Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:50

[1] হারোণের ছেলে নাদব ও অবীহূ তাদের ধূপাধার নিল, এবং এগুলি ধূপ দিয়ে অগ্নি সংযোগ করল ও সদাপ্রভুর সম্মুখে অসমর্থিত অগ্নি উৎসর্গ করল, যা তার আজ্ঞার পরিপন্থী।

[2] সুতরাং সদাপ্রভুর উপস্থিতি থেকে অগ্নি নির্গত হয়ে তাদের গ্রাস করল ও সদাপ্রভুর সম্মুখে তারা মারা গেল।

[3] পরে মোশি হারোণকে বললেন, সদাপ্রভু এমন কথাই বলেছিলেন যখন তিনি আমাকে বলেছিলেন: “ ‘যারা আমার নিকটবর্তী হয়, তাদের প্রতি আমি আমার পবিত্রতা দেখাব ও সকল মানুষের দৃষ্টিতে আমি সম্মানিত হব।’ ” হারোণ নীরব থাকলেন।

[4] হারোণের কাকা উষীয়েলের ছেলে মীশায়েল ও ইল্‌সাফনকে মোশি ডাকলেন ও তাদের বললেন, “তোমরা এখানে এসো; শিবিরের বাইরে তোমাদের জ্ঞাতিদের নিয়ে যাও, ধর্মধামের সামনে থেকে দূরে।”

[5] সুতরাং তারা এলো, জ্ঞাতিদের বহন করল ও তাদের পরিচ্ছদ জড়িয়ে শিবিরের বাইরে নিয়ে গেল, যেমন মোশি আদেশ দিয়েছিলেন।

[6] পরে হারোণ, তার ছেলে ইলীয়াসর ও ঈথামরকে মোশি বললেন, “তোমাদের মস্তক মুক্তকেশ কোরো না ও তোমাদের পরিধান ছিড়বে না, পাছে তোমরাও মারা যাও, এবং সমগ্র জনমণ্ডলীর উপরে সদাপ্রভুর ক্রোধ বর্ষিত হয়। কিন্তু তোমাদের পরিজন, ইস্রায়েলের সমগ্র সমাজ সদাপ্রভুর কৃত অগ্নিদ্বারা মৃতদের জন্য রোদন করুক।

[7] সমাগম তাঁবুর প্রবেশ-দ্বার ত্যাগ কোরো না, অন্যথায় তোমরা মরবে, কেননা তোমাদের গাত্রে সদাপ্রভুর অভিষেক তৈল আছে।” সুতরাং মোশি যেমন বললেন তারা তেমনই করল।

[8] পরে সদাপ্রভু হারোণকে বললেন,

[9] “সমাগম তাঁবুতে গমনকালে তোমরা দ্রাক্ষারস অথবা মদ্যপান করবে না, নইলে তোমরা মরবে। এটি বংশপরম্পরায় তোমাদের পালনীয় চিরস্থায়ী বিধি,

[10] যেন পবিত্র ও সাধারণের মধ্যে, শুচি ও অশুচির মধ্যে তুমি অবশ্যই পার্থক্য রাখবে

[11] এবং মোশির মাধ্যমে সদাপ্রভু সে সকল বিধি দিয়েছেন সেগুলি তুমি ইস্রায়েলীদের অবশ্যই শেখাবে।”

[12] মোশি হারোণকে ও তার দুই ছেলে ইলীয়াসর ও ঈথামরকে বললেন, “সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত অগ্নিকৃত উপহারের অবশিষ্ট যে শস্য-নৈবেদ্য আছে, তা নিয়ে বেদির পাশে খামিরবিহীন খাদ্য প্রস্তুত ও ভোজন করো, কেননা এটি অত্যন্ত পবিত্র।

[13] এক পবিত্রস্থানে এই খাদ্য ভোজন করো, কেননা এটি তোমার ও তোমার ছেলেদের অংশ যা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার; কেননা আমি এই আজ্ঞা পেয়েছি।

[14] কিন্তু তুমি, তোমার সকল ছেলে ও কন্যা বক্ষ ভোজন করবে, যা দোলানো হল এবং জঙ্ঘা যা সম্মুখে রাখা হল; আনুষ্ঠানিকভাবে শুচি স্থানে তোমরা এই খাদ্য ভোজন করবে; ইস্রায়েলী মঙ্গলার্থক বলি থেকে তোমাদের অংশরূপে এই ভক্ষ্য তোমাকে ও তোমার সন্তানদের দেওয়া হয়েছে।

[15] নিবেদিত জঙ্ঘা ও দোলায়িত বক্ষ অগ্নিকৃত উপহারের মেদযুক্ত অংশগুলির সঙ্গে অবশ্যই আনতে হবে, যেন দোদুল্যমান উপহার রূপে সদাপ্রভুর সম্মুখে সেগুলি দোলানো হয়। এগুলি তোমার ও তোমার সন্তানদের নিয়মিত অংশ হবে, যেমন সদাপ্রভু আদেশ দিয়েছেন।”

[16] যখন মোশি পাপার্থক বলির জন্য ছাগ অন্বেষণ করলেন, তিনি জানতে পারলেন যে হারোণের অবশিষ্ট দুই ছেলে ইলীয়াসর ও ঈথামর ছাগ দগ্ধ করেছে, মোশি ক্রুদ্ধ হয়ে জানতে চাইলেন,

[17] “পবিত্রস্থানের এলাকায় তোমরা পাপার্থক বলি ভোজন করলে না কেন? এটি অত্যন্ত পবিত্র এবং জনমণ্ডলীর অপরাধ বহনার্থে সদাপ্রভুর সম্মুখে প্রায়শ্চিত্ত করণার্থে তিনি এটি তোমাদের দিয়েছেন।

[18] যেহেতু এর রক্ত পবিত্রস্থানে আনা হয়নি, তাই আমার আজ্ঞানুসারে পবিত্রস্থানের এলাকায় তোমাদের এই ছাগ ভোজন করা উচিত ছিল।”

[19] হারোণ মোশিকে উত্তর দিল, “অদ্য সদাপ্রভুর সম্মুখে তারা তাদের পাপার্থক বলি ও হোমবলি উৎসর্গ করল, কিন্তু এই প্রকার ঘটনা আমার প্রতি ঘটল। সদাপ্রভু কি সন্তুষ্ট হতেন, যদি আজ আমি পাপার্থক বলি ভোজন করতাম?”

[20] এই কথা শুনে মোশি সন্তুষ্ট হলেন।

লেবীয় পুস্তক — Chapters