Skip to content
Opens in a new window
Listen to this chapter • 7:27

[1] সদাপ্রভু মোশিকে বললেন,

[2] “যদি কেউ পাপ করে, এবং তার প্রতি অর্পিত কোনো বিষয় সম্বন্ধে তার প্রতিবেশীকে প্রবঞ্চিত করার দ্বারা সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হয়, অথবা তার নিকটে গচ্ছিত বস্তু চুরি করে, কিংবা সে প্রতিবেশীকে প্রবঞ্চিত করে,

[3] অথবা হারানো সম্পত্তি খুঁজে পায়, অথচ মিথ্যা কথা বলে, কিংবা মিথ্যা শপথ করে, কিংবা তার কৃত পাপের মতো অন্য কেউ একই পাপ করে এভাবে যখন সে পাপ করে,

[4] যখন সে এরকম কোনো পাপ করে এবং বুঝতে পারে যে সে অপরাধী, তখন চুরির বস্তু বা লুন্ঠিত দ্রব্য, অথবা তার প্রতি অর্পিত জিনিস কিংবা হারানো প্রাপ্ত সম্পদ পেয়ে নিজের কাছে রেখেছে

[5] অথবা মিথ্যা শপথ করা যে কোনো বস্তু সে অবশ্যই ফেরত দেবে। যেদিন সে তার দোষার্থক-নৈবেদ্য উৎসর্গ করবে, সেদিন নির্ধারিত পরিমাণের পঞ্চমাংশ সমেত পরিশোধ্য সমস্ত দ্রব্যের ক্ষতিপূরণ প্রাপকের হস্তে দেবে।

[6] দণ্ডস্বরূপ সে যাজকের নিকটে, অর্থাৎ সদাপ্রভুর উদ্দেশে মেষপাল থেকে নিখুঁত ও যথার্থ মানের একটি মেষ অবশ্যই আনবে।

[7] এভাবে সদাপ্রভুর সামনে তার পক্ষে যাজক প্রায়শ্চিত্ত করবে এবং এসব আদেশের যে কোনো একটি আদেশ অমান্য হেতু তার পাপের ক্ষমা হবে, যা তাকে দোষী করেছিল।”

[8] সদাপ্রভু মোশিকে বললেন,

[9] “হারোণ ও তার ছেলেদের এই আদেশ দাও, ‘হোমবলির নিয়মাবলি এই প্রকার: সারারাত, প্রভাত অবধি হোমবলি বেদিগৃহে থাকবে, এবং বেদিতে অগ্নি নির্বাপিত হবে না।

[10] এবারে যাজক সুতির পোশাক ও অন্তর্বাস পরিধান করবেন, এবং হোমবলির অগ্নিভস্ম সরাবেন ও বেদির পাশে রাখবেন।

[11] এরপর যাজক তার পোশাক ছাড়বেন ও অন্য পোশাক পরিহিত হবেন এবং সমস্ত ভস্ম শিবিরের বাইরে এক স্থানে নিয়ে যাবেন, যা আনুষ্ঠানিকভাবে শুচি স্থান।

[12] বেদিতে সংযোগ করা অগ্নি যেন জ্বলতে থাকে; এই অগ্নি কোনো ভাবে নির্বাপিত হবে না। প্রতি প্রভাতে যাজক কাঠ যোগান দেবে, অগ্নিতে হোমবলি সাজাবে ও এর উপরে মঙ্গলার্থক বলির মেদ দগ্ধ করবে।

[13] বেদিতে অগ্নি অবশ্যই অবিরাম জ্বলবে; অগ্নি নির্বাপিত হবে না।

[14] “ ‘শস্য-নৈবেদ্যের পক্ষে নিয়মাবলি এই প্রকার, হারোণের ছেলেরা সদাপ্রভুর সামনে বেদি সমীপে এই নৈবেদ্য আনবে।

[15] যাজক সমস্ত ধূপ সমেত এই মুষ্টি মিহি ময়দা ও জলপাই তৈল তুলে নিয়ে শস্য-নৈবেদ্যের উপরে রাখবে, এবং সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক সন্তোষজনক উপহার রূপে বেদিতে স্মরণীয় অংশ দগ্ধ করবে।

[16] হারোণ ও তার ছেলেরা অবশিষ্ট খাদ্য ভোজন করবে, কিন্তু তাদের পবিত্রস্থানে খামিরবিহীন খাদ্য ভোজন করতে হবে; সমাগম তাঁবুর প্রাঙ্গণে তারা যেন আহার করে।

[17] খামিরযুক্ত খাদ্যবস্তু রন্ধন করা যাবে না; আমার উদ্দেশে প্রস্তুত অগ্নিকৃত উপহারগুলির অংশরূপে এটি আমি তাদের দিয়েছি। পাপার্থক বলি ও দোষার্থক-নৈবেদ্যের মতো এটি অত্যন্ত পবিত্র।

[18] হারোণের যে কোনো পুরুষ বংশধর এই খাদ্য ভোজন করতে পারে। সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারসমূহের মধ্যে এই অংশবিশেষ তার অধিকার ও পুরুষানুক্রমে তারা ভোজন করবে। তাদের স্পর্শে যে কোনো বস্তু পবিত্র হবে।’ ”

[19] সদাপ্রভু মোশিকে আরও বললেন,

[20] “হারোণ ও তার ছেলেরা অভিষেকের দিনে সদাপ্রভু উদ্দেশে এই উপহার আনবে: এক নিয়মিত শস্য-নৈবেদ্যরূপে এক ঐফা মিহি ময়দার দশমাংশ, প্রভাতে অর্ধ ভাগ ও সন্ধ্যায় অর্ধ ভাগ।

[21] এটাই পাত্রে তৈল ঢেলে তা প্রস্তুত করো, সুমিশ্রিত খাদ্য আনো ও সদাপ্রভুর উদ্দেশে খণ্ড খণ্ড করে কেটে সৌরভার্থক সন্তোষজনক উপহার রূপে ওই শস্য-নৈবেদ্য উৎসর্গ করো।

[22] অভিষিক্ত যাজকরূপে তার উত্তরাধিকারী পুত্র এই খাদ্য প্রস্তুত করবে। এটি সদাপ্রভুর নিয়মিত অংশ, যাকে পুরোপুরি দগ্ধ করতে হবে।

[23] যাজকের প্রত্যেক শস্য-নৈবেদ্য পুরোপুরি দগ্ধীভূত হবে, এটি ভোজন করা যাবে না।”

[24] সদাপ্রভু মোশিকে বললেন,

[25] “হারোণ ও তার ছেলেদের বলো, পাপার্থক বলিদানের নিয়মাবলি এই প্রকার: সদাপ্রভুর সামনে হোমবলি হত্যা করার স্থানে পাপার্থক বলিকে হত্যা করতে হবে; এটি অত্যন্ত পবিত্র।

[26] উৎসর্গকারী যাজক এই খাদ্য খাবে। সমাগম তাঁবুর প্রাঙ্গণস্থ পবিত্রস্থানে খাদ্যটি ভোজন করতে হবে;

[27] যে তা স্পর্শ করবে সে পবিত্রকৃত হবে; যদি পোশাকে রক্তের দাগ লাগে, তোমাকে এক পবিত্রস্থানে তা ধৌত করতে হবে।

[28] মাংস রন্ধন করা মাটির পাত্রকে অবশ্যই ভেঙে ফেলতে হবে; কিন্তু যদি পিত্তলের পাত্রে তা রন্ধন করা হয়, তাহলে জল দিয়ে মেজে পাত্রটি পরিষ্কার করতে হবে।

[29] যাজকের পরিবারের যে কোনো পুরুষ এই খাদ্য ভোজন করতে পারে; এটি অত্যন্ত পবিত্র।

[30] কিন্তু পবিত্রস্থানে প্রায়শ্চিত্ত করবার জন্য সমাগম তাঁবুতে আনা যে কোনো পাপার্থক বলির রক্ত ভোজন করা যাবে না; এই ভক্ষ্য দ্রব্যকে দগ্ধ করতেই হবে।

লেবীয় পুস্তক — Chapters