[1] সদাপ্রভু মোশিকে বললেন,
[2] “তুমি হারোণ ও তার ছেলেদের, তাদের পোশাক-পরিচ্ছদ, অভিষেকার্থ তৈল, পাপার্থক বলিদানের জন্য গোবৎস, দুটি মেষ ও এক ঝুড়ি খামিরবিহীন রুটি আনো,
[3] এবং সমাগম তাঁবুর প্রবেশদ্বারে সমগ্র মণ্ডলীকে সমবেত করো।”
[4] সদাপ্রভুর আদেশমতো মোশি কাজ করলেন ও সমাগম তাঁবুর প্রবেশদ্বারে জনমণ্ডলী সমবেত হল।
[5] জনগণের প্রতি মোশি বললেন, “এই কাজ করতে সদাপ্রভু আদেশ দিয়েছেন।”
[6] পরে হারোণ ও তার ছেলেদের মোশি সামনে আনলেন ও জল দিয়ে তাদের ধৌত করলেন।
[7] তিনি হারোণকে পরিচ্ছদ পরালেন, রেশমি ফিতে দিয়ে তার কটিবন্ধন করলেন, তার গাত্রে পোশাক ও তার উপরে এফোদ দিলেন এবং একটি বুনানি করা কটিবন্ধন দিয়ে তার গাত্রের এফোদ বন্ধন করলেন। এর দ্বারা হারোণ সুদৃঢ় হল।
[8] মোশি হারোণকে বুকপাটা দিলেন ও বুকপাটাতে ঊরীম ও তুম্মীম স্থাপন করলেন।
[9] পরে হারণের মস্তকে তিনি পাগড়ি দিলেন, এবং পাগড়ির অগ্রভাগে সোনার পাত দিয়ে গড়া পবিত্র মুকুট পরালেন, যেমন মোশির প্রতি সদাপ্রভু আদেশ দিয়েছিলেন।
[10] পরে মোশি অভিষেকার্থক তৈল নিলেন, এবং সমাগম তাঁবু ও তার মধ্যস্থ সমস্ত দ্রব্য অভিষিক্ত করলেন, এবং সেগুলি উৎসর্গ করলেন।
[11] তিনি বেদিতে সাতবার তৈল ছিটালেন; বেদি এবং বেদির সমস্ত পাত্র, খাড়া রাখার উপাদান সমেত প্রক্ষালন পাত্র পবিত্র করণার্থে অভিষেক করলেন।
[12] হারোণের মস্তকে তিনি কিঞ্চিৎ অভিষিক্ত তৈল ঢাললেন ও তাকে পবিত্র করণার্থে অভিষিক্ত করলেন।
[13] তারপর তিনি হারোণের ছেলেদের সামনে আনলেন, পরিচ্ছদ পরালেন, কটি বন্ধনে আবদ্ধ করলেন ও তাদের মস্তকে শিরোভূষণের বন্ধনী দিলেন, যেমন মোশিকে সদাপ্রভু আদেশ দিয়েছিলেন।
[14] পরে পাপার্থক বলিদানের জন্য তিনি গোবৎস রাখলেন, এবং হারোণ ও তার ছেলেরা গোবৎসের মস্তকে হাত রাখল।
[15] মোশি ওই গোবৎসকে বধ করলেন এবং বেদি শুচি করণার্থে বেদির শৃঙ্গগুলিতে আঙুল দিয়ে কিঞ্চিৎ রক্ত ঢাললেন। অবশিষ্ট রক্ত তিনি বেদিমূলে ঢেলে দিলেন। এইভাবে প্রায়শ্চিত্ত সাধনার্থে তিনি সমস্তই পবিত্র করলেন।
[16] আর মোশি অন্ত্রের সকল মেদ, যকৃতের আচ্ছাদন, দুটি বৃক্ক ও বৃক্কের মেদ ছাড়িয়ে নিলেন ও বেদিতে জ্বালিয়ে দিলেন।
[17] কিন্তু গোবৎসের চর্ম, মাংস ও গোময় শিবিরের বাইরে নিয়ে গেলেন ও সেগুলি দগ্ধ করলেন, যেমন মোশিকে সদাপ্রভু আদেশ দিয়েছিলেন।
[18] পরে হোমবলির জন্য তিনি মেষ রাখলেন এবং হারোণ ও তার ছেলেরা মেষটির মস্তকে হাত রাখল।
[19] পরে মোশি ওই মেষকে বধ করলেন ও বেদির উপরে চারপাশে রক্ত ছিটালেন।
[20] তিনি মেষটিকে খণ্ড খণ্ড করে কাটালেন এবং তার মস্তক, মাংসখণ্ড, ও মেদ দগ্ধ করলেন।
[21] তিনি অন্ত্র ও চরণগুলি জল দিয়ে ধৌত করলেন এবং হোমবলিরূপে গোটা মেষ বেদিতে দগ্ধ করলেন যা সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত অগ্নিকৃত সৌরভার্থক সন্তোষজনক উপহার, যেমন মোশিকে সদাপ্রভু আদেশ দিয়েছিলেন।
[22] এরপর অভিষেকের জন্যে তিনি অন্য একটি মেষ রাখলেন, এবং হারোণ ও তার ছেলেরা মেষটির মস্তকে হাত রাখলেন।
[23] মোশি ওই মেষকে বধ করলেন এবং হত মেষের কিঞ্চিৎ রক্ত নিয়ে হারোণের দক্ষিণ কর্ণের প্রান্তে, তার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলিতে ও তার দক্ষিণ চরণের বড় অঙ্গুলিতে লেপন করলেন।
[24] মোশি হারোণের ছেলেদেরও সামনে আনলেন এবং তাদের দক্ষিণ কর্ণের প্রান্তে, তাদের দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলিতে ও দক্ষিণ চরণের বড় অঙ্গুলিতে কিঞ্চিৎ রক্ত ঢেলে দিলেন। পরে তিনি বেদির উপরে চারপাশে রক্ত ছিটালেন।
[25] এরপরে তিনি মেদ, মেদযুক্ত লেজ, অন্ত্রবেষ্টিত সকল মেদ, যকৃতের আচ্ছাদন, দুটি বৃক্ক ও বৃক্কের মেদ দক্ষিণ জঙ্ঘা ছাড়িয়ে নিলেন।
[26] পরে সদাপ্রভুর সামনে রাখা খামিরবিহীন রুটির ঝুড়ি থেকে একটি রুটি, তৈলপক্ক একটি রুটি এবং একটি সরুচাকলি তিনি তুলে নিলেন, তিনি মেদের অংশে ও দক্ষিণ জঙ্ঘাতে এগুলি রাখলেন।
[27] হারোণ ও তার ছেলেদের হস্তে তিনি এগুলি দিলেন, এবং দোলনীয়-নৈবেদ্যরূপে সদাপ্রভুর সামনে এগুলি দোলালেন।
[28] এরপর তাদের হস্ত থেকে মোশি সেগুলি নিলেন এবং অভিষেক নৈবেদ্যরূপে হোমবলির উপরে বেদিতে সকল নৈবেদ্য দগ্ধ করলেন, যা সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত অগ্নিকৃত সৌরভার্থক সন্তোষজনক এক উপহার।
[29] তিনি বক্ষটিও নিলেন যা অভিষেক মেষ থেকে মোশির অংশ এবং দোলনীয় এক নৈবেদ্যরূপে সদাপ্রভুর সামনে সেটি দোলালেন যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
[30] পরে মোশি বেদি থেকে কিঞ্চিৎ অভিষিক্ত তৈল ও রক্ত নিলেন এবং হারোণ ও তার পরিধানে এবং তার সকল ছেলে ও তাদের পরিধানে ছিটালেন। এইভাবে হারোণ ও তার পরিধান, এবং তার সকল ছেলে ও তাদের পরিধান মোশি পবিত্র করলেন।
[31] পরে হারোণ ও তার ছেলেদের প্রতি মোশি বললেন, “সমাগম তাঁবুর প্রবেশদ্বারে তোমরা মাংস রান্না করো ও অভিষেক নৈবেদ্যগুলির ঝুড়ি থেকে রুটি নিয়ে মাংস দিয়ে ভোজন করো: ‘যেমন আমি বললাম, হারোণ ও তার সকল ছেলে সেরকমই করুক।’
[32] পরে অবশিষ্ট মাংস ও রুটি পুড়িয়ে দাও।
[33] সাতদিনের জন্য সমাগম তাঁবুর প্রবেশদ্বার ছেড়ে যেয়ো না, যতদিন না তোমাদের অভিষেকের দিনগুলি সম্পূর্ণ হয়, কেননা তোমাদের অভিষেক সাতদিন স্থায়ী হবে।
[34] সদাপ্রভুর আদেশানুসারে আদ্য সেই কাজ করা হল, যেন তোমাদের জন্য প্রায়শ্চিত্ত সাধিত হয়।
[35] সমাগম তাঁবুর প্রবেশদ্বারে দিবানিশি সাতদিন অবধি তোমরা অবশ্যই থেকো, এবং সদাপ্রভুর চাহিদা অনুযায়ী কাজ করো; তাহলে তোমরা মরবে না; কেননা আমাকে এই আদেশ করা হয়েছে।”
[36] সুতরাং মোশির মাধ্যমে সদাপ্রভুর আদেশ অনুযায়ী হারোণ ও তার ছেলেরা সকল কাজ করল।