Skip to content
Opens in a new window
Listen to this chapter • 12:11

[1] উদ্যার ইদ আর ইষ্টছারা রুটির ইদর তহন হ্যালি আর দুইদিন বাকি। মেইন ইমামঅক্যল আর আলেমঅক্যলে গোফনত ইসারে ধরিয়েনে মারি ফেলিবার সুযোগ টোয়াইতো আছিল্।

[2] য়িতারা হইল্, “ইদর সমত নঅঅ; মানুষঅক্যলর মইধ্যে গোলমাল অইত্ ফারে।”

[3] ইসা তহন বেথানিয়াত চামরা বেরাইম্যা শিমোনর বাড়িত আছিল্। তেঁই যহন হ্যাইতো আছিল্ তহন একজন মাইয়্যাফোয়া উগ্যুয়া সাদা ফাত্যোরর বোতলত গরিয়েনে বউত দামি আর হ্যাঁটি আঁতর আনিল্। বোতল্যুয়া ভাঁগিয়েনে য়িবা ইসার মাথাত য়েই আঁতর ঢালি দিল্।

[4] য়েডে যারা আজির আছিল্ য়িতারার মইধ্যে হয়েকজন বিরক্ত অইয়েনে একজন অইন্যজনরে হইতো লাগিল্, “এইল্যা গরিয়েনে আঁতর নষ্ট গরা অইল্ কিঅর লাই?

[5] এগিন বেচিলে তঅ তিনশ দিনাররঅ বেশি অইতো আর য়েগিন গরিবঅক্যলরে দেয়া যাইতো।” এই হতা হইয়েনে য়িতারা মাইয়্যাফোয়াউয়ারে গালাগালি গইত্যো লাগিল্।

[6] তহন ইসা হইল্, “থাম, তোঁয়ারা কিঅর লাই য়িবারে দুক্য দিতা লাইগ্যো? য়িবা তঅ আঁর লাই ভালা হামই গইজ্যে।

[7] গরিবঅক্যল অক্যল সমত তোঁয়ারার মাঝে আছে, আর যহন ইছ্যা তহনই তোঁয়ারা য়িতারারে সাইয্য গরিত্ ফার, কিন্তু আঁরে তোঁয়ারা অক্যল সমত ফাইতা নঅ।

[8] য়িবা যেগিন ফাইজ্যে য়েগিন গইজ্যে। আঁরে হব্যরর লাই তৈয়ার গরিবার লাই য়িবা আগদিই আঁর গাআর উঅর আঁতর ঢালি দিয়্যে।

[9] আঁই তোঁয়ারারে আঁসাই হইর, দুনিয়ার যে হনঅ জাগাত আল্লাহ্‌র দেয়া সুহ্যবর তবলিগ গরা অইবো, য়েডে এই মাইয়্যাফোয়াউয়ার হতা মনত গরাই দিবার লাই য়িবার এই হামর হতাঅ হোয়া অইবো।”

[10] ইয়ার ফর এহুদা ইষ্কারিয়োত নামর য়েই বারজন উম্যতর মইধ্যে একজন ইসারে ধরাই দিবার লাই মেইন ইমামঅক্যলর হাছে গেল্।

[11] ইমামঅক্যলে এহুদার হতা উনিয়েনে খুশি অইল্ আর য়িবারে টিঁয়া দিবো বুলি হতা দিল্। তহন এহুদা ইসারে ধরাই দিবার লাই সুযোগ টোয়াইতো লাগিল্।

[12] ইষ্টছারা রুটির ইদর ফইল্যা দিনত উদ্যার ইদর হ্যানার লাই ভেরার বাইচ্যা জবাই গরা অইতো। য়িয়ানর লাই উম্যতঅক্যলে ইসারে ফুছার গরিল্, “অনর লাই উদ্যার ইদর হ্যানা হডে যাইয়েনে আঁরারে রেডি গইত্যো হঅন?”

[13] তহন ইসা তেঁইর দুইজন উম্যতরে এই হইয়েনে ফাটাই দিল্, “তোঁয়ারা শঅরত যঅ। য়েডে এন্ একজন মরতফোয়ার দেহ্যা ফাইবা, যিবা উগ্যুয়া ঠিল্যাত গরিয়েনে ফানি লই যাআর। তোঁয়ারা য়িবার ফিছদি ফিছদি যাইয়্যো।

[14] য়িবা যে বাড়িত ঢুকিবো য়েই বাড়ির মালিকরে হইয়্যো, ‘ওস্তাদ হইয়্যে, উম্যতঅক্যলর লগে যেডে আঁই উদ্যার-ইদর হ্যানা হ্যাইত্ ফারি আঁর য়েই মেঅমানহ্যানাগান হডে?’

[15] ইয়ানত য়িবা তোঁয়ারারে উঅররতালার উগ্যুয়া সাজাইন্যা ডঁর ঘর দেহ্যাই দিবো। বেক কিছু য়েডেই রেডি গইজ্যো।”

[16] তহন উম্যতঅক্যলে যাইয়েনে শঅরত ঢুকিল্, আর ইসা যেইল্যা হইয়্যেল্ বেক কিছু য়েইল্যাই দেকিত্ ফাইল্ আর উদ্যার ইদর হ্যানা রেডি গরিল্।

[17] আঁজুইন্যা অইলে ফর ইসা য়েই বারজনরে নিয়েনে য়েডে গেল্।

[18] য়িতারা যহন বইয়েনে হ্যাইতো আছিল্ তহন ইসা হইল্, “আঁই তোঁয়ারারে আঁসাই হইর, তোঁয়ারার মইধ্যে একজন আঁরে ধরাই দিবো, আর য়িবা আঁর লগে হ্যাআর।”

[19] উম্যতঅক্যলে দুক্যিত অইল্ আর একজনর ফর আরেকজন হইতো লাগিল্, “য়িবা কি আঁই, উজুর?”

[20] ইসা য়িতারারে হইল্, “য়িবা এই বারজনর মইধ্যে একজন, যিবা আঁর লগে ফেঁলার মইধ্যে রুটি ডুফার।

[21] ইব্‌নে আদমর মিত্যুর বিষয়ে ফাক্ কিতাবত যেগিন লেহ্যা আছে তেঁই য়েন্ গরিয়েনেই মরি যাইবো ঠিগ, কিন্তু আয় হায় য়েই মানুষ, যিবা তেঁইরে ধরাই দেএ! য়েই মানুষর জন্ম নঅ অইলেই বরং য়িবার ফক্যে ভালা অইতো।”

[22] হ্যানা-দানা চলের এন্ সমত ইসা রুটি নিয়েনে আল্লাহ্‌রে শুকরিয়া জানাইল্ আর য়িয়ান টুঁরা টুঁরা গরি উম্যতঅক্যলর আতত দিয়েনে হইল্, “এই লঅ, ইয়ান আঁর শরিল।”

[23] তার ফর তেঁই ফেঁলা নিয়েনে আল্লাহ্‌রে শুকরিয়া জানাইল্ আর উম্যতঅক্যলরে দিল্। য়িতারা বেক্যিনে য়েই ফেঁলার ত্যুন হ্যাইল্।

[24] তহন ইসা য়িতারারে হইল্, “এগিন আঁর রক্ত যেগিন বউতকেউঅর লাই দেয়া অইবো। মানুষর লাই আল্লাহ্‌র নয়া বেবস্তা আঁর এই রক্ত দিয়েনেই বআল গরা অইবো।

[25] তোঁয়ারারে আঁসা হইর, যেতদিন আঁই আল্লাহ্‌র রাইজ্যত আংগুর ফলর রস আবার নয়া গরিয়েনে নঅ হ্যাই য়েতদিন ফইয্যন্ত আর আঁই য়েগিন হ্যাইতাম নঅ।”

[26] ইয়ার ফরদি য়িতারা উগ্যুয়া হাউয়ালি গাইয়েনে বাইর অই জৈতুন ফাআরত গেল্।

[27] ইসা তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “আঁরে লইয়েনে তোঁয়ারা বেক্যিনর মনত বাধা আইবো। ফাক্ কিতাবত লেহ্যা আছে, ‘আঁই ভেরাচরাইন্যারে মারি ফেইল্যোম, য়িয়ানত ভেরাগিন ছরাই ছিঁডাই ফরিবো।’

[28] কিন্তু আঁরে মরার ত্যুন জিন্দা গরা অইলে ফর আঁই তোঁয়ারার আগদিই গালিলত যাইয়্যোম।”

[29] তহন ফিতর হইল্, “বেক্যিনর মনত বাধা আইলেঅ আঁর মনত বাধা আইস্‌তো নঅ।”

[30] ইসা য়িবারে হইল্, “আঁই তোঁয়ারে আঁসাই হইর, আজিয়া ফজর রাইতত মোরগ দুই বার ডাকিবার আগদিই তুঁই তিনবার হইবা দে, তুঁই আঁরে নঅ চিন।”

[31] কিন্তু ফিতর আরো জোর দিয়েনে হইল্, “যুদি আঁর ত্যুন অনর লগে মরনঅ ফরে তঅঅ আঁই হনঅ দিনঅ নঅ হইয়্যোম দে, আঁই অনরে নঅ চিনি।” উম্যতঅক্যলে বেক্যিনে য়েই একই হতা হইল্।

[32] ইয়ার ফরদি ইসা আর তেঁইর উম্যতঅক্যলে গেত্‌শিমানি নামর উগ্যুয়া জাগাত গেল্। য়েডে ইসা তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “আঁই যেতক্যন মুনাজাত গরি য়েতক্যন তোঁয়ারা এডে বই থাক।”

[33] এই হতা হইয়েনে তেঁই ফিতর, ইয়াকুব আর ইউহোন্যারে নিজর লগে নিল্ ও মনত বউত দুক্য আর হষ্ট ফাইতো লাগিল্।

[34] তেঁই য়িতারারে হইল্, “দুক্যে যেন্ আঁর ফরান বাইর অই যাআর। তোঁয়ারা এডে অঅজাগ থাক।”

[35] তার ফরদি তেঁই এক্যানা দুরে যাইয়েনে মেডিত উইত অই ফরিয়েনে মুনাজাত গরিল্ যেন্ সম্ভব অইলে এই দুক্যর সময়গান তেঁইর হাছর ত্যুন দুর অঅ।

[36] তেঁই হইল্, “বাবা, বাবা, তোঁয়ার হাছে তঅ বেক কিছুই সম্ভব। এই দুক্যর ফেঁলা আঁর হাছর ত্যুন তুঁই লই যঅ। তঅঅ আঁর ইছ্যা মতন নঅ অক, কিন্তু তোঁয়ার ইছ্যামতন অক।”

[37] ইয়ার ফরদি তেঁই উম্যতঅক্যলর হাছে ফিরি আইয়েনে দেকিল্ য়িতারা ঘুম যাই ফইজ্যে। তেঁই ফিতররে হইল্, “শিমোন, তুঁই ঘুম যাইতা লাইগ্যো না? এক ঘন্টাঅ কি অঅজাগ থাকিত নঅ ফার না?

[38] অঅজাগ থাক আর মুনাজাত গর যেন্ ফরিক্যাত নঅ ফর। দিলর ইছ্যা আছে আঁসা, কিন্তু শরিল দুবর্ল।”

[39] ফরদি ইসা আবার যাইয়েনে য়েই একই মুনাজাত গরিল্।

[40] ফিরি আইয়েনে তেঁই দেকিল্ আবার য়িতারা ঘুম যাই ফইজ্যে, হারন ঘুমে য়িতারার চোগ ভারি অই গেইয়্যেল্। উম্যতঅক্যলে ইসারে কি জোয়াব দিবো নঅ বুঝিল্।

[41] তিন বারর বার ফিরি আইয়েনে তেঁই য়িতারারে হইল্, “এহনঅ তোঁয়ারা ঘুম যাইতা লাইগ্যো আর জিরাইতা লাইগ্যো না? বউত অইয়্যে। সময় আই ফইজ্যে। চঅ, ইব্‌নে আদমরে এহন গুনাহ্‌গারঅক্যলর আতত ধরাই দেয়া অঅর।

[42] উঢ, চল আঁরা যাই। যিবা আঁরে শত্রুঅক্যলর আতত ধরাই দিবো য়িবা আই ফইজ্যে।”

[43] ইসা তহনঅ হতা হঅর, এন্ সমত এহুদা য়েডে আইল্। য়িবা য়েই বারজন উম্যতর মইধ্যে একজন আছিল্। য়িবার লগে বউত মানুষ ছুরি আর লাঢি লই আইল্। মেইন ইমামঅক্যল, আলেমঅক্যল আর বুরা নেতাঅক্যলে এই মানুষঅক্যলরে ফাটাইয়্যেল্।

[44] ইসারে যিবা ধরাই দিয়্যেল্ য়িবা য়েই মানুষঅক্যলর লগে উগ্যুয়া চিন্য ঠিগ গইজ্যেল্। য়িবা হইয়্যেল্, “যিবারে আঁই চুম দিয়োম, য়িবাই য়েই মানুষ। তোঁয়ারা য়িবারেই ধইজ্যো আর ফাআরা দিয়েনে লই যাইয়্যো।”

[45] য়িয়ানর লাই এহুদা সুজা ইসার হাছে যাইয়েনে হইল্, “উজুর!” এই হতা হইয়েনেই য়িবা তেঁইরে চুম দিল্।

[46] তহন য়েই মানুষঅক্যলে ইসারে ধরিল্।

[47] যারা ইসার হাছে থিয়াই আছিল্ য়িতারার মইধ্যে একজন য়িবার ছুরি বাইর গরিল্ আর মআ-ইমামর গোলামরে আঘাত গরিয়েনে য়িবার উগ্যুয়া হান হাডি ফেলিল্।

[48] ইসা য়েই মানুষঅক্যলরে হইল্, “আঁই কি ডাহাইত দে, অনরা ছুরি আর লাঢি নিয়েনে আঁরে ধইত্যা আইস্যোন?

[49] আঁই তঅ ফত্যিদিনই অনরার মইধ্যে থাকিয়েনে বায়তুল মোকাদ্যসত শিক্যা দিতাম, কিন্তু তহন তঅ অনরা আঁরে নঅঅ ধরন। অবইশ্য কিতাবর হতা ফুরন অঅন ফরিবো।”

[50] য়েই সমত উম্যতঅক্যলে বেক্যিনে তেঁইরে ছারিয়েনে ধাই গেল্।

[51] একজন জোয়ান ফোয়া হ্যালি উগ্যুয়া চাদ্যর ফিঁদিয়েনে ইসার ফিছদি ফিছদি যাইতো আছিল্।

[52] মানুষঅক্যলে যহন তেঁইরে ধরিল্ তহন য়িবা চাদ্যরগান ছারি দিয়েনে ল্যাংটা অবস্তাত ধাই গেল্।

[53] য়েই মানুষঅক্যলে ইসারে নিয়েনে মআ-ইমামর হাছে গেল্। য়েডে মেইন ইমামঅক্যল, বুরা নেতাঅক্যল আর আলেমঅক্যল একলগে জমায়েত অইল্।

[54] ফিতর দুরে দুরে থাকিয়েনে ইসার ফিছদি যাইতে যাইতে মআ-ইমামর উঢানত যাইয়েনে ঢুকিল্। য়েডে রক্যিঅক্যলর লগে বইয়েনে তেঁই আগুন ফোয়াইতো লাগিল্।

[55] মেইন ইমামঅক্যল আর ডঁর মিটিংগর বেক মানুষঅক্যলে ইসারে মারি ফেলিবার লাই তেঁই বিরুদ্যে সাক্যির তালাইশ গইত্যো আছিল্, কিন্তু হনঅ সাক্যিই য়িতারা নঅ ফাইল্।

[56] ইসার বিরুদ্যে বউত কেউই মিছা সাক্যি দিয়্যেল্ কিন্তু য়িতারার সাক্যি নঅ মিলিল্।

[57] তহন হয়েকজন উঢিয়েনে তেঁইর বিরুদ্যে এই মিছা সাক্যি দিল্,

[58] “আঁরা য়িবারে হইতো উন্যি, ‘মানুষর বানাইন্যা এই এবাদতহ্যানা আঁই ভাঁগি ফেইল্যোম আর তিন দিনর মইধ্যে এন্ এক্যান এবাদতহ্যানা বানাইয়্যোম যিয়ান মানুষর বানাইন্যা নঅ।’”

[59] কিন্তু তঅঅ য়িতারার সাক্যি নঅ মিলিল্।

[60] তহন মআ-ইমাম বেক্যিনর সাম্‌নদি থিয়াইয়েনে ইসারে ফুছার গরিল্, “তুঁই কি হনঅ জোয়াবই নঅ দিবা না? তোঁয়ার বিরুদ্যে এই মানুষঅক্যলে এগিন কি সাক্যি দেএর?”

[61] ইসা কিন্তু জোয়াব নঅ দিয়েনে চুব গরিই রইল্। মআ-ইমাম আবার তেঁইরে ফুছার গরিল্, “তুঁই কি গোরব ফাইবার যৈগ্য আল্লাহ্‌র ফোয়া মসিহ্ না?”

[62] ইসা হইল্, “আঁইই য়িবা। অনরা সর্বশক্তিমান আল্লাহ্‌র ডাইন মিক্যাদি ইব্‌নে আদমরে বই থাইক্‌তো দেকিবান আর আসমানর মেউলার লগে আইস্‌তো দেকিবান।”

[63] ইয়ানত মআ-ইমাম তেঁইর হঅর ছিরিয়েনে হইল্, “আর সাক্যির আঁরার ত্যুন কি দরহার?

[64] অনরা তঅ উনিলানই দে, য়িবা কুফরি গরিল্। অনরা কি মনে গরন?” য়িতারা বেক্যিনে ইসারে মরনর শাস্তি ফাইবার উফযুক্ত বুলি ইস্তির গরিল্।

[65] তহন হয়েকজন তেঁইর গাআত সেফ দিল্ আর তেঁইর মুক ঝাফাইয়েনে তেঁইরে ঘুষি মারি হইল্, “তুই নবি নঅ না? কিছু হঅ চাই!” তার ফর রক্যিঅক্যলে তেঁইরে লই যাইয়েনে চোয়ার মাইত্যো লাগিল্।

[66] ফিতর যহন নিচদি উঢানত আছিল্ তহন মআ-ইমামর একজন সঅরমাইয়্যা য়েডে আইল্।

[67] য়িবা ফিতররে আগুন ফোয়াইতো দেকিল্ আর ভালা গরিয়েনে তেঁইর মিক্যাদি চাইয়েনে হইল্, “অনেঅ তঅ য়েই নাসরতর ইসার লগে আছিলান।”

[68] ফিতর কিন্তু অসিকার গরিয়েনে হইল্, “তুঁই কি হইতা লাইগ্যো য়িয়ান আঁই নঅ জানি, নঅ বুঝি।” এই বুলি ফিতর বাইরর দরজার হাছে গেল্, আর তহনই উগ্যুয়া মোরগ ডাকি উঢিল্।

[69] সঅরমাইয়্যাউয়া ফিতররে য়েডে দেকিয়েনে যারা য়েডে থিয়াই আছিল্ য়িতারারে আবার হইল্, “এই মানুষ্যুয়া য়িতারার একজন।”

[70] ফিতর আবার অসিকার গরিল্। যারা হাছে থিযাই আছিল্ য়িতারাঅ কিছুক্যন ফর ফিতররে হইল্, “নিচ্যয়ই তুঁই য়িতারার একজন, হারন তুঁই তঅ গালিলর মানুষ।”

[71] ফিতর তহন নিজরে বদ্‌দোয়া দিল্ আর সোঅন হ্যাইয়েনে হইল্, “তোঁয়ারা যিবার সমন্দে হইতা লাইগ্যো য়িবারে আঁই নঅ চিনি।”

[72] আর তহনই দিতিয়বার মোরগ ডাকি উঢিল্। ইসা দে হইয়্যেল্, “মোরগ দুই বার ডাকিবার আগদিই তুঁই তিনবার হইবা দে, তুঁই আঁরে নঅ চিন,” য়েই হতা তহন ফিতরর মনত ফরিল্। য়িয়ানত তেঁই হাঁইন্‌তে হাঁইন্‌তে ভাঁগি ফরিল্।

দিতিয় লম্বর সিফারা: মার্ক — Chapters