Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:40

[1] সদাপ্রভু মোশিকে বললেন,

[2] “তুমি ইস্রায়েলীদের বলো: ‘সন্তান গর্ভধারণ করার পর কোনো মহিলা যখন একটি পুত্রের জন্ম দেয় তবে সে আনুষ্ঠানিকভাবে সাতদিনের জন্য অশুচি থাকবে, যেমন তার মাসিক ঋতুস্রাব থাকাকালীন সে অশুচি থাকে।

[3] অষ্টম দিবসে বালকটিকে সুন্নত করতে হবে।

[4] পরে মহিলাটি তার রক্তস্রাব থেকে শুদ্ধ হওয়ার জন্য তেত্রিশ দিন অপেক্ষা করবে। তার শুচি হওয়ার দিনগুলি অতিবাহিত না হওয়া পর্যন্ত সে কোনো ভাবে পবিত্র বস্তু স্পর্শ করবে না অথবা পবিত্রস্থানে যাবে না।

[5] যদি সে একটি কন্যার জন্ম দেয়, তাহলে দুই সপ্তাহের জন্য তার অশুদ্ধতা থাকবে, যেমন ঋতুস্রাব থাকাকালীন সে অশুচি থাকে। তারপর তার রক্তস্রাব থেকে শুচি হওয়ার জন্য তাকে ছেষট্টি দিবস অবশ্যই প্রতীক্ষা করতে হবে।

[6] “ ‘যখন একটি ছেলে অথবা কন্যার জন্য তার শুচি হওয়ার দিনগুলি অতিবাহিত হয়, হোমবলির জন্য এক বর্ষীয় মেষশাবক ও পাপার্থক বলির জন্য একটি কপোতশাবক অথবা একটি ঘুঘু সে সমাগম তাঁবুর প্রবেশদ্বারে যাজকের নিকটে আনবে।

[7] তার জন্য প্রায়শ্চিত্ত সাধনার্থে সদাপ্রভুর যাজক সেগুলি উৎসর্গ করবে এবং পরে ওই মহিলা তার রক্তস্রাব থেকে আনুষ্ঠানিকভাবে শুচি হবে। “ ‘এই নিয়মাবলি ওই মহিলার জন্য, যে একটি ছেলে অথবা একটি কন্যার জন্ম দেবে।

[8] যদি সে একটি মেষশাবক যোগান দিতে অসমর্থ হয়, তাহলে দুটি ঘুঘু কিংবা দুটি কপোতশাবক আনবে; প্রথমটি হোমবলিদানার্থে ও দ্বিতীয়টি পাপার্থক বলিদানার্থে তার নিবেদন। এইভাবে তার জন্য যাজক প্রায়শ্চিত্ত করবে এবং সে শুচি হবে।’ ”

লেবীয় পুস্তক — Chapters