[1] সদাপ্রভু মোশিকে বললেন,
[2] “ইস্রায়েলীদের বলো, ‘আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।
[3] মিশরে তাদের কর্মের মতো কর্ম তোমরা কোরো না, যেখানে তোমরা বাস করতে এবং কনানদেশে তাদের কর্মানুযায়ী তোমরা কোনো কর্ম কোরো না, যেখানে আমি তোমাদের আনছি। তাদের কোনো অনুশীলন অনুকরণ কোরো না।
[4] আমার শাসন তোমরা অবশ্যই পালন করবে এবং আমার সকল বিধি সযত্নে মানবে। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।
[5] আমার বিধিলিপি ও নিয়মাবলি পালন করবে, কেননা যে ব্যক্তি সেগুলি পালন করে সে এসবের দ্বারা বাঁচবে। আমি সদাপ্রভু।
[6] “ ‘যৌন সম্পর্ক গড়তে কেউ নিকট আত্মীয়ের নিকটে যাবে না। আমি সদাপ্রভু।
[7] “ ‘তোমাদের মার সাথে যৌন সম্পর্ক রেখে তুমি তোমার বাবাকে অশ্রদ্ধা করো না। তিনি তোমার মা; তাঁর সাথে কোনো যৌন সম্পর্ক নয়।
[8] “ ‘তোমার বাবার স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক রেখো না; এই কাজ তোমার বাবার অসম্মানজনক।
[9] “ ‘তোমার ভগ্নীর সাথে অর্থাৎ তোমার বাবার কন্যার সাথে অথবা তোমার মার কন্যার সাথে যৌন সম্পর্ক রেখো না; হতে পারে সে একই গৃহে অথবা অন্যত্র জন্মেছে।
[10] “ ‘তোমার পুত্রের কন্যা অথবা তোমার কন্যার কোনো কন্যার সাথে যৌন সম্পর্ক রাখবে না, এই কাজ তোমার অসম্মানজনক।
[11] “ ‘তোমার বাবার ঔরসে জাত কন্যার সঙ্গে তুমি যৌন সম্পর্ক রাখবে না; সে তোমার ভগ্নী।
[12] “ ‘তোমার বাবার ভগ্নীর সঙ্গে তুমি যৌন সম্পর্ক রাখবে না; সে তোমার বাবার নিকট আত্মীয়।
[13] “ ‘তোমার মার ভগ্নীর সঙ্গে যৌন সম্পর্ক রেখো না, কেননা সে তোমার মার নিকট আত্মীয়।
[14] “ ‘তোমার বাবার ভ্রাতৃবধূর সঙ্গে যৌন সম্পর্ক গড়তে গিয়ে বাবার ভাইকে অশ্রদ্ধা কোরো না; তিনি তোমার কাকীমা।
[15] “ ‘তোমার পুত্রবধূর সঙ্গে যৌন সম্পর্ক রেখো না। সে তোমার পুত্রের ভার্ষা; তার সাথে অবৈধ সম্পর্ক নয়।
[16] “ ‘তোমার ভ্রাতৃবধূর সঙ্গে যৌন সম্পর্ক রাখবে না; এ কাজ তোমার ভাই-এর প্রতি অসম্মানজনক।
[17] “ ‘কোনো এক মহিলা ও তার কন্যার সঙ্গে যৌন সম্পর্ক রাখবে না। তার পুত্রের কন্যা অথবা তার কন্যার কোনো কন্যার সঙ্গে যৌন সম্পর্ক রাখবে না। তারা তার নিকট আত্মীয়; এটি পাপাচার।
[18] “ ‘তোমার স্ত্রীর ভগ্নীকে এক প্রতিযোগী স্ত্রীরূপে গ্রহণ করবে না ও তোমার স্ত্রী জীবিত থাকাকালীন তার সঙ্গে যৌন সম্পর্ক রাখবে না।
[19] “ ‘কোনো মহিলার মাসিক রক্তস্রাবের অশুচিতা থাকাকালীন যৌন সম্পর্ক স্থাপন করতে তার নিকটে যাবে না।
[20] “ ‘তোমার প্রতিবেশীর স্ত্রী সঙ্গে যৌন সম্পর্ক রেখে তার দ্বারা নিজেকে অশুচি করবে না।
[21] “ ‘মোলকের উদ্দেশে তোমার কোনো সন্তান বলিদানার্থে দিয়ো না, কেননা তোমার ঈশ্বরের নাম তুমি কখনও অপবিত্র করবে না। আমি সদাপ্রভু।
[22] “ ‘কোনো পুরুষের সঙ্গে সংসর্গ করবে না, যেমন কেউ কোনো রমণীর সঙ্গে শয়ন করে। এই কর্ম ঘৃণিত।
[23] “ ‘কোনো পশুর সঙ্গে যৌন সম্পর্ক রেখে নিজেকে অশুচি করবে না। একটি নারী কামনা চরিতার্থ করতে যেন কখনও কোনো পশুর নিকটে না যায়। এই কাজ চূড়ান্ত দুষ্কর্ম।
[24] “ ‘এসব দুষ্কর্ম দ্বারা তোমরা নিজেদের কলুষিত করবে না, কারণ তোমাদের সম্মুখ থেকে যে জাতিদের আমি বিতাড়িত করতে চলেছি, তারা এইভাবে কলুষিত হয়েছিল।
[25] এমনকি দেশও কলুষিত হল; সুতরাং তার পাপের জন্য তাকে শাস্তি দিলাম এবং দেশ নিজ বাসিন্দাদের উদ্গিরণ করল।
[26] কিন্তু আমার বিধি ও আমার ব্যাবস্থা অবশ্যই পালন করবে। স্বদেশে জাত ও তোমাদের মধ্যে বাসকারী বিদেশিরা যেন কোনো ঘৃণিত কর্ম না করে।
[27] কারণ তোমাদের পূর্বে এই দেশে বাসকারী লোকেরা এই সমস্ত করেছিল ও দেশ কলুষিত হয়েছিল।
[28] আর তোমরা যদি দেশ কলুষিত করো, তাহলে দেশ তোমাদের উদ্গিরণ করবে, যেমন তোমাদের পূর্বে জাতিদের উদ্গিরণ করেছিল।
[29] “ ‘যদি কেউ এই ঘৃণিত কর্মগুলির কোনো কর্ম করে, তাহলে নিজ পরিজনদের মধ্য থেকে সে উচ্ছিন্ন হবে।
[30] আমার দাবিগুলি পালন করবে ও ঘৃণিত কোনো কর্ম অনুসরণ করবে না, তোমাদের পূর্বে যেগুলি অনুশীলিত হয়েছিল এবং কুকর্মগুলির দ্বারা নিজেদের কলুষিত করবে না। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।’ ”