[1] হে সদাপ্রভুু, আমার পরিত্রানের ঈশ্বর, আমি দিন ও রাত তোমার সামনে আর্তনাদ করি।
[2] আমার প্রার্থনা শোন; আমার কাকুক্তির প্রতি মনোযোগ দাও।
[3] কারণ আমার প্রাণ দুঃখে পরিপূর্ণ এবং আমার জীবন পাতালের নিকটবর্ত্তী।
[4] লোকেরা আমার সঙ্গে সেই রকম ব্যবহার করে যেমন গর্তগামীদের সঙ্গে করে, আমি অসহায় লোকের মত হয়েছি।
[5] আমি মৃতদের মধ্যে পরিত্যক্ত, আমি কবরশায়ী মৃতদের মত, যাদের বিষয়ে তুমি আর চিন্তা করো না; কারণ তারা তোমার শক্তি থেকে বিচ্ছিন্ন হয়েছে।
[6] তুমি আমাকে গর্তের নিম্নতম স্থানে রেখেছ, অন্ধকার ও গভীর স্থানে রেখেছে।
[7] তোমার ক্রোধ আমার উপরে প্রচণ্ড এবং তুমি তোমার সমস্ত ঢেউ দিয়ে আমাকে কষ্ট দিয়েছ।
[8] তোমার জন্যই আমার আত্মীয়েরা আমাকে অবহেলা করে, তাদের দৃষ্টিতে আমাকে আশ্চর্য্যের বিষয় করেছ; আমি অবরুদ্ধ, আমি মুক্ত হতে পারি না।
[9] আমার চোখ দুঃখে নিস্তেজ হয়েছে, আমি সারাদিন ধরে তোমাকে ডাকি, হে সদাপ্রভুু, আমি তোমার দিকে হাত প্রসারিত করি।
[10] তুমি কি মৃতদের জন্য আশ্চর্য্য কাজ করবে? যারা মারা গিয়েছে তারা কি উঠে তোমার প্রশংসা করবে? সেলা৷
[11] কবরের মধ্যে কি তোমার নিয়মের বিশ্বস্ততা এবং মৃতদের স্থানে তোমার বিশ্বস্ততা প্রচার করা হবে?
[12] অন্ধকারে তোমার আশ্চর্য্য কাজ ও বিস্মৃতির দেশে তোমার ধার্ম্মিকতা কি জানা যাবে?
[13] কিন্তু, হে সদাপ্রভুু, আমি তোমার কাছে আর্তনাদ করি, সকালে আমার প্রার্থনা তোমার সামনে উপস্থিত হয়।
[14] হে সদাপ্রভুু, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ? আমার কাছ থেকে কেন তোমার মুখ লুকিয়ে রাখো?
[15] আমি যৌবনকাল থেকেই দুঃখী ও মৃত্যুর মুখে পতিত হয়েছি; আমি তোমার ত্রাসে খুবই কষ্ট পেয়েছি।
[16] তোমার প্রচণ্ড ক্রোধ আমার উপর দিয়ে গিয়েছে এবং তোমার ভয়ঙ্কর কাজগুলি আমাকে ধ্বংস করেছে।
[17] তারা সমস্ত দিন আমাকে জলের মত ঘিরেছে; তারা সবাই আমাকে ঘিরে ধরেছে।
[18] তুমি আমার কাছে থেকে প্রত্যেক বন্ধুকে ও আত্মীয়দের দূর করেছ; অন্ধকারই আমার আত্মীয়।