[1] হারোণের দুই ছেলে সদাপ্রভুর নিকটে এসে মারা গেলে পর সদাপ্রভু মোশির সঙ্গে কথা বললেন।
[2] সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি তোমার ভাই হারোণকে বলো, সে যেন মহাপবিত্র স্থানে তিরস্কারিণীর পেছনে সিন্দুকের অগ্রে পাপাবরণ স্থানে যখন তখন যেন প্রবেশ না করে, অন্যথায় সে মরবে, কারণ পাপাবরণের ওপরে মেঘের মধ্যে আমি আবির্ভূত হই।
[3] “পাপার্থক বলিরূপে একটি গোবৎস ও হোমবলিরূপে একটি মেষ সঙ্গে নিয়ে হারোণ মহাপবিত্র স্থানে প্রবেশ করবে।
[4] মসিনার পবিত্র অঙ্গরক্ষিণী সে পরিধান করবে, মসিনার অন্তর্বাস পরিহিত থাকবে, মসিনার কটিবন্ধন বাঁধবে ও মসিনার পাগড়িতে বিভূষিত হবে। এগুলি পবিত্র পোশাক সুতরাং এই পোশাক পরিধান করার পূর্বে সে অবশ্যই স্নান করবে।
[5] পাপার্থক বলির জন্য দুটি পুংছাগ ও হোমবলির জন্য একটি মেষ ইস্রায়েলী সমাজ থেকে সে সংগ্রহ করবে।
[6] “হারোণ নিজের পাপার্থক বলিরূপে প্রায়শ্চিত্ত সাধনার্থে ও তার কুলের পক্ষে গোবৎস উৎসর্গ করবে।
[7] পরে সে দুটি ছাগ নেবে এবং সমাগম তাঁবুর প্রবেশদ্বারে সদাপ্রভুর সামনে রাখবে।
[8] পরে দুটি ছাগের পক্ষে সে লটারি করবে। সদাপ্রভুর উদ্দেশে একটি ছাগ ও অন্যদের অপরাধে দণ্ডিত হবার জন্য অন্য ছাগের ভাগ্য নির্ণীত হবে।
[9] সদাপ্রভুর উদ্দেশে নির্ণীত ছাগকে এনে হারোণ পাপার্থক বলি উৎসর্গ করবে।
[10] কিন্তু অন্যদের নিমিত্তে দণ্ড পাবার জন্য মনোনীত ছাগটিকে জীবিতাবস্থায় সদাপ্রভুর সামনে আনয়ন করতে হবে ও প্রায়শ্চিত্ত সাধনার্থে অন্যের পক্ষে দণ্ডিতরূপে তাকে প্রান্তরে প্রেরণ করতে হবে।
[11] “হারোণ নিজের পাপার্থক বলিরূপে গোবৎস আনবে এবং তার ও তার কুলের পক্ষে প্রায়শ্চিত্ত করবে এবং আপন পাপার্থক বলিদানার্থে সে গোবৎসকে হত্যা করবে।
[12] সদাপ্রভুর সম্মুখস্থ বেদি থেকে সে জ্বলন্ত কয়লাপূর্ণ ধূপাধার নেবে এবং পূর্ণ দুই মুষ্টি চূর্ণীকৃত সুগন্ধি ধূপ নিয়ে তিরস্করণীর পিছনে রাখবে।
[13] সদাপ্রভুর সামনে অগ্নির মধ্যে সে ধূপ নিক্ষেপ করবে; ফলে সাক্ষ্য-সিন্দুকের ওপরে রাখা পাপাবরণ ধূপের ধূমমেঘে আচ্ছন্ন হবে; সুতরাং সে মরবে না।
[14] সে গোবৎসের কিঞ্চিৎ রক্ত নেবে ও তার অঙ্গুলি দিয়ে পাপাবরণের সামনে প্রক্ষেপ করবে; পরে সে তার অঙ্গুলি দিয়ে কিঞ্চিৎ রক্ত নিয়ে পাপাবরণের সামনে সাতবার প্রক্ষেপ করবে।
[15] “এবারে লোকদের নিমিত্তে পাপার্থক বলিদানার্থে সে ছাগকে হত্যা করবে এবং গোবৎসের রক্ত প্রক্ষেপের মতো ছাগের রক্ত প্রক্ষেপ করবে। পাপাবরণের উপরে সাতবার প্রক্ষেপ করবে।
[16] এভাবে মহাপবিত্র স্থানের নিমিত্তে সে প্রায়শ্চিত্ত করবে, কেননা ইস্রায়েলীদের রকমারি অশুচিতা, বিরোধিতা ও অন্যান্য পাপ সেখানে ঘটেছিল। সমাগম তাঁবুর নিমিত্তে সে একই কাজ করবে, যা তাদের অশুচিতার মাঝে তাদের মধ্যে রয়েছে।
[17] মহাপবিত্র স্থানে প্রায়শ্চিত্ত সাধনার্থে হারোণ চলে যাওয়ার সময় থেকে তার ফিরে না আসা পর্যন্ত সমাগম তাঁবুতে কেউ যাবে না। সে নিজের জন্য, তার কুলের পক্ষে ও সমগ্র ইস্রায়েল সমাজের নিমিত্তে প্রায়শ্চিত্ত সাধনের পর সেখান থেকে বেরিয়ে আসবে।
[18] “পরে সদাপ্রভুর সম্মুখবর্তী বেদির সামনে সে আসবে ও বেদির নিমিত্তে প্রায়শ্চিত্ত করবে। সে গোবৎসের কিঞ্চিৎ রক্ত ও ছাগের কিঞ্চিৎ রক্ত নেবে এবং বেদির সমস্ত শৃঙ্গে ঢালবে।
[19] বেদি শুচি করতে ও ইস্রায়েলীদের সব ধরনের অশুচিতা থেকে বেদিকে পবিত্র করণার্থে সে তার অঙ্গুলি দিয়ে কিঞ্চিৎ রক্ত নিয়ে সাতবার ছিটাবে।
[20] “মহাপবিত্র স্থান, সমাগম তাঁবুর ও বেদির নিমিত্তে প্রায়শ্চিত্ত সাধনের পর হারোণ জীবিত ছাগকে সামনে আনবে।
[21] জীবিত ছাগের মস্তকে সে তার দুই হস্ত রাখবে এবং ইস্রায়েলীদের সমস্ত দুষ্টতা, বিরোধিতা স্বীকার করবে তাদের সকল পাপ ছাগের মস্তকের ওপরে রাখা হবে। দায়িত্ব পালনার্থে নিযুক্ত ব্যক্তির তত্ত্বাবধানে সে ছাগটিকে প্রান্তরে প্রেরণ করবে।
[22] ছাগটি তাদের সকল পাপ বহন করে এক নির্জন স্থানে নিয়ে যাবে ও তত্ত্বাবধায়ক ছাগটিকে প্রান্তরে ছেড়ে দেবে।
[23] “পরে হারোণ সমাগম তাঁবুতে যাবে এবং মহাপবিত্র স্থানে প্রবেশ করার পূর্বে পরিহিত সব মসিনার পোশাক ছাড়বে ও সেগুলি সেখানে রাখবে।
[24] এক পবিত্রস্থানে সে জলে স্নান করবে এবং তার নিয়মিত পরিচ্ছদ পরিধান করবে। এবারে সে বাইরে আসবে এবং নিজের জন্য হোমবলি ও লোকদের জন্য হোমবলি উৎসর্গ করবে, এইভাবে নিজের জন্য ও লোকদের জন্য প্রায়শ্চিত্ত সাধিত হবে।
[25] আর সে পাপার্থক বলির মেদ বেদিতে দগ্ধ করবে।
[26] “অন্যের জন্য দণ্ডিত ছাগকে যে ব্যক্তি মুক্ত করবে, সে তার পরিচ্ছদ অবশ্যই ধৌত করবে ও জলে স্নাত হবে; পড়ে সে শিবিরে আসতে পারে।
[27] পাপার্থক বলির জন্য আনয়ন করা গোবৎস ও ছাগের রক্ত প্রায়শ্চিত্ত সাধনার্থে মহাপবিত্র স্থান থেকে শিবিরের বাইরে নিয়ে যেতেই হবে; তাদের চর্ম, মাংস ও নাড়ি অগ্নিতে জ্বালিয়ে দিতে হবে।
[28] এগুলি যে ব্যক্তি জ্বালাবে, সে তার পরিচ্ছদ অবশ্যই ধৌত করবে ও নিজে জলে স্নাত হবে; পড়ে সে শিবিরে আসতে পারবে।
[29] “এটি তোমাদের জন্য চিরস্থায়ী বিধি হবে: সপ্তম মাসের দশম দিনে তোমরা আত্মসংযমী হবে এবং স্বদেশি অথবা তোমাদের মধ্যে বসবাসকারী প্রবাসী কোনো কাজ করবে না,
[30] কারণ ওই দিনে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত সাধিত হবে, তোমরা পরিষ্কৃত হবে। পরে সদাপ্রভুর সামনে তোমরা সকল পাপ থেকে শুচি হবে।
[31] এই দিন তোমাদের বিশ্রামার্থে বিশ্রামদিন এবং তোমরা অবশ্যই আত্মসংযমী হবে; এটি চিরস্থায়ী বিধি।
[32] যে যাজককে অভিষেক ও নিযুক্ত দ্বারা মহাযাজকরূপে তার বাবার উত্তরসূরী করা হবে, সে প্রায়শ্চিত্ত করবে। পবিত্র মসিনা বস্ত্র সে পরিধান করবে
[33] এবং সমাগম তাঁবু ও বেদির জন্য এবং যাজকদের ও সমাজের সমস্ত লোকদের জন্য মহাপবিত্র স্থানে প্রায়শ্চিত্ত করবে।
[34] “তোমাদের জন্য এটি চিরস্থায়ী বিধি হবে: ইস্রায়েলীদের সকল পাপহেতু বার্ষিক একবার প্রায়শ্চিত্ত করতে হবে।” এই কাজ করা হল, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ করেছিলেন।