তোষজনক অগ্নিকৃত উপহার।
[3] শস্য-নৈবেদ্যের অবশিষ্টাংশ হারোণের ও তাঁর ছেলেদের হবে; এটি সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত সমস্ত উপহারের অতি পবিত্র অংশ।
[4] “ ‘যদি তুমি তন্দুরে পক্ক শস্য-নৈবেদ্য আনো, তাহলে মিহি ময়দা দিয়ে তা তৈরি করতে হবে, যা থাকবে খামিরবিহীন, অথচ তেলমিশ্রিত পিষ্টক, তৈলাক্ত সরু চাকলী।
[5] যদি পিষ্টক সেঁকার পাত্রে তোমার শস্য-নৈবেদ্য প্রস্তুত করো, তাহলে তেলমিশ্রিত মিহি ময়দা দিয়ে তা প্রস্তুত করতে হবে, কিন্তু সেই খাদ্য খামিরবিহীন রাখতে হবে।
[6] নৈবেদ্য খণ্ড খণ্ড করো, তাতে তৈল ঢাল; এটি শস্য-নৈবেদ্য।
[7] যদি তোমার শস্য-নৈবেদ্য এটি পাত্রে পক্ক করা হয়, তা মিহি ময়দা ও জলপাই তেল সহযোগে প্রস্তুত করতে হবে।
[8] এই সমস্ত উপাদান মিশ্রিত শস্য-নৈবেদ্য সদাপ্রভুর কাছে আনো; যাজকের হস্তে দাও, যাজক সেটি বেদিতে নিয়ে যাবে।
[9] সে শস্য-নৈবেদ্য থেকে স্মরণীয় অংশ তুলে নেবে, এবং অগ্নিকৃত নৈবেদ্যরূপে বেদিতে দগ্ধ করবে, যা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক সন্তোষজনক উপহার।
[10] শস্য-নৈবেদ্যের অবশিষ্টাংশ হারোণের ও তাঁর ছেলেদের হবে। এটি সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত সমস্ত উপহারের অতি পবিত্র অংশ।
[11] “ ‘সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত তোমার যে কোনো শস্য-নৈবেদ্য অবশ্যই খামিরবিহীন হবে মধুমিশ্রিত কোনো নৈবেদ্য তুমি দগ্ধ করতে পারবে না।
[12] তুমি সেগুলি তোমার প্রথম ফসলরূপে সদাপ্রভুর নিকটে আনবে, কিন্তু সৌরভার্থক প্রীতিজনক উপহার রূপে সেগুলি উৎসর্গ করা যাবে না।
[13] তুমি তোমার শস্য-নৈবেদ্যের সকল বস্তু লবণাক্ত করবে। তোমার শস্য-নৈবেদ্য তোমার ঈশ্বরের সঙ্গে সন্ধিচুক্তির লবণ বিহীন রাখবে না। তোমার সকল নৈবেদ্যে লবণ মিশ্রিত করো।
[14] “ ‘যদি তুমি সদাপ্রভুর উদ্দেশে তোমার প্রথম ফসলের শস্য-নৈবেদ্য নিবেদন করতে চাও, তাহলে অগ্নিতে ঝলসানো নতুন ফসলের মর্দিত শিষ নিবেদন করবে।
[15] এই নৈবেদ্যে তৈল ঢালো ও এর উপরে ধূপ রাখো; এটি শস্য-নৈবেদ্য।
[16] যাজক সমস্ত ধূপ সমেত মর্দিত ফসলের স্মরণীয় অংশ ও তৈল দগ্ধ করবে, যা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার রূপে নিবেদিত হবে।