[1] “ ‘যদি কেউ মঙ্গলার্থক বলিদান দেয় এবং পশুপাল থেকে একটি পশু উৎসর্গ করে, সেটি পুংপশু বা স্ত্রীপশু যাই হোক না কেন, সদাপ্রভুর সামনে সেটি নির্দোষ হওয়া চাই।
[2] সে ওই পশুর মস্তকে হাত রাখবে ও সমাগম তাঁবুর প্রবেশদ্বারে তাকে বধ করবে। পরে হারোণের পুত্র যাজকেরা বেদির চারপাশে রক্ত প্রক্ষেপ করবে।
[3] মঙ্গলার্থক বলিদান থেকে সে এক অর্ঘ্য আনবে, যা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার, ভিতরের অঙ্গ এবং সমস্ত মেদ তার সঙ্গে যুক্ত
[4] অন্ত্র আচ্ছাদনকারী সমস্ত মেদ অথবা এর সঙ্গে সংযুক্ত প্রত্যঙ্গ, কোমরের কাছাকাছি মেদসহ দুটো বৃক্ক ও বৃক্কের আচ্ছাদন সে বাদ দেবে।
[5] তারপর হোমবলির শীর্ষ ভাগে বেদির উপরে হারোণের ছেলেরা নৈবেদ্য দগ্ধ করবে, অর্থাৎ কাঠে অর্ঘ্য ঝলসানো হবে; এটি অগ্নিকৃত এক উৎসর্গ যা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক প্রীতিজনক উপহার।
[6] “ ‘যদি সে সদাপ্রভুর উদ্দেশে পশুপাল থেকে কোনো পুংশাবক অথবা স্ত্রীশাবক মঙ্গলার্থক নৈবেদ্যরূপে উৎসর্গ করে, তাহলে তা যেন ত্রুটিমুক্ত হয়।
[7] যদি সে এক মেষশাবক বলি দেয়, সদাপ্রভুর সামনে সে তাকে রাখবে।
[8] সে তাঁর অর্পিত পশুর মস্তকে হাত রাখবে ও সমাগম তাঁবুর সামনে বধ করবে। পরে হারোণের ছেলেরা বেদির চারপাশে বধ্য পশুর রক্ত প্রক্ষেপ করবে।
[9] মঙ্গলার্থক বলিদান থেকে অগ্নিকৃত উপহার সে সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করবে। বলিকৃত পশুর সমস্ত মেদ, অথবা এতে সংযুক্ত অন্যান্য প্রত্যঙ্গ,
[10] কোমরের কাছাকাছি মেদসহ দুটো বৃক্ক ও যকৃতের আচ্ছাদন সে সরিয়ে দেবে।
[11] যাজক খাদ্যরূপে সেগুলি বেদিতে দগ্ধ করবে, যা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত এক উপহার।
[12] “ ‘যদি সে একটি ছাগ উৎসর্গ করতে চায়, সদাপ্রভুর সামনে সে তাকে রাখবে,
[13] ছাগটির মস্তকে সে হাত রাখবে ও সমাগম তাঁবুর সামনে তাকে বধ করবে। পরে হারোণের পুত্রেরা বেদির চারপাশে বধ্য পশুর রক্ত প্রক্ষেপ করবে।
[14] তার যে কোনো বলিদান সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার হতেই হবে; অন্ত্র আচ্ছাদনকারী সমস্ত মেদ অথবা এতে সংযুক্ত প্রত্যঙ্গ
[15] কোমরের কাছাকাছি মেদসহ দুটো বৃক্ক ও যকৃতের আচ্ছাদন সে ছাড়াবে।
[16] যাজক সেগুলি ভক্ষ্যরূপে বেদিতে দগ্ধ করবে, যা সৌরভার্থক প্রীতিজনক অগ্নিকৃত এক উপহার। সমস্ত মেদ সদাপ্রভুর।
[17] “ ‘পুরুষানুক্রমে তোমরা যেখানেই বাস করো এটি হবে তোমাদের জন্য চিরস্থায়ী বিধি, তোমরা মেদ অথবা রক্ত ভোজন করবে না।’ ”