[1] সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,
[2] “তোমরা ইস্রায়েলীদের বলো, ‘যখন কারোর দেহে অস্বাভাবিক ক্ষরণ থাকে, সেই ক্ষরণ অশুদ্ধ।
[3] তার দেহ থেকে ক্ষরণ অব্যাহত বা বদ্ধ থাকলে সেটি তাকে অশুচি করবে। এইভাবে তার ক্ষরণ অশুচিতা নিয়ে আসবে।
[4] “ ‘ক্ষরণযুক্ত কোনো ব্যক্তি শয্যায় শয়ন করলে সেই শয্যা অশুচি হবে এবং কেদারা বা যা কিছুর অগ্রে সে বসবে, সেই আধার অশুচি বিবেচিত হবে।
[5] যদি কেউ তার শয্যা স্পর্শ করে, তাকে তার পরিচ্ছদ অবশ্যই ধৌত করতে হবে এবং জলে স্নান করতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকবে।
[6] ক্ষরণযুক্ত মানুষটির বসা আসবাবের ওপরে যদি কেউ বসে, তাকে তার পরিচ্ছদ ধৌত করতেই হবে ও সে জলে স্নান করবে ও সন্ধ্যা পর্যন্ত তাকে অশুচি বলা হবে।
[7] “ ‘ক্ষরণযুক্ত মানুষকে যে কেউ স্পর্শ করবে, সে অবশ্যই তা পরিহিত বস্ত্র ধৌত ও জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।
[8] “ ‘ক্ষরণযুক্ত মানুষ যদি কারোর দেহে থুতু ফেলে, যে শুচি, সেই ব্যক্তি নিজ বস্ত্র ধৌত ও জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।
[9] “ ‘ক্ষরণযুক্ত মানুষটি যে কোনো যানে আরোহণ করে, সেই যান অশুচি হয়
[10] এবং তার বসার স্থানের নিচে রাখা কোনো বস্তু যদি কেউ স্পর্শ করে সন্ধ্যা পর্যন্ত সেই বস্তু অশুচি থাকবে। যে কেউ সেই বস্তুগুলি তুলে নেয়, তাকে অবশ্যই নিজ বস্ত্র ধৌত ও জলে স্নান করতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকবে।
[11] “ ‘ক্ষরণযুক্ত মানুষ তার হস্ত প্রক্ষালন বিনা যদি কাউকে স্পর্শ করে, সে নিজ পরিচ্ছেদ ধৌত ও জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত তাকে অশুচি বলা হবে।
[12] “ ‘ওই মানুষ দ্বারা স্পর্শ করা মাটির পাত্র অবশ্যই ভেঙে ফেলতে হবে ও কাঠের আসবাব জল দিয়ে ধুতে হবে।
[13] “ ‘ক্ষরণযুক্ত মানুষ যখন শুচি হয়, সে নিজ আনুষ্ঠানিক শুচিতার নিমিত্তে সাতদিন গণনা করবে। সে তার পরিচ্ছদ অবশ্যই ধৌত ও টাটকা জলে স্নান করবে, এভাবে সে শুদ্ধ হবে।
[14] অষ্টম দিনে সে দুটি ঘুঘু অথবা দুটি কপোতশাবক নেবে, সমাগম তাঁবুর প্রবেশদ্বারে সদাপ্রভুর সামনে আসবে এবং ঘুঘু অথবা কপোতশাবক যাজককে দেবে।
[15] একটি পাপার্থক বলি ও অন্যটি হোমবলিরূপে যাজক পাখিগুলি উৎসর্গ করবে। এইভাবে ক্ষরণযুক্ত মানুষের পক্ষে সদাপ্রভুর সাক্ষাতে যাজক প্রায়শ্চিত্ত করবে।
[16] “ ‘যদি কোনো পুরুষের শুক্রপাত হয়, তাহলে সে তার সমস্ত শরীর জলে ধৌত করবে এবং সন্ধ্যা পর্যন্ত সে অশুদ্ধ থাকবে।
[17] কোনো বস্ত্রে অথবা চর্মজাত দ্রব্যে শুক্র নির্গমিত হলে, জলে সেটি ধুতেই হবে ও সেই বস্তু সন্ধ্যা পর্যন্ত অশুদ্ধ থাকবে।
[18] যদি একটি নারীর সাথে কোনো পুরুষ শয়ন করে এবং শত্রু নির্গমন হয়, তাহলে উভয়ে জলে স্নাত হবে ও সন্ধ্যা পর্যন্ত তারা অশুদ্ধ বিবেচিত হবে।
[19] “ ‘যখন কোনো মহিলার নিয়মিত রক্তস্রাব হয়, ঋতুমতীর মাসিক সময়ের অশুদ্ধতা সাতদিন থাকবে এবং যে কেউ তাকে স্পর্শ করে, সন্ধ্যা পর্যন্ত সে অশুদ্ধ বিবেচিত হবে।
[20] “ ‘ঋতু থাকাকালীন যে কিছুর ওপরে সে শয়ন করবে, এবং বসবে সবকিছুই অশুচি হবে।
[21] তার শয্যা স্পর্শকারী যে কেউ নিজ পরিচ্ছদ ধৌত ও স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত সে অশুদ্ধ থাকবে।
[22] তার বসা আসবাব যে কেউ স্পর্শ করে, সে তার পরিচ্ছদ অবশ্যই ধৌত করবে ও নিজে স্নাত হবে এবং সন্ধ্যা পর্যন্ত সে অশুদ্ধ থাকবে।
[23] শয্যা অথবা তার বসা যে কোনো আসবাব যদি কেউ স্পর্শ করে, সে সন্ধ্যা পর্যন্ত অশুদ্ধ থাকবে।
[24] “ ‘যদি কোনো পুরুষ ওই রমণীর সঙ্গে শয়ন করে ও তার মাসিক রক্তস্রাবে ওই পুরুষের দেহে লাগে, তাহলে পুরুষটি সাতদিনের জন্যে অশুদ্ধ থাকবে ও তার শয়ন করা শয্যা অশুদ্ধ বিবেচিত হবে।
[25] “ ‘যদি কোনো মহিলার মাসিক কাল অপেক্ষা একবারে দীর্ঘদিন যাবৎ রক্তস্রাব হয়, অথবা তার রক্তস্রাব নিয়মিত সময় অতিক্রম করে, তাহলে তার মাসিক ঋতুস্রাবের দিনগুলির মতো অনিয়মিত দীর্ঘকাল পর্যন্ত সে অশুদ্ধ থাকবে।
[26] রক্তস্রাব চলাকালীন তার শায়িত শয্যা অশুদ্ধ হবে, যেমন তার মাসিক ঋতুগারের শয্যা অশুদ্ধ হবে, যেমন তার অশৌচকালের সময় তার শয্যা অশুদ্ধ হয় এবং তার বসা যে কোনো আসন তার অশৌচকালের মতো অশুদ্ধ হবে।
[27] সেগুলি স্পর্শকারী যে কেউ অশুদ্ধ হবে; সে নিজ পরিচ্ছদ অবশ্যই ধৌত করবে ও নিজে জলে স্নাত হবে এবং সন্ধ্যা পর্যন্ত তাকে অশুদ্ধ বলা হবে।
[28] “ ‘তার রক্তস্রাব থেকে যখন সে শুদ্ধ হয়, সে নিজের জন্য সাতদিন গণনা করবে এবং এরপরে আনুষ্ঠানিকভাবে যে শুদ্ধ হবে।
[29] অষ্টম দিনে দুটি ঘুঘু অথবা দুটি কপোতশাবক সে নেবে এবং সমাবেশ-তাঁবুর প্রবেশদ্বারে যাজকের হস্তে সেগুলি তুলে দেবে।
[30] একটি পাপার্থক বলি ও অন্যটি হোমবলিরূপে পাখিগুলিকে যাজক উৎসর্গ করবে। এভাবে মহিলাটির স্রাবের অশুচিতার জন্য সদাপ্রভুর সম্মুখে প্রায়শ্চিত্ত করবে।
[31] “ ‘তোমরা সমস্ত অশুচিতা থেকে ইস্রায়েলীদের পৃথক রাখবে, যেন আমার বাসস্থান অশুচি করার দ্বারা তাদের অশুচিতায় তাদের মৃত্যু না হয়, যা তাদের মধ্যবর্তী।’ ”
[32] পুরুষের যে কোনো ক্ষরণ, শুক্র নির্গমন হেতু যে কোনো পুরুষের অশুচিতা নিমিত্তে এসব নিয়ম-বিধি,
[33] কারণ কোনো রমণীর মাসিক রক্তস্রাবের জন্যে, কোনো পুরুষ অথবা মহিলার ক্ষরণের পক্ষে এবং কোনো মহিলার সঙ্গে শয়নকারী আনুষ্ঠানিকভাবে অশুচি পুরুষের নিমিত্তে নিয়মগুলি প্রযোজ্য।